ভাষাসংগ্রামী ও মুক্তিযুদ্ধে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের কুমিল্লার পৈতৃক সম্পত্তিকে ‘পরিত্যক্ত বাড়ি’ হিসেবে অভিহিত করে তা পুরাকীর্তি হিসেবে পরিদর্শনের জন্য দল গঠনের যে অফিস আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকের কার্যালয় (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) থেকে পাঠানো এক স্মারকের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
এর আগে গত ৯ নভেম্বর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকের কার্যালয় (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) থেকে একটি অফিস আদেশ জারি করা হয়। উক্ত আদেশে কুমিল্লার আদর্শ সদর উপজেলার ভাষাশহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতিবিজড়িত একটি পরিত্যক্ত বাড়ি সংরক্ষণের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন দল গঠন এবং প্রতিবেদন দাখিলের কথা উল্লেখ করা হয়েছিল।
এই বিতর্কিত অফিস আদেশটি প্রত্যাহার বা বাতিল করার দাবিতে গত ১৬ নভেম্বর একটি আইনি নোটিশ পাঠানো হয়। ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি এবং সাবেক সংসদ সদস্য আরমা দত্তের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া রেজিস্ট্রি ডাকযোগে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ পাঁচজন কর্মকর্তার বরাবর এই নোটিশটি প্রেরণ করেন। নোটিশে দাবি জানানো হয় যে, ২৪ ঘণ্টার মধ্যে ওই অফিস আদেশটি প্রত্যাহার বা বাতিল করতে হবে।
আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া জানান, নির্ধারিত ২৪ ঘণ্টার মধ্যে ওই আদেশ বাতিল না করায় ইতিমধ্যে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হয়েছে। আজ সন্ধ্যায় তিনি মুক্তকণ্ঠকে বলেন, ‘রিটটি শুনানি ও আদেশের জন্য আগামী সোমবার দিন ধার্য আছে। এ অবস্থায় আজ সন্ধ্যায় চিঠি পেলাম, যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৯ নভেম্বরের ওই অফিস আদেশ বাতিল করেছে।’
আইনি নোটিশে বিস্তারিত জানানো হয়েছে যে, কুমিল্লার আদর্শ সদর থানার চুতরা মৌজার ৩৫৩ নম্বর হোল্ডিংয়ের ১১ দশমিক ৫৬ শতক জমিটির প্রকৃত মালিক মূলত ধীরেন্দ্রনাথ দত্ত। নোটিশের বর্ণনা অনুযায়ী, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী ধীরেন্দ্রনাথ দত্ত ও তাঁর অবিবাহিত ছেলে দিলীপ দত্তকে হত্যা করে। এরপর তাঁর অন্য ছেলে সঞ্জীব দত্ত ওই সম্পত্তির উত্তরাধিকারী হন। ১৯৯২ সালে সঞ্জীব দত্তের মৃত্যুর পর তাঁর উত্তরাধিকারী আরমা দত্ত ও রাহুল দত্ত তাঁদের বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে ওই সম্পত্তির মালিকানা লাভ করেন। পরবর্তীতে বিএস জরিপে আরমা দত্ত ও রাহুল দত্তের নামেই জমিটি রেকর্ড করা হয়।
নোটিশে আরও উল্লেখ করা হয়, চলতি বছরের ১৩ মে রাহুল দত্ত মারা গেলে একমাত্র জীবিত উত্তরাধিকারী হিসেবে আরমা দত্ত সম্পত্তিটি নিজের নামে নামজারি করেন। তিনি নিয়মিত ভূমি উন্নয়ন কর এবং সিটি করপোরেশনের হোল্ডিং কর পরিশোধের মাধ্যমে সম্পত্তিটি ভোগদখল করে আসছেন। তিনি বা তাঁর পূর্বসূরিরা কখনোই এই সম্পত্তি পরিত্যাগ করেননি এবং সরকারও কখনো এটিকে পরিত্যক্ত সম্পত্তির তালিকায় অন্তর্ভুক্ত করেনি।
আইনি নোটিশের ভাষ্যমতে, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য গত ১৪ জুন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠান। সেখানে কয়েকটি সম্পত্তির তালিকা সংযুক্ত করে আরমা দত্তের সম্পত্তিকেও ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে ঘোষণা করার এবং এজন্য অর্থ বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়। বিষয়টি জানতে পেরে আরমা দত্ত গত ২৮ সেপ্টেম্বর সংস্কৃতিবিষয়ক মন্ত্রীকে চিঠি লিখে তাঁর ব্যক্তিগত ওই সম্পত্তিকে হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত না করার অনুরোধ জানান। তবে এ বিষয়ে তিনি এখনো কোনো জবাব পাননি।
নোটিশে আরও বলা হয়, ১১ নভেম্বর একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত সংবাদের মাধ্যমে আরমা দত্ত জানতে পারেন যে, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ৯ নভেম্বর একটি অফিস আদেশ জারি করেছেন। সেখানে তাঁর ব্যক্তিগত সম্পত্তি পরিদর্শন এবং প্রতিবেদন দাখিলের জন্য একটি দল গঠন করা হয়েছে এবং সম্পত্তিটিকে ‘পরিত্যক্ত’ হিসেবে গণ্য করা হয়েছে। অথচ এই বিষয়ে তাঁকে কোনো তথ্য দেওয়া হয়নি এবং ব্যক্তিগত সম্পত্তি পরিদর্শনের জন্য কোনো অনুমতিও নেওয়া হয়নি।
১৯৬৮ সালের পুরাকীর্তি আইনের ৬ ধারা অনুযায়ী, সম্পত্তির বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার আগে যুক্তিসংগত নোটিশ প্রদান করা বাধ্যতামূলক। আইনি নোটিশে উল্লেখ করা হয়, এই ক্ষেত্রে ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তির বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার আগে কোনো যুক্তিসংগত নোটিশ দেওয়া হয়নি এবং আরমা দত্তের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়া হয়নি। এটি কেবল আইনের লঙ্ঘনই নয়, বরং ন্যায়বিচারের নীতিরও সুস্পষ্ট পরিপন্থী। এছাড়া সংবিধানের ৪২ অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর বা অন্যভাবে বিলিব্যবস্থার অধিকার নিশ্চিত করা হয়েছে, যা কোনো প্রশাসনিক আদেশের মাধ্যমে খর্ব করা সম্ভব নয়। ওই অফিস আদেশের মাধ্যমে তাঁর সম্পত্তির অধিকারসংক্রান্ত মৌলিক অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করা হয়।