দেশের বাজারে টানা দুই দিন ধরে সোনার দাম কমানো হয়েছে। আজ বৃহস্পতিবার ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা দাম কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে গতকাল বুধবার সোনার দাম কমানো হয়েছিল ২ হাজার ৭৪১ টাকা। ফলে গত দুই দিনের ব্যবধানে সোনার দাম কমেছে প্রায় ৫ হাজার টাকা। তবে রুপার দামের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি, তা অপরিবর্তিত রয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকাল ১০টায় সোনার নতুন মূল্য তালিকা প্রকাশ করেছে। উল্লেখ্য, গত শুক্রবারও ভরিতে সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল। সব মিলিয়ে শেষ তিন দফায় ভরিতে সোনার দাম কমেছে মোট ৭ হাজার ৬৯৮ টাকা। এর আগে টানা তিন দফায় সোনার দাম বাড়ানো হয়েছিল, যার ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়েছিল ১২ হাজার ৭২ টাকা।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজকের মূল্য কমানোর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের সোনার দাম ছিল ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
সোনার দাম কমলেও রুপার দাম আগের মতোই রাখা হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা।
দাম কমানোর কারণ হিসেবে বাজুস বলেছে, “তেজাবি সোনার দাম কমেছে। মূল কারণ হলো, বিশ্ববাজারে দাম কমে যাওয়া।”
গত সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসেও দাম বেড়েছিল। তবে এরপর থেকেই মূল্যবান এই ধাতুর দাম পুনরায় কমতে শুরু করেছে।
গোল্ডপ্রাইস ডট অর্গের তথ্যানুসারে, গতকাল নিউইয়র্কের বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪৮ ডলার কমেছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম আবারও ৪ হাজার ডলারের নিচে নেমে এসেছে। আজ এই প্রতিবেদন লেখার সময় প্রতি আউন্স সোনার দাম ছিল ৩ হাজার ৯৭৩ ডলার।
উল্লেখ্য, ৫ নভেম্বর আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম একপর্যায়ে ৪ হাজার ১৪৬ ডলারে উঠেছিল, যা ২০ অক্টোবরের পর ছিল সোনার সর্বোচ্চ দাম।