ভাষাসংগ্রামী ও মুক্তিযুদ্ধে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের কুমিল্লার পৈতৃক সম্পত্তিকে ‘পরিত্যক্ত বাড়ি’ হিসেবে অভিহিত করে তা পুরাকীর্তি হিসেবে পরিদর্শনের জন্য দল গঠন করা হয়েছে। এই পদক্ষেপের প্রতিবাদে এবং সংশ্লিষ্ট অফিস আদেশটি প্রত্যাহার বা বাতিল করার দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি এবং সাবেক সংসদ সদস্য আরমা দত্তের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া এই আইনি নোটিশটি রেজিস্ট্রি ডাকযোগে প্রেরণ করেছেন। সোমবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ মোট পাঁচজন কর্মকর্তার বরাবরে এই নোটিশ পাঠানো হয়।
আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া জানান, নোটিশটি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, কুমিল্লার জেলা প্রশাসক, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক এবং কুমিল্লার পুলিশ সুপার বরাবর পাঠানো হয়েছে। তিনি মুক্তকণ্ঠকে বলেন, “নোটিশ গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে গত ৯ নভেম্বরের অফিস আদেশ প্রত্যাহার বা বাতিলের দাবি জানানো হয়েছে নোটিশে। এ বিষয়ে এ পর্যন্ত গৃহীত পদক্ষেপ সম্পর্কে লিখিতভাবে অবহিত করতেও বলা হয়েছে। অন্যত্থায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার সূত্রপাত হয় গত ৯ নভেম্বর, যখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকের কার্যালয় (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) থেকে একটি অফিস আদেশ জারি করা হয়। ওই আদেশে কুমিল্লার আদর্শ সদর উপজেলার ভাষাশহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতিবিজড়িত একটি বাড়িকে ‘পরিত্যক্ত’ হিসেবে উল্লেখ করে তা সংরক্ষণের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন দল গঠন এবং প্রতিবেদন দাখিলের কথা বলা হয়।
আইনি নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, কুমিল্লার আদর্শ সদর থানার চুতরা মৌজার ৩৫৩ নম্বর হোল্ডিংয়ের ১১ দশমিক ৫৬ শতক জমিটির প্রকৃত মালিক ছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। নোটিশের ভাষ্য অনুযায়ী, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী যখন ধীরেন্দ্রনাথ দত্ত ও তাঁর অবিবাহিত পুত্র দিলীপ দত্তকে হত্যা করে, তখন তাঁর অপর পুত্র সঞ্জীব দত্ত ওই সম্পত্তির উত্তরাধিকারী হন। ১৯৯২ সালে সঞ্জীব দত্তের মৃত্যুর পর তাঁর উত্তরাধিকারী আরমা দত্ত ও রাহুল দত্ত তাঁদের বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে এই সম্পত্তির মালিকানা লাভ করেন। পরবর্তীতে বিএস জরিপের মাধ্যমে আরমা দত্ত ও রাহুল দত্তের নামেই জমিটি রেকর্ড করা হয়।
নোটিশে আরও বলা হয়, চলতি বছরের ১৩ মে রাহুল দত্তের মৃত্যুর পর একমাত্র জীবিত উত্তরাধিকারী হিসেবে আরমা দত্ত সম্পত্তিটি নিজের নামে নামজারি করেন। তিনি নিয়মিত ভূমি উন্নয়ন কর এবং সিটি করপোরেশনের হোল্ডিং কর পরিশোধের মাধ্যমে সম্পত্তিটি ভোগদখল করে আসছেন। নোটিশে দাবি করা হয়েছে, তিনি বা তাঁর পূর্বসূরিরা কখনোই এই সম্পত্তি পরিত্যাগ করেননি এবং সরকারও কখনো এটিকে পরিত্যক্ত সম্পত্তির তালিকায় অন্তর্ভুক্ত করেনি।
আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য গত ১৪ জুন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন। সেখানে কয়েকটি সম্পত্তির তালিকা সংযুক্ত করে আরমা দত্তের সম্পত্তিকেও ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে ঘোষণা করার এবং এর জন্য অর্থ বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়। এই বিষয়টি জানতে পেরে আরমা দত্ত গত ২৮ সেপ্টেম্বর সংস্কৃতিবিষয়ক মন্ত্রীকে চিঠি লিখে অনুরোধ জানান যেন তাঁর ব্যক্তিগত সম্পত্তিকে হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত করা না হয়। তবে এ বিষয়ে তিনি এখন পর্যন্ত কোনো উত্তর পাননি।
নোটিশের ভাষ্য অনুযায়ী, ১১ নভেম্বর একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত সংবাদের মাধ্যমে আরমা দত্ত জানতে পারেন যে, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ৯ নভেম্বর একটি অফিস আদেশ জারি করেছেন। ওই আদেশে তাঁর ব্যক্তিগত সম্পত্তি পরিদর্শনের জন্য একটি দল গঠন করা হয়েছে এবং সম্পত্তিটিকে ‘পরিত্যক্ত’ হিসেবে গণ্য করা হয়েছে। অথচ এই বিষয়ে তাঁকে কোনো তথ্য দেওয়া হয়নি এবং ব্যক্তিগত সম্পত্তি পরিদর্শনের জন্য কোনো অনুমতিও নেওয়া হয়নি।
১৯৬৮ সালের পুরাকীর্তি আইনের ৬ ধারা অনুযায়ী, কোনো সম্পত্তির বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে যুক্তিসংগত নোটিশ প্রদান করা বাধ্যতামূলক। আইনি নোটিশে বলা হয়েছে, এই ক্ষেত্রে ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তির বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার আগে কোনো নোটিশ দেওয়া হয়নি এবং আরমা দত্তের বক্তব্য উপস্থাপনের সুযোগও দেওয়া হয়নি। এটি কেবল আইনের লঙ্ঘনই নয়, বরং ন্যায়বিচারের নীতিরও সুস্পষ্ট পরিপন্থী। এছাড়া সংবিধানের ৪২ অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর বা বিলিব্যবস্থার অধিকার নিশ্চিত করা হয়েছে, যা কোনো প্রশাসনিক আদেশের মাধ্যমে খর্ব করা সম্ভব নয়। ওই অফিস আদেশের ফলে তাঁর সম্পত্তির অধিকারসংক্রান্ত মৌলিক অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে নোটিশে দাবি করা হয়েছে।