আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) গত ১৯ নভেম্বর রোহিঙ্গা জেনোসাইড বা গোষ্ঠী নিধনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে এক ঐতিহাসিক রায় প্রদান করেছেন। ওআইসি সমর্থিত গাম্বিয়ার দায়ের করা এই মামলায় আদালত দ্ব্যর্থহীনভাবে নিশ্চিত করেছেন যে, রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতার মাধ্যমে মিয়ানমার জেনোসাইড কনভেনশনের অধীনে তার দায়বদ্ধতা লঙ্ঘন করেছে।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, মিয়ানমার তার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের জেনোসাইড সংঘটন থেকে বিরত রাখতে ব্যর্থ হয়েছে এবং এই অপরাধের জন্য উপযুক্ত শাস্তি নিশ্চিত করতেও ব্যর্থ হয়েছে। আইসিজে স্পষ্ট করে দিয়েছে যে, এই দুটি ব্যর্থতাই মূলত কনভেনশন লঙ্ঘনের শামিল।
এই রায়ের তাৎপর্য অত্যন্ত গভীর। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হলো, রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের কর্মকাণ্ড যে জেনোসাইডের পর্যায়ে পড়ে এবং রাষ্ট্র হিসেবে মিয়ানমার এর জন্য দায়ী—এটি এখন আদালতের একটি স্পষ্ট আইনি ঘোষণা। এর ফলে রোহিঙ্গারা তাদের ওপর ঘটে যাওয়া অমানবিক অপরাধের জন্য আইনিভাবে প্রতিষ্ঠিত একটি পরিভাষা হিসেবে ‘জেনোসাইড’ বা ‘গোষ্ঠী নিধন’ শব্দটিকে পেলেন।
এই আইনি সিদ্ধান্তটি কেবল রোহিঙ্গাদের জন্য নয়, বরং দক্ষিণ আফ্রিকার করা ইসরায়েলের বিরুদ্ধে মামলার ক্ষেত্রেও প্রভাব ফেলবে। পাশাপাশি ১৯৭১ সালের জেনোসাইডের স্বীকৃতি আদায়ে বাংলাদেশের যে দীর্ঘ প্রচেষ্টা চলছে, তার মতো অন্যান্য জেনোসাইডের স্বীকৃতিপ্রত্যাশী মানবাধিকারকর্মীদের জন্যও এটি একটি বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে।
রায়ের আরও দুটি প্রধান দিক হলো জবাবদিহিতা এবং ক্ষতিপূরণ। আইসিজে নির্দেশ দিয়েছেন যে, জেনোসাইড কনভেনশন লঙ্ঘনের যুক্তিসংগত সন্দেহ আছে এমন সব ব্যক্তির বিরুদ্ধে তদন্ত, বিচার ও শাস্তির জন্য মিয়ানমারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে কনভেনশন লঙ্ঘনের পুনরাবৃত্তি হবে না বলে মিয়ানমারকে নিশ্চয়তা ও অঙ্গীকার দিতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের লঙ্ঘন ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চলমান আলোচনায় এই নিশ্চয়তাগুলোর গুরুত্ব অপরিসীম, যা আদালত প্রতিকারমূলক ব্যবস্থার অংশ হিসেবে বিবেচনা করেছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন এবং পরিবারের পুনর্মিলন নিশ্চিত করতে হবে। এছাড়া হারানো বা ক্ষতিগ্রস্ত সম্পত্তি ফিরিয়ে দিতে হবে অথবা তার বদলে বিকল্প ব্যবস্থা করতে হবে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং মৃতদের দেহাবশেষ উদ্ধার করে রোহিঙ্গা রীতি অনুযায়ী সম্মানের সঙ্গে পুনঃসমাহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। মিয়ানমারের বেআইনি কর্মকাণ্ডে আহত ব্যক্তিদের শারীরিক ও মানসিক পুনর্বাসন এবং রোহিঙ্গাদের বৈষম্য ও নিপীড়ন থেকে সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। আদালত স্পষ্ট জানিয়েছেন, সম্পত্তি ফিরিয়ে দেওয়া সম্ভব না হলে মিয়ানমার রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য।
বাংলাদেশের জন্য এই রায়ের বিশেষ কূটনৈতিক ও নীতিগত গুরুত্ব রয়েছে। এক দশক ধরে ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ এখন এই রায়কে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। শরণার্থী আইনের প্রতিষ্ঠিত নীতি অনুযায়ী প্রত্যাবাসন অবশ্যই নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ হতে হবে।
তবে এই বিচারিক সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে গভীর উদ্বেগ রয়ে গেছে। আন্তর্জাতিক অঙ্গনে আইনহীনতার সাম্প্রতিক অভিজ্ঞতার কারণে এই উদ্বেগ আরও তীব্র। আইসিজের নিজস্ব কোনো প্রয়োগব্যবস্থা নেই এবং সিদ্ধান্ত কার্যকর করার ক্ষমতা সম্পন্ন নিরাপত্তা পরিষদ বর্তমানে প্রায় অচল। ঐতিহাসিকভাবে মিয়ানমার নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতাসম্পন্ন স্থায়ী সদস্য চীনের কূটনৈতিক সুরক্ষা পেয়ে এসেছে।
শক্তিশালী মিত্রের সমর্থন অনেক ক্ষেত্রে এই ধরনের অপরাধের দায়মুক্তি নিশ্চিত করে। উদাহরণস্বরূপ, গাজায় ইসরায়েলের জেনোসাইড যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের নানা মাত্রার কূটনৈতিক সুরক্ষা পেয়েছে। উল্লেখ্য, গাজায় জেনোসাইড চলাকালে এবং ইসরায়েলকে সামরিক ও কূটনৈতিক সহায়তা দেওয়ার বিষয়ে সমালোচনা বাড়তে থাকার মধ্যেই যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সসহ পশ্চিম ইউরোপের কয়েকটি দেশ আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে এই মামলার কার্যক্রমে হস্তক্ষেপ করেছিল।
আইসিজের এই রায় নিঃসন্দেহে উদ্যাপনযোগ্য। আন্তর্জাতিক প্রতিষ্ঠান, বিশেষ করে বিচারিক প্রতিষ্ঠান যখন শক্তিশালী পক্ষগুলোর অবিরাম আক্রমণের মুখে থাকে, তখন দুর্বলদের জন্য আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠানই হয়ে ওঠে শেষ আশ্রয়। তবে আন্তর্জাতিক আইনের এই উদ্যাপনের মাঝে মানবিক বিপর্যয় সৃষ্টিতে এর ভূমিকা যেন আমাদের দৃষ্টির আড়াল না করে।
সংখ্যালঘুদের অধিকার ও রাষ্ট্রহীনতা থেকে ব্যক্তিকে সুরক্ষা দেওয়ার জন্য তৈরি আন্তর্জাতিক আইনি নীতি এবং সাম্প্রতিক ‘সুরক্ষার দায়িত্ব’ মতবাদ থেকে মনে হতে পারে, সংখ্যালঘুদের এই মর্মান্তিক দুর্দশার সমাধান আন্তর্জাতিক আইনে রয়েছে। সেক্ষেত্রে সমস্যাটি হয়তো কেবল আইন প্রয়োগের ঘাটতি। কিন্তু বিদ্রূপের বিষয় হলো, উপনিবেশ-উত্তর রাষ্ট্রগুলোতে আন্তর্জাতিক আইন অনেক সময় জাতিগত সহিংসতার পথও সুগম করতে পারে। তাই রোহিঙ্গা সংকটকে কেবল আন্তর্জাতিক আইন প্রয়োগে ব্যর্থতা হিসেবে দেখা ভুল হবে। উটি পসিডেটিস, অর্থাৎ ঔপনিবেশিক সীমানা বহাল রাখার নীতি—সংখ্যালঘু অধিকারের প্রশ্নে আন্তর্জাতিক আইনের দ্ব্যর্থক অবস্থান এবং মানবাধিকারের মূল্যেও ‘উন্নয়নবাদ’-এর ওপর জোর—এসবের মাধ্যমে আন্তর্জাতিক আইন এই সংকটের পথ সুগম করেছে।
সংঘাতকে সহায়তা করার এই ভূমিকা শুধু রোহিঙ্গা সংকটের বৈশিষ্ট্য নয়; উপনিবেশ-উত্তর রাষ্ট্রগুলোতে বহু জাতিগত সহিংসতার ক্ষেত্রেই তা প্রযোজ্য। উপনিবেশ-উত্তর ‘জাতীয়’, ‘উদারনৈতিক’ ও ‘উন্নয়নবাদী’ রাষ্ট্রের মতাদর্শগত ভূমিকা নানাভাবে সংখ্যালঘুদের প্রান্তিক করে। একই সঙ্গে জাতীয় ঐক্য, সমতা ও বৈষম্যহীনতা এবং অর্থনৈতিক উন্নয়নের নামে নিপীড়নকে বৈধতা দেয়।
উপনিবেশ-উত্তর সীমানা, অধিকারের উদার-ব্যক্তিকেন্দ্রিক কাঠামো এবং অর্থনৈতিক উন্নয়নের নব্য উদারনৈতিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে আন্তর্জাতিক আইন উপনিবেশ-উত্তর রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ প্রক্রিয়ায় সংখ্যালঘুদের স্বার্থ অধস্তন হয়ে পড়ে এবং জাতিগত জাতীয়তাবাদ আরও তীব্র হয়।
উপনিবেশ-উত্তর রাষ্ট্র ও আন্তর্জাতিক আইনের এই উদ্বেগজনক সম্পর্ক সময়ের সঙ্গে গড়ে উঠেছে। তা মেরামত করতে হলে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক আইনি নীতিগুলোকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করাতে হবে। কিছু মতাদর্শগত টানাপোড়েন—যেমন ভৌগোলিক অখণ্ডতা ও প্রতিকারমূলক বিচ্ছিন্নতা, সার্বভৌমত্ব ও মানবিক হস্তক্ষেপ কিংবা ব্যক্তিস্বাতন্ত্র্য ও গোষ্ঠীগত অধিকারের মধ্যে—সহজে মিটিয়ে ফেলা যায় না।
তাই সমাধানের যেকোনো প্রচেষ্টায় সর্বোচ্চ ক্ষেত্রে দ্ব্যর্থকতা, আর সবচেয়ে খারাপ ক্ষেত্রে অন্তঃসারশূন্যতা দেখা দেওয়ার আশঙ্কা থাকে। কিন্তু উপনিবেশ-উত্তর রাষ্ট্রের মতাদর্শগত ভূমিকার কারণে সংখ্যালঘুদের যে বিপুল মানবিক দুর্ভোগ পোহাতে হয়, তাতে স্থিতাবস্থা বজায় রেখে নিষ্ক্রিয় থাকা কোনো গ্রহণযোগ্য বিকল্প নয়।
—মোহাম্মদ শাহাবুদ্দিন, বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের বার্মিংহাম ল স্কুলে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিষয়ের অধ্যাপক।