প্রয়াত অভিনেতা সোহেল খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সকালে বগুড়ায় অবস্থানকালে স্ট্রোক করে তাঁর মৃত্যু হয়েছে। দ্রুত তাঁকে স্থানীয় টিএমএসএস হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর মুক্তকণ্ঠকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ফরিদুর রেজা সাগর জানান, বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন সোহেল খান।
শুটিং ইউনিটের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর থেকে সিনেমাটির শুটিংয়ে অংশ নিতেই তিনি বগুড়ায় অবস্থান করছিলেন। আগামীকাল তাঁর শুটিংয়ের কাজ শেষ হওয়ার কথা ছিল।
শুটিং ইউনিটের সদস্যরা জানান, আজ সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুতও হয়েছিলেন সোহেল খান। একপর্যায়ে হোটেলের কক্ষে তাঁকে ডাকতে গিয়ে ইউনিটের একজন সদস্য বিছানায় পড়ে থাকতে দেখেন। কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি চিৎকার করলে অন্যরাও দ্রুত সেখানে ছুটে আসেন। এরপর তাঁকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, তবে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।