ঢাকার ধামরাই উপজেলার রাজাপুর কবরস্থানে দাফন করা হয়েছে অভিনেতা সোহেল খানকে। আজ মঙ্গলবার মাগরিবের নামাজের পর তাঁকে সেখানে সমাহিত করা হয়। দাফনের আগে রাজাপুর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
বগুড়ায় ‘নসীব’ নামের একটি সিনেমার শুটিং করতে গিয়ে আজ সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। দ্রুত তাঁকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে বিকেল ৪টার দিকে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে ফিরিয়ে আনা হয়।
সোহেল খানের বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি ধামরাই উপজেলার রাজাপুর গ্রামের মৃত আতাউর রহমান খানের বড় ছেলে। দুই ভাই ও চার বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুটিং ইউনিটের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। আগামীকাল বুধবার তাঁর অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। আজ সকালে তিনি মেকআপ নিয়ে শুটিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুত হয়েছিলেন। তবে পরে তাঁকে ডাকতে হোটেলের কক্ষে গিয়ে ইউনিটের এক সদস্য দেখেন যে, তিনি বিছানায় পড়ে আছেন। তাঁকে ডেকে কোনো সাড়া না পেয়ে ওই সদস্য অন্যদের জানান। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
আজ বিকেলে সোহেল খানের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে খাটিয়ায় রাখা হয়েছে তাঁর মরদেহ। প্রিয়জনকে হারিয়ে আত্মীয়স্বজনের কেউ আহাজারি করছেন, আবার কেউ বিমর্ষ হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছেন। অনেকে একে অপরের সঙ্গে সোহেল খানের স্মৃতিচারণা করছেন।
সোহেল খানের ফুফাতো ভাই আবদুল আলীম খান সেলিম মুক্তকণ্ঠকে বলেন, ‘সোহেল গ্রামপাগল মানুষ ছিলেন। অনেক সময় তাঁকে বকাঝকা করেছি, কখনো রাগ করেননি।’
বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা মোহাম্মদ নাহিদ হোসেন খান, যিনি সোহেল খানের ভাগ্নে, মুক্তকণ্ঠকে বলেন, ‘সোহেল মামা আঞ্চলিক ভাষায় কথা বলা বা এলাকার যে রীতিনীতি, আচার-ব্যবহার—এগুলো অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতেন। উনি একেবারেই সহজ-সরলভাবে আশপাশের লোকজনের সঙ্গে মিশতেন।’
গ্রামের সামাজিক কর্মকাণ্ডেও অত্যন্ত সক্রিয় ছিলেন এই অভিনেতা। সুযোগ পেলেই তিনি ছুটে আসতেন গ্রামে। সোহেল খানের আত্মীয় এবং স্থানীয় বাসিন্দা মোহাম্মদ টিপু সুলতান বলেন, ‘সম্পর্কে সোহেল খান আমার মামা হন। তিনি গ্রামের সামাজিক সব কাজের সঙ্গেই যুক্ত ছিলেন।’
সোহেল খানের মৃত্যু চলচ্চিত্র ও নাট্যাঙ্গনসহ পুরো সাংস্কৃতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন ‘নসীব’ সিনেমার প্রযোজক আরশাদ আদনান। তিনি বলেন, ‘আমরা মাটির মানুষ, মাটির কাছেই থাকতে চাই। সোহেল ভাইও মাটির মানুষ ছিলেন।’
আরশাদ আদনান আরও বলেন, ‘তিনি (সোহেল খান) আমাদের সিনিয়র শিল্পী, বড় ভাই ছিলেন। আমরা তাঁকে অনেক সম্মান করতাম। আমরা তাঁকে অনেক মিস করব। শুধু আমার সিনেমা নয়, আমাদের চলচ্চিত্র ও নাট্যাঙ্গনসহ পুরো সাংস্কৃতিক অঙ্গনের জন্য তাঁর চলে যাওয়া অপূরণীয় ক্ষতি।’