২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো নৃশংস দমন-পীড়নের ঘটনায় মিয়ানমারকে ‘জাতিগত নিধনের লক্ষ্য’ নিয়ে নির্বিচারে মানুষ হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত। দীর্ঘ সাত বছর ধরে চলা বিচারপ্রক্রিয়া শেষে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) আজ বৃহস্পতিবার তাদের চূড়ান্ত রায়ে এই সিদ্ধান্ত জানিয়েছে।

নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত এই আদালতের সভাপতি বিচারক ইয়াসাওয়া ইয়ুজি তাঁর পর্যবেক্ষণে জানান, ২০১৭ সালে তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশনে’ মিয়ানমারের নিরাপত্তা বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। তিনি আরও উল্লেখ করেন যে, নিরাপত্তা বাহিনী ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম নিষ্ঠুরতা প্রদর্শন করেছে এবং বিপুলসংখ্যক রোহিঙ্গা যখন বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন তাদের ওপর হামলা চালানো হয়েছে।

মিয়ানমারের নিরাপত্তা বাহিনী জাতিগত নিধনের লক্ষ্য নিয়েই এসব কর্মকাণ্ড পরিচালনা করেছে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর যথেষ্ট যৌক্তিক ভিত্তি রয়েছে বলে উল্লেখ করেছেন ইওয়াসাওয়া ইয়ুজি। তিনি বলেন, “২০১৭ সালে ওই অভিযন ঘিরে যে পরিস্থিতি তৈরি করা হয়েছিল, তা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর চালানো সহিংসতার অনুকূল পরিবেশ সৃষ্টি করেছিল। একই সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি অংশকে ধ্বংস করার বিষয়ে মিয়ানমারের অভিপ্রায় গড়ে ওঠার ভিত্তিও তৈরি করেছিল।”

আন্তর্জাতিক বিচার আদালতের এই বিচারক আরও জানান, আদালতের সামনে উপস্থাপিত সমস্ত প্রমাণ সামগ্রিকভাবে বিবেচনা করলে এই সিদ্ধান্তে পৌঁছানোর যৌক্তিক ভিত্তি পাওয়া যায় যে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী জাতিগত নিধনের লক্ষ্য নিয়ে কাজ করেছে।

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্ট মাসে বাংলাদেশ সীমান্তবর্তী আরাকান রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর ব্যাপক দমন অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। সেনাবাহিনীর চরম নিষ্ঠুরতার মুখে নিজেদের ঘর-বাড়ি ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয় সাত লাখেরও বেশি রোহিঙ্গা। বর্তমানে তারা বাংলাদেশের কক্সবাজার ও নোয়াখালীর ভাসানটকের শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় নিয়ে জীবনযাপন করছেন।

রোহিঙ্গাদের ওপর চালানো এই ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনায় ১৯৪৮ সালের জাতিসংঘের জাতিগত নিধন (জেনোসাইড) সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালে আইসিজেতে মামলা দায়ের করেছিল গাম্বিয়া। দীর্ঘ সাত বছরের বিচারকাজ পরিচালনার পর আজ আইসিজের বিচারকেরা এই ঐতিহাসিক রায় ঘোষণা করলেন।