সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার জেনোসাইড বা জাতিগত নিধন চালিয়েছে বলে রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। দীর্ঘ সাত বছরের বিচারিক প্রক্রিয়া শেষে গতকাল বৃহস্পতিবার বহুল প্রতীক্ষিত এই রায় ঘোষণা করেন আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া। রায়টি পড়ে শোনাতে প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে।

আদালতের ১৫ জন বিচারকের মধ্যে ৯ জন মিয়ানমারের বিরুদ্ধে জাতিগত নিধনের অভিযোগের পক্ষে মত দিয়েছেন। প্রধানত মুসলিম এই জনগোষ্ঠীর ওপর কয়েক দশক ধরে চলা নিপীড়নের প্রেক্ষিতে বিচারকেরা ঐতিহাসিক ক্ষতিপূরণের আদেশের পক্ষেও ভোট দিয়েছেন।

১৯৪৫ সালে প্রতিষ্ঠিত জাতিসংঘের অধীন এই আদালতের ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে জাতিগত নিধনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। এই রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই।

২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে এই জাতিগত নিধনের মামলাটি দায়ের করেছিল।

রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের নিপীড়ন কয়েক দশক ধরে চলে আসছিল। তবে ২০১৭ সালে দেশটির সামরিক বাহিনী বড় পরিসরে অভিযান শুরু করলে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা তাদের ঘরবাড়ি ও জমিজমা ছেড়ে পালাতে বাধ্য হয়। তাদের অধিকাংশ প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেয় এবং বর্তমানে সেখানে আশ্রয়শিবিরে মানবেতর জীবন কাটাচ্ছে।

সামরিক অভিযানের শুরুর দিকেই প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হন। এছাড়া বঙ্গোপসাগর পাড়ি দিয়ে ঝুঁকিপূর্ণভাবে পালানোর সময় নৌকাডুবিতে আরও কয়েক হাজার মানুষের মৃত্যু হয়। মিয়ানমারের সামরিক বাহিনী ও তাদের সহযোগী মিলিশিয়াদের বিরুদ্ধে জাতিগত নিধন, নির্যাতন ও ধর্ষণের অভিযোগ করেছেন রোহিঙ্গারা।

নেদারল্যান্ডসের দ্য হেগে আইসিজের ভবন পিস প্যালেসে রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠন ফর্টিফাই রাইটসের কর্মী ম্যাথু স্মিথ। তাঁর সঙ্গে ছিলেন জাতিগত নিধন থেকে বেঁচে যাওয়া কয়েকজন ব্যক্তি এবং গাম্বিয়ার প্রতিনিধিদলের সদস্যরা।

স্মিথ বলেন, “এই রায় জাতিগত নিধনের অপরাধী ও এর পরিকল্পনাকারীদের ব্যক্তিগতভাবে ফৌজদারি বিচারের মুখোমুখি করার প্রচেষ্টাকে আরও জোরালো করবে। এ উদ্যোগ এগিয়ে নিতে রায়টি গুরুত্বপূর্ণ গতি সঞ্চার করবে।”

জাপানের বিচারক ইউজি ইওয়াসাওয়ার দীর্ঘ রায়ে উল্লেখ করা হয়েছে, রাখাইন রাজ্যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী “হাজারো রোহিঙ্গাকে হত্যা করেছে”। তাদের বিরুদ্ধে ব্যাপক যৌন সহিংসতা চালানো হয়েছে এবং শিশুদের ওপর চালানো হয়েছে “চরম সহিংসতা”।

রায়ে আরও বলা হয়েছে, রোহিঙ্গাদের গ্রামগুলো পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে এবং সেখানে স্থায়ী স্থাপনা তৈরি করে রোহিঙ্গা নয়, এমন ব্যক্তিদের বসতি গড়ে তোলা হয়েছে। এই রায় জাতিগত নিধনের অপরাধী ও এর পরিকল্পনাকারীদের ব্যক্তিগতভাবে ফৌজদারি বিচারের মুখোমুখি করার প্রচেষ্টাকে আরও জোরালো করবে। এ উদ্যোগ এগিয়ে নিতে রায়টি গুরুত্বপূর্ণ গতি সঞ্চার করবে।

আদালত পর্যবেক্ষণ করেছে যে, মিয়ানমারের সামরিক বাহিনী ইচ্ছাকৃতভাবে রোহিঙ্গাদের গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি করেছে। উচ্চপদস্থ কর্মকর্তারা বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়ে রোহিঙ্গাদের “মানুষের চেয়ে নিকৃষ্ট এবং সহিংস হুমকি” হিসেবে তুলে ধরেছেন।

আদালতের মতে, ঘরবাড়ি ধ্বংস করার ফলে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ফিরে আসার সুযোগ খুব কম ছিল, অনেকের ক্ষেত্রে একেবারেই ছিল না। বিশেষ করে শিশুদের বিরুদ্ধে সামরিক বাহিনীর কর্মকাণ্ড থেকে প্রমাণিত হয়েছে যে, রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্মহার কমিয়ে আনার উদ্দেশ্য ছিল তাদের।

রোহিঙ্গাবিরোধী অভিযানে সশস্ত্র বেসামরিক ব্যক্তি ও সহযোগী মিলিশিয়ারা অংশ নিয়েছিল এবং জাতিগত নিধনের ঝুঁকি থাকার বিষয়টি মিয়ানমারের সামরিক বাহিনী জানত। ইওয়াসাওয়া বলেন, “এর মধ্য দিয়ে জাতিগত নিধন প্রতিরোধের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে মিয়ানমার।”

আইসিজে নির্দেশ দিয়েছেন, মিয়ানমারকে সব ধরনের সহিংসতা বন্ধ করতে হবে। সন্দেহভাজন সব ব্যক্তির বিরুদ্ধে অবিলম্বে কার্যকর তদন্ত চালাতে হবে এবং দোষীদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না, তার নিশ্চয়তাও দিতে হবে।

আদালত রোহিঙ্গাদের অধিকার পুনর্বহাল ও সম্পত্তি ফিরিয়ে দেওয়াসহ ক্ষতিপূরণমূলক প্রতিকারের নির্দেশ দিয়েছেন। অধিকারকর্মীরা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছিলেন। আদালতের নির্দেশ অনুযায়ী, রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবর্তনের অনুমতি দিতে এবং তা সহজ করতে হবে মিয়ানমারকে। ক্ষতিগ্রস্ত যৌথ মালিকানাধীন সম্পত্তি ফিরিয়ে দিতে হবে কিংবা তার বিকল্প ব্যবস্থা করতে হবে।

নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে সহায়তা এবং যথাযথ দাফনের ব্যবস্থা করতে হবে। মানসিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের শারীরিক ও মানসিক পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং নিপীড়ন থেকে তাঁদের সুরক্ষাও নিশ্চিত করতে হবে।

আদালত জানিয়েছেন, ক্ষতিপূরণের পরিমাণ এখনই নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে পরিকল্পনা তুলে ধরে দুই বছরের মধ্যে প্রতিবেদন জমা দিতে মিয়ানমারকে নির্দেশ দেওয়া হয়েছে।

গাম্বিয়ার প্রধান আইনজীবী ও আইনি প্রতিষ্ঠান ফোলি হোগের অংশীদার আরসালান সুলেমান বলেন, “এই রায় রোহিঙ্গা জনগোষ্ঠী এবং মিয়ানমারের সামরিক বাহিনীর সহিংসতার শিকার অসংখ্য মানুষের জন্য ঐতিহাসিক বিজয়।” সুলেমানের মতে, জবাবদিহি নিশ্চিত করার পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং বছরের পর বছর ন্যায়বিচার চেয়ে আসা ভুক্তভোগী ও বেঁচে যাওয়া ব্যক্তিদের সাহস ও অধ্যবসায়ের প্রতি এই রায় সম্মান জানিয়েছে।

রোহিঙ্গাদের কাছে রায়ের দিনটি ছিল দীর্ঘ প্রতীক্ষার। রায়ের আগে রোহিঙ্গা হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা কিয়াও মিন সাবের আল-জাজিরাকে বলেন, “রোহিঙ্গারা ন্যায়বিচার এবং মিয়ানমারের ভেতরে ও বাইরে নিরাপত্তা চায়।” সাবের বলেন, রাখাইনে তাদের যেন আর বাস্তুচ্যুতি ও নির্বিচার হত্যার মুখে পড়তে না হয়, সেই প্রত্যাশাও রোহিঙ্গাদের রয়েছে।

আইসিজের নিজস্ব রায় সরাসরি কার্যকর করার ক্ষমতা নেই, তবে এই রায়ের গুরুত্ব অপরিসীম। গাম্বিয়া এখন বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুলে ধরে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাতে পারে।

রায়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ ১৯৪৮ সালের জেনোসাইড সনদ অনুযায়ী, কোনো দেশকে জাতিগত নিধনের জন্য দায়ী করতে হলে প্রমাণ করতে হয় যে, দেশটির কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায় ছিল। এটি প্রমাণ করা অত্যন্ত কঠিন, তাই এর আগে কোনো রাষ্ট্রকে জাতিগত নিধনের জন্য দায়ী করেনি আইসিজে।

২০০৭ সালে বসনিয়ার করা জাতিগত নিধনের মামলার রায়ে আইসিজে বলেছিলেন, স্রেব্রেনিৎসায় বসনীয় সার্ব বাহিনীর চালানো জাতিগত নিধন ঠেকাতে ব্যর্থ হয়েছে সার্বিয়া এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করতেও ব্যর্থ হয়েছে। এ কারণে সার্বিয়া জাতিসংঘের ১৯৪৮ সালের জাতিগত নিধন সনদ লঙ্ঘন করেছে। তবে আইসিজে বলেন, সার্বিয়া নিজে গোষ্ঠী নিধন সংঘটন করেনি। অন্যদিকে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্রেব্রেনিৎসায় জাতিগত নিধনের ঘটনায় জড়িত কয়েকজন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছিল।

এই রায়ের প্রভাব গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা জাতিগত নিধন মামলার ওপর পড়তে পারে।

রোহিঙ্গারা প্রধানত একটি মুসলিম জাতিগোষ্ঠী, যাদের মূল বসবাস মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে, যার সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে। ২০১৭ সালে বাস্তুচ্যুতির আগে মিয়ানমারে প্রায় ১৪ লাখ রোহিঙ্গা ছিল। দেশটির ১৩৭টি জাতিগোষ্ঠীর মধ্যে তারা সংখ্যালঘু। ভারত, পাকিস্তান ও সৌদি আরবেও রোহিঙ্গারা বসবাস করে।

বহু প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করা রোহিঙ্গারা নিজেদের আদিবাসী হিসেবে পরিচয় দিলেও সরকার তাদের স্বীকৃতি দেয় না; বরং বাংলাদেশ থেকে যাওয়া “অবৈধ অভিবাসী” বলে দাবি করে। ১৯৮২ সালের নাগরিকত্ব আইনে কার্যত অধিকাংশ রোহিঙ্গা রাষ্ট্রহীন হয়ে পড়ে। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত অং সান সু চির নেতৃত্বাধীন বেসামরিক সরকারও তাদের বঞ্চিত করেছে।

সহিংসতা ও বাস্তুচ্যুতির মুখে ২০১৩ সালে বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) গঠিত হয়। ২০১৭ সালের শেষ দিকে আরসা পুলিশের চৌকিতে হামলা করালে পাল্টা বড় ধরনের অভিযান শুরু করে তাতমাদো নামে পরিচিত মিয়ানমারের সশস্ত্র বাহিনী। ওই অভিযানে পুরুষদের গুলি করে হত্যা, নারীদের ধর্ষণ এবং শিশুদের আগুনে ছুড়ে ফেলার মতো নজিরবিহীন সহিংসতা চালানো হয় এবং গ্রামগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়।

২০১৯ সালে জাতিসংঘের একটি তথ্যানুসন্ধানী মিশনের প্রতিবেদনে বলা হয়, তাতমাদো নারী, পুরুষ ও শিশুদের দলবদ্ধভাবে ধর্ষণ করেছে এবং “জাতিগত নিধনমূলক কর্মকাণ্ড” চালিয়েছে।

সহিংসতার মুখে কয়েক মাসের মধ্যে অন্তত ৭ লাখ ৪০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে কক্সবাজারের শিবিরগুলোতে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাস করছে এবং মিয়ানমারে কঠোর বিধিনিষেধের মধ্যে প্রায় ৫ লাখ ২০ হাজার রোহিঙ্গা রয়েছে।

বাংলাদেশ চায় রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যাক। তবে ২০২৫ সালের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর বৈদেশিক সহায়তায় বড় ধরনের কাটছাঁট করায় এই সংকট আরও বেড়েছে।

গাম্বিয়া ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারকে হেগের আদালতে নিয়ে যায়, যা ৫৭ সদস্যের ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থন পেয়েছিল। তৎকালীন বিচারমন্ত্রী আবুবকর তামবাদুর নেতৃত্বাধীন আইনজীবীদের দল যুক্তি দেয়, মিয়ানমার জাতিগত নিধন চালিয়ে ১৯৪৮ সালের জেনোসাইড সনদ লঙ্ঘন করেছে।

মিয়ানমারের তৎকালীন নেত্রী অং সান সু চি নিজে আদালতে হাজির হয়ে গাম্বিয়ার অভিযোগকে “অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর” বলেছিলেন। পরে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। ২০২০ সালের জানুয়ারিতে আইসিজে মিয়ানমারকে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে বিশেষজ্ঞরা একে সু চির প্রতি “কঠোর ভর্ৎসনা” বলে বর্ণনা করেন।

মামলায় সমর্থন জানিয়ে অংশ নেওয়ার আবেদন করে কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডস, জার্মানি, মালদ্বীপ, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, স্লোভেনিয়ার, আয়ারল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স ও যুক্তরাজ্যসহ ১১টি দেশ।

২০২৬ সালের জানুয়ারির শুনানিতে বর্তমান বিচারমন্ত্রী দাউদা এ জালোর নেতৃত্বে গাম্বিয়া অভিযোগ করে, রোহিঙ্গাদের “ধ্বংসের” উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নিশানা করেছে মিয়ানমারের সামরিক বাহিনী এবং তাদের কর্মকাণ্ডে “জাতিগত নিধনের অভিপ্রায়” ছিল। গাম্বিয়া বেঁচে যাওয়া রোহিঙ্গাদের ক্ষতিপূরণ এবং নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করার আবেদন জানায়।

মিয়ানমার অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, আরসার সশস্ত্র হামলার জবাবে সামরিক বাহিনী “শুদ্ধি অভিযান” চালাতে বাধ্য হয়েছিল। বর্তমানে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন এবং ২০২১ সালের অভ্যুত্থানে ক্ষমতা দখল করেন।

বেঁচে যাওয়া ব্যক্তি ও মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই রায়ে রোহিঙ্গাদের ওপর সংঘটিত অন্যায়ের স্পষ্ট স্বীকৃতি মিলেছে এবং ন্যায়বিচার ও জবাবদিহির আইনি ভিত্তি তৈরি হয়েছে। এর মাধ্যমে তারা নিরাপদে ও মর্যাদার সঙ্গে ঘরে ফেরা এবং রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার লক্ষ্য অর্জনে এগোতে পারে।

ম্যাথু স্মিথ বলেন, ক্ষতিপূরণমূলক প্রতিকার নিয়ে নির্দেশনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাঁর ভাষ্য, “রোহিঙ্গাদের জন্য প্রতিকার হতে হবে পূর্ণাঙ্গ ও অর্থবহ। এর ধরন নির্ধারণে জাতিগত নিধন থেকে বেঁচে যাওয়া রোহিঙ্গাদের নিজেদের ভূমিকা থাকতে হবে।” স্মিথের মতে, এই প্রতিকারকে ত্রাণ বা মানবিক সহায়তার সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না, এর সঙ্গে রাষ্ট্রীয়ভাবে অন্যায় স্বীকার করতে হবে।

স্মিথ আরও বলেন, পরিকল্পনায় বিপুল ক্ষয়ক্ষতির আর্থিক ক্ষতিপূরণ, কেড়ে নেওয়া জমি ও সম্পত্তি ফিরিয়ে দেওয়া এবং নাগরিকত্ব ও মৌলিক অধিকার পুনর্বহাল করতে হবে। নিরাপদ প্রত্যাবর্তন, চিকিৎসা, মানসিক আঘাত কাটিয়ে ওঠার সহায়তা, শিক্ষা ও জীবিকার সুযোগের নিশ্চয়তাও থাকতে হবে। তিনি বলেন, “কোনো অর্থ দিয়েই গোষ্ঠী নিধনের ক্ষতি মুছে ফেলা যায় না। তবে অর্থবহ প্রতিকার অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার ফিরিয়ে দিতে পারে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এসব মানুষকে তিনটি বিষয় থেকেই বঞ্চিত করা হয়েছে।”

তবে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন এখনো অনিশ্চিত। ২০২১ সালে সু চির সরকার উৎখাতের পর মিয়ানমারে গৃহযুদ্ধ শুরু হয়, যাতে আনুমানিক এক লাখ মানুষ নিহত এবং ৩৫ লাখের বেশি বাস্তুচ্যুত হয়েছেন। রাখাইনে সামরিক বাহিনী ও বৌদ্ধ বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির লড়াই পরিস্থিতি আরও খারাপ করেছে। আরাকান আর্মিও রোহিঙ্গাদের নিশানা করে থাকে।

গত আগস্টে মিয়ানমার জানিয়েছিল, বাংলাদেশে আশ্রয় নেওয়া তিন লাখের বেশি শরণার্থীর পরিচয় যাচাই করে নিবন্ধন করা হয়েছে। তবে রাখাইনে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তবেই প্রত্যাবর্তন শুরু হতে পারে।

ট্রিনিটি কলেজ ডাবলিনের অধ্যাপক মাইকেল বেকার বলেন, জাতিগত নিধন রায় রোহিঙ্গাদের ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে, তবে স্বল্প মেয়াদে অবস্থার তেমন পরিবর্তন না-ও হতে পারে। তিনি বলেন, “আইসিজে সুদূরপ্রসারী প্রতিকারের নির্দেশ দিলেও মিয়ানমারের বাস্তব রাজনৈতিক পরিস্থিতিতে শিগগিরই তা কার্যকর করার অনুকূল পরিবেশ নেই।”

এখন সবার নজর মিয়ানমার আইসিজের রায় বাস্তবায়ন করবে কি না এবং ২০২৮ সালের নভেম্বরের মধ্যে নির্ধারিত প্রতিবেদন জমা দেবে কি না তার দিকে।

কিয়াও মিন সাবের বলেন, রোহিঙ্গাদের সমর্থনকারী রাষ্ট্রগুলো যেন মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর চাপ বজায় রাখে। তাঁর মতে, গাম্বিয়া, ওআইসি এবং সমর্থন জানানো দেশগুলোর গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপালসহ বিভিন্ন দেশে থাকা রোহিঙ্গাদের সুরক্ষা নিশ্চিত করতে।

সাবের বলেন, “তাদের (মামলাটিতে সমর্থন দেওয়া দেশগুলোর) অঙ্গীকার শুধু আদালতের কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। পূর্ণ সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিয়ে রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে না পারা পর্যন্ত এই অঙ্গীকার অব্যাহত রাখতে হবে।”