বিশ্ববাজারে সোনার দাম সাম্প্রতিক সময়ে কিছুটা কমলেও দীর্ঘমেয়াদী বাজার পরিস্থিতি নিয়ে আশাবাদী মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস। প্রতিষ্ঠানটির নতুন পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের শেষ নাগাদ প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৬৫০ ডলারে পৌঁছাতে পারে। যদিও এর আগে ব্যাংকটির এই পূর্বাভাসের পরিমাণ ছিল ৪ হাজার ৮০০ ডলার।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই কারণে বেসরকারি বিনিয়োগের চাহিদা হ্রাস পেতে পারে—এমন বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানটি তাদের পূর্বের পূর্বাভাস সংশোধন করেছে। তবে গোল্ডম্যান স্যাকস মনে করছে, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো ধারাবাহিকভাবে সোনার মজুত বাড়িয়ে চলেছে, যা ভবিষ্যতে সোনার দাম পুনরায় বৃদ্ধিতে সহায়ক হবে।
সোনার বাজারে বড় ধরনের দরপতনের মধ্যেই গোল্ডম্যান স্যাকস এই পূর্বাভাস প্রদান করেছে। চলতি বছরের জানুয়ারিতে প্রতি আউন্স সোনার দাম রেকর্ড ৫ হাজার ৫৯৪ ডলার ৮২ সেন্টে উঠেছিল। তবে এরপর থেকে দাম প্রায় ৩৬ শতাংশ কমেছে। সর্বশেষ শুক্রবার আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ১ শতাংশ হ্রাস পেয়ে প্রতি আউন্স ৩ হাজার ৫৮৫ ডলার ৯২ সেন্টে নেমে এসেছে।
শুক্রবার দিনের লেনদেনের একপর্যায়ে দাম নেমেছিল ৩ হাজার ৫১৩ ডলার ৫৪ সেন্টে, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়। গত এক সপ্তাহে সোনার দাম কমেছে প্রায় ৮ শতাংশ, যা গত আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন হিসেবে চিহ্নিত হয়েছে।
গোল্ডম্যান স্যাকসের বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে যে, স্বল্প মেয়াদে সোনার বাজারে চাপ থাকলেও দীর্ঘ মেয়াদে কেন্দ্রীয় ব্যাংকগুলোর চাহিদার কারণে বাজার পুনরায় ঘুরে দাঁড়াবে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো মোট ৬৭৫ টন সোনা ক্রয় করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশ বেশি। শুধু তৃতীয় প্রান্তিকে কেন্দ্রীয় ব্যাংকগুলো ৩২১ টন সোনা কিনেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪২ শতাংশ বেশি।
কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি বিনিয়োগ তহবিলেও সোনার প্রতি আগ্রহ দেখা যাচ্ছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্বজুড়ে সোনাভিত্তিক এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে (ইটিএফ) নিট বিনিয়োগ এসেছে ২১১ টন। এর ফলে এসব তহবিলে সোনার মোট মজুত বেড়ে রেকর্ড ৪ হাজার ২৫৬ টনে দাঁড়িয়েছে। তবে ব্যক্তিগত বিনিয়োগকারীদের সোনা কেনার প্রবণতা কিছুটা কমেছে। তৃতীয় প্রান্তিকে বার ও কয়েনের চাহিদা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ শতাংশ কমে ২৬৮ টনে নেমেছে।
সোনার দাম সাম্প্রতিক পতনের অন্যতম প্রধান কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে অনিশ্চয়তাকে দায়ী করা হচ্ছে। গোল্ডম্যান স্যাকসের অর্থনীতিবিদদের ধারণা, আগামী ডিসেম্বর মাসে ফেড সুদের হার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়াতে পারে। এরপর ২০২৭ সালের মার্চে আরও এক দফা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সাধারণত সুদের হার বাড়লে বন্ডসহ সুদযুক্ত সম্পদে বিনিয়োগের আকর্ষণ বৃদ্ধি পায়, অন্যদিকে সোনা থেকে কোনো সুদ পাওয়া যায় না। ফলে সুদের হার বৃদ্ধির প্রত্যাশা তৈরি হলে বিনিয়োগকারীদের কাছে সোনার আকর্ষণ কমে যায়।
এর পাশাপাশি ডলারের শক্তিশালী অবস্থান এবং যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের সুদহার বৃদ্ধিও প্রভাব ফেলেছে। সোনার দাম সাধারণত ডলারে নির্ধারিত হয়, তাই ডলারের দর বাড়লে অন্যান্য মুদ্রায় সোনা কেনা ব্যয়বহুল হয়ে পড়ে, যা চাহিদাকে কমিয়ে দেয়। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিগুলোর শেয়ারের সাম্প্রতিক দরপতনের পর কিছু বিনিয়োগকারী অন্য খাতের লোকসান সামাল দিতে সোনা বিক্রি করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
তবে দাম কমে যাওয়ায় এশিয়ার বাজারে নতুন করে সোনা কেনার প্রবণতা দেখা যাচ্ছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ২০ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে ভারত ও চীনে সোনার চাহিদা বৃদ্ধি পেয়েছে। কম দামে সোনা কেনার এই প্রবণতা বাজারে কিছুটা গতি আনতে পারে।
গোল্ডম্যান স্যাকসের ধারণা, ২০২৭ সালের ডিসেম্বর থেকে ফেড সুদের হার কমাতে শুরু করলে পশ্চিমা বাজারে বেসরকারি বিনিয়োগকারীদের আগ্রহ পুনরায় বাড়বে। ফলে সোনাভিত্তিক বিনিয়োগ তহবিলে অর্থের প্রবাহ বৃদ্ধি পেতে পারে। কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা ক্রয় অব্যাহত থাকলে তা মূল্যবৃদ্ধিতে আরও সহায়ক হবে।
তবে কেন্দ্রীয় ব্যাংকের কেনাকাটার ওপরই সোনার দামের ভবিষ্যৎ পুরোপুরি নির্ভর করছে না। ফেড সুদের হার আরও বাড়ালে এবং ডলারের শক্তিশালী অবস্থান অব্যাহত থাকলে সোনার দাম আরও কমতে পারে। পাশাপাশি বাজারে অস্থিরতা বাড়লে বিনিয়োগকারীরা অন্য খাতের লোকসান পুষিয়ে নিতে সোনা বিক্রি করে নগদ অর্থ সংগ্রহ করতে পারেন। সব মিলিয়ে দীর্ঘ মেয়াদে মূল্যবৃদ্ধির সম্ভাবনা থাকলেও স্বল্প মেয়াদে বাজারে চাপ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে, যার ফলে সোনার বাজার বর্তমানে এক ধরনের টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে।