বিশ্ববাজারে সোনার দামে বড় ধরনের দরপতন লক্ষ্য করা গেছে। টানা কয়েক দিনের পতনের ফলে গত বৃহস্পতিবার প্রতি আউন্স সোনার দাম ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। শুক্রবার দাম কিছুটা ঘুরে দাঁড়ালেও সামগ্রিকভাবে গত সপ্তাহে সোনার দাম কমেছে প্রায় সাড়ে ৪ শতাংশ। গত জুনের পর এটাই ছিল সোনার সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার স্পট মার্কেটে সোনার দাম প্রায় ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৮৫২ ডলার ১০ সেন্টে নেমে আসে। ২০২৫ সালের অক্টোবরের পর এটাই ছিল সোনার সর্বনিম্ন দাম। শুক্রবার দাম কিছুটা বৃদ্ধি পেয়ে দিনের শেষ ভাগে প্রতি আউন্স সোনার দাম দাঁড়ায় ৩ হাজার ৮৭৯ ডলার ৭১ সেন্টে। আগের দিনের তুলনায় দাম বাড়লেও সপ্তাহের হিসেবে এই পতন ঠেকানো সম্ভব হয়নি।
আন্তর্জাতিক বাজারের এই পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও সোনার দাম সমন্বয় করা হয়েছে। দেশের বাজারে গত সপ্তাহে টানা পাঁচ দফা সোনার দাম কমে ভরিতে প্রায় ১২ হাজার টাকা হ্রাস পেয়েছে। বর্তমানে প্রতি ভরি সোনার (২২ ক্যারেট) দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির চাপ এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার কমানোর সিদ্ধান্ত পিছিয়ে যাওয়ার আশঙ্কা সোনার দাম কমার প্রধান কারণ। সুদের হার দীর্ঘ সময় বেশি থাকবে—এই প্রত্যাশায় ডলার শক্তিশালী হয়েছে এবং মার্কিন সরকারি বন্ডের মুনাফা বেড়েছে। যেহেতু সোনায় কোনো লভ্যাংশ বা সুদ পাওয়া যায় না, তাই এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আগ্রহ কমেছে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় নতুন করে মূল্যস্ফীতির আশঙ্কা তৈরি হয়েছে।
সোনার দাম কমার পেছনে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অক্টোবরে দেশটির ভোক্তা মূল্যসূচক আগের মাসের তুলনায় শূন্য দশমিক ৪ শতাংশ বেড়েছে, যেখানে অর্থনীতিবিদদের পূর্বাভাস ছিল শূন্য দশমিক ৩ শতাংশ। ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফেড সুদের হার কমানোর সিদ্ধান্ত নিতে আরও সময় নিতে পারে—এমন ধারণা জোরালো হয়েছে।
সুদের হারের সঙ্গে সোনার দামের একটি গভীর সম্পর্ক রয়েছে। সোনা থেকে বিনিয়োগকারীরা কোনো সুদ বা লভ্যাংশ পান না, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডে বিনিয়োগ করলে নির্দিষ্ট হারে সুদ পাওয়া যায়। সুদের হার বেশি থাকলে বন্ডের মুনাফাও আকর্ষণীয় হয়ে ওঠে, ফলে অনেক বিনিয়োগকারী সোনা থেকে অর্থ সরিয়ে বন্ডে বিনিয়োগ করেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের মুনাফা ৫ দশমিক ১৫ শতাংশের কাছাকাছি। একই সময়ে ডলারের দরও বেড়েছে, যা সোনার ওপর বাড়তি চাপ তৈরি করেছে।
তবে এই দরপতনের সুযোগে কিছু বিনিয়োগকারী কম দামে সোনা কিনছেন। বিনিয়োগের পরিভাষায় একে বলা হয় ‘বার্গেইন হান্টিং’। কোনো সম্পদের দাম অনেকটা কমে গেলে ভবিষ্যতে দাম বৃদ্ধির আশায় বিনিয়োগকারীরা তা কিনতে আগ্রহী হন। তাঁদের ধারণা, বর্তমান দরপতন সাময়িক; তাই কম দামে কিনে রাখলে ভবিষ্যতে লাভের সুযোগ তৈরি হতে পারে।
রয়টার্সকে দেওয়া বক্তব্যে ওএএনডিএর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, “বৃহস্পতিবারের বড় দরপতনের পর স্বল্পমেয়াদি বাজার সূচকে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, সোনা অতিরিক্ত বিক্রি হবে। এমন পরিস্থিতিতে কিছু বিনিয়োগকারী কম দামে সোনা কেনার সুযোগ নেন। শুক্রবারও তেমনটা হয়েছে। তবে এর মানে এই নয় যে আগামীকাল সোমবার সোনার দাম বাড়বে।”
বিশ্লেষকদের অনেকের মতে, আগামী সপ্তাহেও সোনার দাম কমতে পারে। কিটকো নিউজের সাপ্তাহিক জরিপে অংশ নেওয়া অধিকাংশ বিশ্লেষকের পূর্বাভাস হলো দাম আরও কমতে পারে। ব্যানকবার্ন গ্লোবাল ফরেক্সের ব্যবস্থাপনা পরিচালক মার্ক চ্যান্ডলার বলেন, “যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য প্রকাশিত হওয়ার পর সুদের হার নিয়ে প্রত্যাশা বদলে গেছে। এতে সোনার দামের ওপর চাপ তৈরি হয়েছে। ফলে নিম্নমুখী প্রবণতা শেষ হয়েছে, এমনটি বলার সুযোগ নেই।”
তবে দীর্ঘ মেয়াদে সোনার চাহিদা একেবারে শেষ হয়ে যাবে না। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের সোনা কেনা, ভূরাজনৈতিক উত্তেজনা এবং বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তার কারণে ভবিষ্যতে বাজারে সোনার চাহিদা বজায় থাকবে। তবে আপাতত বিনিয়োগকারীদের নজর যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির পরবর্তী পরিসংখ্যান, ডলারের গতিপথ এবং ফেডের সিদ্ধান্তের ওপর।