একটি নতুন বাড়ি সাজানোর কথা চিন্তা করলে আমাদের মাথায় প্রথমেই চলে আসে উচ্চমানের নির্মাণ সামগ্রী কিংবা নান্দনিক নকশার আসবাবপত্রের কথা। তবে দৈনন্দিন জীবনযাপনের জন্য প্রতিটি বাড়িতে সবচেয়ে অপরিহার্য অনুষঙ্গ হলো বৈদ্যুতিক সরঞ্জাম, হোম অ্যাপ্লায়েন্স কিংবা পানির পাম্প। সাধারণত এসব পণ্য নির্বাচনের ক্ষেত্রে আমরা যতটা সতর্ক থাকি, ততটা গুরুত্ব অনেক সময় দেওয়া হয় না। অথচ জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা অনেকাংশেই এই পণ্যগুলোর গুণগত মানের ওপর নির্ভরশীল। ঠিক এই বাস্তবতাকে সামনে রেখেই ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল, পাম্প ও হার্ডওয়্যার খাতে গুণগত মান নিশ্চিত করে গ্রাহকের আস্থা অর্জনে কাজ করছে আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেড। প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ‘ইনোভার’ আধুনিক নকশা, উন্নত প্রযুক্তি, কার্যকারিতা এবং নির্ভরযোগ্যতার সমন্বয়ে তাদের পণ্যগুলো বাজারজাত করছে। বিশেষ করে গ্রাহকের পরিবর্তিত চাহিদা ও আধুনিক জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে পণ্যের বৈচিত্র্য বৃদ্ধিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।
আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেড জানিয়েছে, ‘ডিজাইনড ফর নাউ’ স্লোগানের আওতায় ২০২৫ সালের ৮ নভেম্বর ইনোভার ব্র্যান্ডটি আনুষ্ঠানিকভাবে তার যাত্রা শুরু করে। শুরুর দিকে প্রতিষ্ঠানটি মূলত এলইডি লাইটিং ও বৈদ্যুতিক পণ্য নিয়ে বাজারে প্রবেশ করলেও প্রথম বছরের মধ্যেই তারা হোম অ্যাপ্লায়েন্স, পাম্প এবং টুলসসহ বিভিন্ন ক্যাটাগরিতে তাদের পণ্যের পরিসর বিস্তৃত করে। বর্তমানে ইনোভারের সংগ্রহে ৪০০–এর বেশি পণ্যের সম্ভার রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতাদের কাছে এই পণ্যগুলো পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম আরও সম্প্রসারিত করেছে। এই লক্ষ্য অর্জনে সারা দেশে ৭০০ পরিবেশক ও সরবরাহকারী ব্যবসায়ীর একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। বর্তমান সময়ের মানুষের প্রয়োজন ও জীবনযাত্রার উপযোগী করে প্রতিটি পণ্যের নকশা করা হচ্ছে। মূলত জ্বালানি সাশ্রয়, উদ্ভাবন এবং আস্থাকে প্রাধান্য দিয়ে ইনোভার তাদের পণ্যের সম্ভার সাজিয়েছে।
প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ইলেকট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্সের মতো অত্যন্ত প্রতিযোগিতামূলক বাজারে একটি নতুন ব্র্যান্ড হিসেবে যাত্রা শুরুর অল্প সময়ের মধ্যেই তারা ক্রেতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন। পণ্যের ক্রমবর্ধমান চাহিদার কারণে তারা এখন ব্যবসার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা করছেন। একই সঙ্গে পণ্যের সাশ্রয়ী দাম, দীর্ঘস্থায়িত্ব, নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী ব্যবহারের বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। পণ্যের বৈচিত্র্যের পাশাপাশি মানের ধারাবাহিকতা বজায় রাখা এবং ক্রেতাদের পূর্ণ আস্থা অর্জনই এখন এই ব্র্যান্ডের মূল লক্ষ্য।
আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা মো. সাজ্জাদুল ইসলাম এ বিষয়ে মুক্তকণ্ঠকে বলেন, ‘আকিজ রিসোর্সের লিগ্যাসি ইনোভার এক বছরে বাজারে ভালো অবস্থান তৈরিতে বড় অবদান রেখেছে। তবে ইনোভার ব্র্যান্ডের পণ্যের গুণগত মান, আধুনিক নকশা আর এর নতুন নতুন প্রযুক্তিগত সুবিধা ক্রেতাদের আস্থা অর্জন করেছে। এসব বৈশিষ্ট্য প্রতিনিয়ত আমাদের পণ্যকে বাজারের সবার চেয়ে আলাদা করে চলেছে। তা ছাড়া আমরা দক্ষ জনবল দিয়ে সেরা মানের পণ্য উৎপাদন করে বাজারজাতকরণ নিশ্চিত করছি।’
মানুষের জীবনযাত্রা ও ব্যক্তিগত পছন্দকে প্রাধান্য দিয়ে পণ্য তৈরির কথা উল্লেখ করে সাজ্জাদুল ইসলাম আরও বলেন, ‘আমরা পণ্যের নকশা, ব্যবহারিক সুবিধা এবং গ্রাহকের অভিজ্ঞতার মধ্যে সমন্বয় ঘটাতে চাই। পাশাপাশি গ্রাহকের চাহিদা বোঝা, বাজারের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলা এবং পণ্য সম্পর্কে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছি। আমাদের লক্ষ্য হলো, ইনোভারকে এমন একটি ব্র্যান্ড হিসেবে গড়ে তোলা, যার পণ্য গ্রাহকের দৈনন্দিন জীবনে কার্যকর ভূমিকা রাখবে।’
বৈদ্যুতিক ও প্রকৌশল পণ্যের বাজারে খুব অল্প সময়েই সুনাম অর্জন করেছে এই ব্র্যান্ডটি। পণ্যের নকশা ও প্রচারের পাশাপাশি উৎপাদন প্রক্রিয়া, মান নিয়ন্ত্রণ এবং কার্যকারিতা যাচাইয়ের সুনির্দিষ্ট ব্যবস্থা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটির অত্যাধুনিক কারখানা। নারায়ণগঞ্জে অবস্থিত প্রায় দুই লাখ বর্গফুটের এই কারখানায় পণ্য উৎপাদনে ব্যবহৃত হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তি। এখানে রোবোটিক আর্ম এবং প্যাকেজিংয়ের ক্ষেত্রে সম্পূর্ণ স্বয়ংক্রিয় বা অটোমেটেড প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। কারখানার প্রতিটি মেশিনই সপ্তম প্রজন্মের প্রযুক্তিসম্পন্ন। এছাড়া দেশে লো–ভোল্টেজ বৈদ্যুতিক উৎপাদন শিল্পে সিএফএস (সেন্ট্রাল ফিডিং সিস্টেম) প্রযুক্তি ব্যবহার করছে প্রতিষ্ঠানটি। এর ফলে উৎপাদন প্রক্রিয়ায় অপচয় কমছে, মানুষের সরাসরি হস্তক্ষেপের প্রয়োজন হ্রাস পাচ্ছে এবং উৎপাদনে নির্ভুলতা ও গুণগত মান নিশ্চিত করা সহজ হয়েছে।
এই প্রসঙ্গে সাজ্জাদুল ইসলাম বলেন, ‘আমাদের কারখানা থেকে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে। এখানে বিভিন্ন উৎপাদন লাইনের পাশাপাশি মিনিয়েচার সার্কিট ব্রেকার (এমসিবি) তৈরির জন্য কাঁচামাল থেকে শুরু করে চূড়ান্ত সংযোজন পর্যন্ত স্বয়ংক্রিয় উৎপাদনব্যবস্থা রয়েছে। বৈদ্যুতিক সরঞ্জামের ক্ষেত্রে মান নিয়ন্ত্রণের বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, এসব পণ্যের কার্যকারিতা ও নিরাপত্তা সরাসরি ব্যবহারকারীর দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত। এই কারখানার মান নিয়ন্ত্রণের ব্যবস্থা পণ্যের ত্রুটি শনাক্ত করা, মানের সামঞ্জস্য বজায় রাখা এবং ক্রেতার আস্থা তৈরিতে বড় ভূমিকা রাখছে।’
যাত্রা শুরুর প্রথম বছরেই ইনোভার চারটি প্রধান ক্যাটাগরিতে তাদের ব্যবসা সম্প্রসারিত করেছে, যা একটি বাড়ির প্রায় সব বৈদ্যুতিক ও হার্ডওয়্যার চাহিদা মেটাতে সক্ষম।
বৈদ্যুতিক: বাড়ি বা অফিসের জন্য এলইডি লাইট, আকর্ষণীয় নকশার সুইচ, সকেট ও নিরাপত্তার জন্য ডিস্ট্রিবিউশন বক্স।
গৃহস্থালির সামগ্রী: আধুনিক রান্নাঘরের জন্য রাইস কুকার, গ্যাস স্টোভ, ইনফ্রারেড কুকার, ইলেকট্রিক কেটলি এবং দৈনন্দিন কাজের জন্য ড্রাই ও স্টিম আয়রন ও গিজার।
পাম্প: আবাসিক ও কৃষি ব্যবহারের জন্য সারফেস, সাবমারসিবল ও সেন্ট্রিফিউগাল পানির পাম্প।
টুলস: দৈনন্দিন মেরামতের জন্য স্ক্রু ড্রাইভার, প্লায়ার্স, হ্যামার, রেঞ্চ এবং পেশাদার কাজের জন্য অ্যাঙ্গেল গ্রাইন্ডার, এয়ার ব্লোয়ার, ড্রিল মেশিন ও বিভিন্ন কাটিং গ্রাইন্ডিং ডিস্ক।
ভবিষ্যতে এই পণ্যের সম্ভার আরও বড় করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। ইতিমধ্যে ফ্যান, কেব্লস এবং আইওটি-ভিত্তিক স্মার্ট হোম সলিউশন বাজারে আনার কাজ শুরু হয়েছে, যা দেশীয় পণ্যের মাধ্যমে আধুনিক বাড়িগুলোকে আরও প্রযুক্তিবান্ধব করে তুলবে।
বাজারে পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করতে ইনোভার সারা দেশে একটি শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক গড়ে তুলেছে। বর্তমানে ৭০০–এর বেশি ডিলার ও ডিস্ট্রিবিউটর এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। ব্র্যান্ডটির লক্ষ্য কেবল পণ্য বিক্রি নয়, বরং বিক্রয়োত্তর সেবা বা সার্ভিস নিশ্চিত করা। এজন্য তারা একটি দক্ষ সার্ভিস টিম তৈরি করছে, যারা দেশের যেকোনো প্রান্তে গ্রাহকের প্রয়োজনে সেবা প্রদান করবে। গ্রাহকের আস্থা অর্জন, সহজলভ্যতা নিশ্চিত করা এবং মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে ইনোভারকে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে কাজ করছেন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইনোভারের এই দ্রুত প্রসারের পেছনে কাজ করেছে কিছু সুনির্দিষ্ট ‘ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর’। নিজস্ব আধুনিক কারখানা এবং শক্তিশালী সোর্সিং নেটওয়ার্কের পাশাপাশি তারা দক্ষ জনবলের ওপর বিশেষ জোর দিয়েছে। এই প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের ৮৫ শতাংশই সংশ্লিষ্ট শিল্পের দক্ষ ও অভিজ্ঞ পেশাজীবী।
প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি এক ধাপ এগিয়ে রয়েছে। ব্যবসা পরিচালনায় তারা অটোমেশন প্রযুক্তি ব্যবহার করছে। এর ফলে সোর্সিং থেকে শুরু করে প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, রিটেইল এবং প্রান্তিক ভোক্তা পর্যন্ত পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় হয়েছে। পাশাপাশি দেশের মানুষের কাছে আকিজ নামের দীর্ঘদিনের আস্থা বা ‘আকিজ লিগ্যাসি’ এই ব্র্যান্ডের বাজার তৈরিতে অনুঘটকের মতো কাজ করেছে। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে দাঁড়িয়ে ইনোভার কেবল অতীতের সাফল্য উদ্যাপন করছে না, বরং ভবিষ্যতের স্মার্ট বাড়ির ভিত্তি তৈরি করছে। শক্তি, উদ্ভাবন ও নির্ভরযোগ্যতার সমন্বয়ে তারা দেশের মানুষের আধুনিক জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে চায়।