‘নসীব’ সিনেমায় সোহেল খান অভিনীত চরিত্রটির মৃত্যু হওয়ার কথা ছিল। তবে সেই দৃশ্যের শুটিং সম্পন্ন করার আগেই বাস্তব জীবনেই মৃত্যুবরণ করেছেন অভিনেতা সোহেল খান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সিনেমাটির পরিচালক মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, সোহেল খানের চরিত্রের মৃত্যুর দৃশ্যসহ আরও তিন-চারটি দৃশ্যের শুটিং বাকি ছিল। এই কাজগুলো শেষ করে আগামী দুই-তিন দিনের মধ্যে তাঁর ঢাকায় ফেরার কথা ছিল। আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত এই সিনেমাটির শেষ পর্যায়ের শুটিং চলছিল বগুড়ায়। বলিউড অভিনেতা মুকেশ ঋষি ও বাপ্পারাজের সঙ্গে এরই মধ্যে বেশ কয়েকটি দৃশ্যের শুটিং শেষ করেছিলেন সোহেল খান। মঙ্গলবারও (২৪ নভেম্বর) তাঁর শুটিংয়ের সূচি নির্ধারিত ছিল। সকালে সহকর্মীদের সঙ্গে নাশতা করার পর সেটে যাওয়ার প্রস্তুতি নিতে নিজের কক্ষে ফেরার কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা।

নাশতার পর নিজের কক্ষে ফেরেন
মোহাম্মদ ইকবাল জানান, সকালে নাশতা সেরে মেকআপ নেওয়ার জন্য বগুড়ার মম ইন হোটেলে নিজের কক্ষে যান সোহেল খান। পরবর্তীতে শুটিংয়ের জন্য ডাকতে গিয়ে সহকারী পরিচালক রাজু তাঁকে কক্ষে পড়ে থাকতে দেখেন। তাঁর ডাকে পাশের কক্ষ থেকে দ্রুত ছুটে আসেন সহকর্মীরা।

অভিনেতা এল আর খান সীমান্ত জানান, কক্ষে গিয়ে সোহেল খানের নাড়ির স্পন্দন পাচ্ছিলেন না তাঁরা। তিনি ও মেকআপশিল্পী বাবু তখন সিপিআর দেন। এরপর দ্রুত গাড়ির ব্যবস্থা করে তাঁকে হাসপাতালে পাঠানো হয়।

বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা সোহেল খানকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। হাসপাতালের দেওয়া মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে।

নিজের চরিত্রের পরিণতির কথা বলেছিলেন সোহেল
মুকেশ ঋষি, বাপ্পারাজ, সোহেল খান ও মুকিত জাকারিয়া ‘নসীব’-এ চারটি খলচরিত্রে অভিনয় করেছেন। পরিচালক জানান, গল্পের প্রয়োজনে একে একে চারটি চরিত্রেরই মৃত্যু হয়। গত শুক্রবার রাতে মম ইন হোটেলের লবিতে মুক্তকণ্ঠের এই প্রতিবেদকের সঙ্গে আড্ডায় ‘নসীব’ নিয়ে কথা বলেছিলেন সোহেল খান। বলিউড থেকে মুকেশ ঋষির আসা, বাপ্পারাজ ও মুকিত জাকারিয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং ছবিতে নিজের চরিত্রের পরিণতির কথাও উঠেছিল। একপর্যায়ে মজা করে বলেছিলেন, ‘একে একে সব ভিলেন মারা যাবে।’ ঈদে ছবিটি মুক্তি পেলে দর্শক উপভোগ করবেন বলে আশা করেছিলেন তিনি।

‘নসীব’-এর আগে মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন সোহেল খান ও মুকিত জাকারিয়া। তাঁদের পরিচয় ও বন্ধুত্ব ১৪ বছরের বেশি সময়ের। এবার বগুড়ায় শুটিং করতে এসে একই হোটেলে পাশাপাশি কক্ষে ছিলেন তাঁরা। শুটিং শেষে একসঙ্গে ঢাকায় ফেরার কথা ছিল। সোহেলের মৃত্যুর পর মুকিত বলেন, ‘একসঙ্গে এসেছিলাম। একসঙ্গে ঢাকায় ফেরার কথা ছিল।’

বন্ধ রাখা হয় দিনের শুটিংস
সোহেল খানের মৃত্যুর পর মঙ্গলবারের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রযোজনা প্রতিষ্ঠান। প্রযোজক আরশাদ আদনান বলেন, ‘হঠাৎ এ ঘটনায় পুরো শুটিং ইউনিটের পরিস্থিতি এলোমেলো হয়ে গেছে। কারও মানসিক অবস্থা ভালো নেই। সবকিছু বিবেচনা করে আজকের দিনের শুটিং বন্ধ রাখছি।’ বগুড়ায় আনুষ্ঠানিকতা শেষে সোহেল খানের মরদেহ ঢাকার ধামরাইয়ের উদ্দেশে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

‘নসীব’-এ আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও শাহরিয়ার নাজিম জয়। আগামী ঈদুল ফিতরে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পরিচালক মোহাম্মদ ইকবাল।