রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে জেনোসাইড বা জাতিগত গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর মিয়ানমারের সামরিক বাহিনীর শীর্ষ পাঁচ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। জেনোসাইড সংঘটনের দায়ে কোনো রাষ্ট্রকে দোষী সাব্যস্ত করে জাতিসংঘের সর্বোচ্চ আদালতের দেওয়া রায়ের পরিপ্রেক্ষিতে মিয়ানমারের বিরুদ্ধে এই প্রথম শাস্তিমূলক পদক্ষেপ নিল লন্ডন।

নিষেধাজ্ঞার আওতায় আসা মিয়ানমারের পাঁচ সামরিক কর্মকর্তা হলেন মিও হুতুত হ্লাইং, মিও মিন তুন, মিয়াত থেট উ, কিয়াও সোয়ে ও কিয়াও সোয়ার উ।

২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর চালানো চরম নিষ্ঠুর দমন-পীড়নের ফলে হাজারো রোহিঙ্গা প্রাণ হারান। সেই ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন ৭ লাখের বেশি মানুষ। আইসিজের এই রায়কে স্বীকৃতি দিয়ে যুক্তরাজ্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে আরও কয়েকটি দেশ, যার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, পর্তুগাল, স্পেন ও কানাডা।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এই পদক্ষেপের বিষয়ে বলেন, ‘জেনোসাইডের মতো ভয়াবহ অপরাধের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়ায় নিজেদের মূল্যবোধের প্রতিফলন থাকতে হবে। পাশাপাশি এ বিষয়ে কার্যকর পদক্ষেপও নিতে হবে।’

মিলিব্যান্ড আরও উল্লেখ করেন যে, মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং ২০১৭ সালের জেনোসাইডের সময় দেশটির সামরিক বাহিনীর প্রধান ছিলেন। ওই সময় সংঘটিত বহু নৃশংসতার জন্য তিনি ‘সরাসরি দায়ী’। উল্লেখ্য, ২০২১ সালেই তাঁর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাজ্য।

মানবাধিকার পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারকে চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে। অপরাধীদের বিরুদ্ধে তদন্ত করতে হবে, বিচার করতে হবে এবং শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যেন এমন নৃশংস ঘটনা আর না ঘটে, তা নিশ্চিত করতে হবে।’

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে বলেন, ‘মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ করে দিতে অবিলম্বে লড়াই বন্ধ করতে হবে। বেসামরিক মানুষের ওপর বিমান হামলা বন্ধ, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং সব পক্ষকে নিয়ে রাজনৈতিক সমাধানের লক্ষ্যে সংলাপ শুরু করতে হবে।’

এছাড়া মিয়ানমারে উড়োজাহাজের জ্বালানি সরবরাহ বন্ধ করতে নতুন আইন প্রণয়নের কথা নিশ্চিত করেছেন মিলিব্যান্ড। গত শনিবার আইসিজে মিয়ানমারের বিরুদ্ধে জেনোসাইডের রায় দেওয়ার পর দেশটির প্রতিরক্ষা অ্যাটাশেকেও যুক্তরাজ্য থেকে বহিষ্কার করেন তিনি।

গত সোমবার ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের মিলিব্যান্ড জানান, চলতি সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আইসিজের রায়ের বিষয়টি উত্থাপন করবে যুক্তরাজ্য। আগামী দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে আলাদা একটি বৈঠকও অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

আইসিজের রায়ে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া রায়ে আদালত জানিয়েছে, উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে ‘জেনোসাইডের উদ্দেশ্য ছাড়া অন্য কোনো যুক্তিসংগত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই’। বিশ্বের বিভিন্ন দেশের বিচারকদের সমন্বয়ে গঠিত প্যানেলে ৯-৬ ভোটে এই রায় দেওয়া হয়। ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনের আরও কয়েকটি ধারা মিয়ানমার লঙ্ঘন করেছে বলেও সংখ্যাগরিষ্ঠ বিচারপতি মত দিয়েছেন।

আদালতের রায়ে আরও উল্লেখ করা হয় যে, বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের পশ্চিমের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা শুদ্ধি অভিযান চলাকালে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছিল। অভিযানের সময় রোহিঙ্গাদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া এবং নারী ও মেয়েশিশুদের ধর্ষণ, নির্যাতন ও হত্যার মতো অপরাধ সংঘটনের তথ্য বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, যদিও মিয়ানমার এসব অভিযোগ অস্বীকার করেছে।

পররাষ্ট্রমন্ত্রী মিলিব্যান্ড জানান, ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন এবং বাংলাদেশ তাঁদের সহায়তা দিয়ে যাচ্ছে। জেনোসাইডের সময় মিয়ানমারের নেতৃত্বে ছিলেন অং সান সু চি, যাকে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়। ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা জানতে পেরেছেন যে, মিয়ানমারে এখনো বিমান হামলা চলছে এবং আরাকান আর্মির সহিংসতার ঘটনাও ঘটছে।