অভিনেতা সোহেল খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সকালে বগুড়ায় অবস্থানকালে স্ট্রোকের শিকার হন তিনি। দ্রুত তাঁকে স্থানীয় টিএমএসএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর আকস্মিক প্রয়াণে বিনোদন অঙ্গনের সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর স্মৃতিচারণ করে আবেগঘন পোস্ট দিয়েছেন সহকর্মী অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।
বগুড়ায় যে সিনেমার শুটিংয়ে সোহেল খান গিয়েছিলেন, সেখানে শাহরিয়ার নাজিম জয়ও উপস্থিত ছিলেন। সেই মুহূর্তের বর্ণনা দিয়ে জয় ফেসবুকে লিখেছেন, ‘একসাথে শুটিং। বগুড়ার হোটেল মম ইন এ। ছবির নাম “নসিব”। ড্রেস ছিল সাদা শার্ট সাদা প্যান্ট। পুরোটাই সাদা। ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হলো। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় ওপরে উঠল। রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান। হ্যাঁ, আমাদের অভিনেতা সোহেল খান। তারপর মুখ থেকে রক্ত। সবাই ভাবল কিছুক্ষণ আগে সকাল ৯টার দিকে ব্রেকফাস্টে ড্রাগন ফল খেয়েছিল। মনে হয় তার প্রতিক্রিয়া। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই।’
প্রায় দুই দশক আগে একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে মিডিয়ায় সোহেল খানের পথচলা শুরু হয়। এরপর তিনি টেলিভিশন নাটকের নিয়মিত মুখ হয়ে ওঠেন। ধারাবাহিক এবং একক—উভয় ধরনের নাটকেই তিনি তাঁর অভিনয় দক্ষতা প্রদর্শন করেছেন। সোহেল খানের অভিনয় জীবনের বিকাশে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিনেতা নিজেই বিভিন্ন সময়ে ফারুকীর প্রতি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁর মতে, ফারুকী তাঁকে নতুন নতুন চরিত্রের সাথে পরিচয় করিয়েছেন এবং নতুনভাবে আবিষ্কার করেছেন। চরিত্রের প্রয়োজনে অভিনেতাকে তৈরি করার ক্ষেত্রে ফারুকী ছিলেন অত্যন্ত কঠোর। বয়সে ছোট হওয়া সত্ত্বেও অভিনয়ের প্রয়োজনে ফারুকীর কাছে বকুনি, এমনকি মারও খেতে হয়েছে সোহেল খানকে। তবে এই কঠোর শাসনের বিষয়ে তাঁর মনে কোনো আক্ষেপ ছিল না।
টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্র জগতেও ধীরে ধীরে নিজের শক্ত অবস্থান তৈরি করে নেন সোহেল খান। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের তালিকায় রয়েছে ‘নয় নম্বর বিপদ সংকেত’ (২০০৭), ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘বউয়ের জ্বালা’ (২০০৭), ‘খোঁজ: দ্য সার্চ’ (২০১০), ‘প্রজাপতি’ (২০১১), ‘কমন জেন্ডার’ (২০১২), ‘লাল টিপ’ (২০১২), ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ (২০১৩), ‘অনেক সাধের ময়না’ (২০১৪), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘পরবাসিনী’ (২০১৭), ‘বীর’ (২০২০), ‘কেমনে কী!’ (২০২১) ও ‘শান’ (২০২২)।
এই সিনেমাগুলোতে কখনো পার্শ্বচরিত্রে আবার কখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘প্রজাপতি’ সিনেমায় তিনি অভিনয় করেন মাহফুজ চরিত্রে, ‘অনেক সাধের ময়না’য় মতি ব্যাপারী, ‘দেশা: দ্য লিডার’–এ চেয়ারম্যান এবং ‘শান’ সিনেমায় বাবুল চরিত্রে তাঁর অভিনয় দর্শকপ্রিয় হয়। ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া শিহাব শাহীন পরিচালিত ‘জংলি’ সিনেমাতেও দেখা গেছে সোহেল খানকে। সেখানে তিনি একজন গ্যারেজ মালিকের চরিত্রে অভিনয় করেন। সিনেমাটিতে সিয়াম আহমেদ ও শবনম বুবলীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছিলেন তিনি এবং জানিয়েছিলেন যে, নিজের চরিত্রের সেরাটা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি।