টানা কমছে সোনার দাম। দাম কমার এই গতি এতটাই দ্রুত যে অনেকেই এখন হিসাব কষছেন, হয়তো এবার সোনার অলংকার কেনার সঠিক সময় এসেছে। তবে মুদ্রার উল্টো পিঠও রয়েছে; দাম কমে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন অনেকে, বিশেষ করে যাঁরা গত এক বছরের মধ্যে উচ্চমূল্যে সোনার অলংকার কিনেছিলেন।

চলতি মাসে দেশের বাজারে আট দফায় প্রতি ভরি সোনার দাম মোট ২৮ হাজার ৫০৮ টাকা কমেছে। এর মধ্যে সবচেয়ে বড় দরপতন দেখা গেছে শুক্রবার, একদিনেই দাম কমেছে সর্বোচ্চ প্রায় ১১ হাজার টাকা। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নেমে এসেছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায়, যা গত ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়।

দেশের বাজারে সোনার এই দাম কমার মূল কারণ হলো বিশ্ববাজারে এই মূল্যবান ধাতুর দরপতন। বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা সাতটায় নিউইয়র্কের স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৭০ ডলারে। গত বছরের সেপ্টেম্বরের পর এটিই সর্বনিম্ন দাম। অর্থাৎ দীর্ঘ ১৪ মাসে সোনার দাম আর কখনোই এতটা কম ছিল না।

বিশ্লেষকদের মতে, মূলত দুটি প্রধান কারণে সোনা ও রুপার দাম কমছে। প্রথমত, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী ডিসেম্বর মাসে সুদের হার বাড়াতে পারে বলে বাজারে ধারণা করা হচ্ছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলারের মান শক্তিশালী হচ্ছে।

তবে প্রতি আউন্স সোনার দাম হঠাৎ করে সাড়ে তিন হাজার ডলারের ঘরে নেমে আসেনি। গত জানুয়ারির শেষ দিকে প্রতি আউন্স সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ ৫ হাজার ৬০০ ডলারে উঠেছিল। এরপর থেকেই দাম ধীরে ধীরে কমতে শুরু করে এবং চলতি মাসে সেই দরপতনের গতি আরও তীব্র হয়েছে।

ডেনমার্কের বিনিয়োগ প্রতিষ্ঠান সাক্সো ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজি বিভাগের প্রধান ওলে এস হ্যানসেন রয়টার্সকে বলেন, “ডলারের চাঙাভাব, প্রকৃত সুদের হার বৃদ্ধি আর ফেডের মুদ্রানীতি আরও কঠোর হবে—এই প্রত্যাশায় সোনা ও রুপায় বিনিয়োগের আকর্ষণ কমে যাচ্ছে। ফলে সোনার দাম কমছে।”

দেশের বাজারে চলতি মাসে শুক্রবার পর্যন্ত মোট ১১ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে আটবার দাম কমেছে এবং তিনবার বেড়েছে। গতকাল সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১০ হাজার ৯৫৪ টাকা কমেছে। পাশাপাশি রুপার দামও ভরিতে ৩৫০ টাকা হ্রাস পেয়েছে।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১০ হাজার ৯৫৪ টাকা কমে হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১০ হাজার ৪৩৯ টাকা কমে হয়েছে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা।

একইভাবে ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১০ হাজার ৯৮২ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকায়। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭ হাজার ৩৪৮ টাকা কমে হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।

জুয়েলারি ব্যবসায়ীদের প্রত্যাশা, দাম কমলে ব্যবসা আবার ঘুরে দাঁড়াবে। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় সোনার ভরি ছিল মাত্র ১৭০ টাকা। গত জানুয়ারি পর্যন্ত এই দাম ১ হাজার ৬৮২ গুণ বেড়েছিল। তখন দেশের বাজারে সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল, যেখানে প্রতি ভরি ছিল ২ লাখ ৮৬ হাজার টাকা।

বাজুসের তথ্যানুযায়ী, ২০০০ সালে ২২ ক্যারেটের সোনার ভরি ছিল ৬ হাজার ৯০০ টাকা। পরবর্তী পাঁচ বছরে এই দাম দ্বিগুণ হয়। ২০১০ সালে সোনার দাম বেড়ে হয় ৪২ হাজার ১৬৫ টাকা। ২০১৫ সাল পর্যন্ত দাম খুব একটা না বাড়লেও তার পরের পাঁচ বছরে ভরিতে ২৬ হাজার ৮৫২ টাকা বৃদ্ধি পায়।

করোনা মহামারির পর সোনার দাম অত্যন্ত দ্রুতগতিতে বেড়েছে। ২০২৩ সালের ২১ জুলাই সোনার ভরি এক লাখ টাকার মাইলফলক স্পর্শ করে। গত বছরের অক্টোবরে তা দুই লাখ টাকার ঘরে ওঠে এবং গত জানুয়ারিতে তিন লাখ টাকার কাছাকাছি পৌঁছে যায়। সোনার এই অত্যধিক উচ্চমূল্যের কারণে জুয়েলারি ব্যবসায় মন্দাভাব সৃষ্টি হয়েছিল। তবে বর্তমানে দাম কমতে থাকায় ব্যবসায়ীরা আশাবাদী যে ব্যবসা পুনরায় গতি ফিরে পাবে।

জুয়েলার্স সমিতির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, “বিশ্ববাজারে অনেক দিন ধরে সোনার দাম অতি মূল্যায়িত। প্রতি আউন্স সোনা খনি থেকে তুলতে খরচ হয় ২ হাজার ২০০ ডলার। এক হাজার ডলার মুনাফা ধরলে ৩ হাজার ২০০ ডলার হওয়া উচিত। এখন মূলত সোনার দাম সংশোধন হচ্ছে। যেহেতু বিশ্ববাজারে বিনিয়োগকারীদের বিশ্বাস কিছুটা নষ্ট হয়েছে, সেহেতু দাম আবার বাড়তে সময় নেবে।”

অপর এক প্রশ্নের জবাবে দেওয়ান আমিনুল ইসলাম বলেন, “সামনে বিয়েশাদির মৌসুম। অনেক দিন ধরেই সোনার দাম বেশি ছিল। এখন দাম কমে আসায় সোনার অলংকার বেচাবিক্রি বাড়বে বলে প্রত্যাশা।”