মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা জেনোসাইড মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় পূর্ণাঙ্গভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন ১৪টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। সোমবার যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) ওয়েবসাইটে প্রকাশিত একটি যৌথ বিবৃতির মাধ্যমে এই দাবি জানানো হয়।

যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন, গাম্বিয়া ও যুক্তরাজ্য। এই বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, আইসিজের রায় মেনে চলা মিয়ানমারের জন্য বাধ্যতামূলক। একই সঙ্গে আদালতের সিদ্ধান্তসহ আন্তর্জাতিক আইনের অধীনে থাকা যাবতীয় বাধ্যবাধকতা পালনের জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য যে, জেনোসাইড কনভেনশনের আওতায় গাম্বিয়ার করা মামলায় গত ১৯ নভেম্বর রায় প্রদান করে আইসিজে। আদালতের রায়ে বলা হয়, ২০১৭ সালে উত্তর রাখাইন রাজ্যে পরিচালিত সামরিক অভিযানের সময় রোহিঙ্গাদের বিরুদ্ধে জেনোসাইড বা গণহত্যা চালিয়েছে মিয়ানমার। এছাড়া জেনোসাইড প্রতিরোধ, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং এই সংক্রান্ত বাধ্যবাধকতা বাস্তবায়নে প্রয়োজনীয় আইন প্রণয়নের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে দেশটি।

১৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বিবৃতিতে বলা হয়, “আইসিজের এই রায় রোহিঙ্গা নিপীড়নের ভুক্তভোগী ও বেঁচে যাওয়া ব্যক্তিদের পাশাপাশি মিয়ানমারে চলমান নৃশংসতায় ক্ষতিগ্রস্ত সবার জন্য জবাবদিহি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

পররাষ্ট্রমন্ত্রীরা আরও উল্লেখ করেন, “রোহিঙ্গারা বছরের পর বছর ধরে ভয়াবহ সহিংসতা, বাস্তুচ্যুতি ও নিপীড়নের শিকার হয়েছেন। আদালতের এই রায় স্পষ্ট বার্তা দিচ্ছে, এ ধরনের অপরাধ করে দায়মুক্তি পাওয়া যায় না।” একই সঙ্গে বিবৃতিতে বলা হয়েছে, রোহিঙ্গা শরণার্থীদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদার সঙ্গে ও টেকসইভাবে মিয়ানমারে ফিরে যাওয়ার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা এখন অত্যন্ত জরুরি।

রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার ভুক্তভোগী এবং যারা বেঁচে ফিরেছেন, তাদের প্রতি নিজেদের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এই ১৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি মিয়ানমারের সব মানুষের জন্য একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ার পথে তারা সমর্থন ব্যক্ত করেন।

অন্যদিকে, আন্তর্জাতিক আদালতের এই রায়ের বিষয়ে ভিন্ন মত পোষণ করেছে মিয়ানমার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ২০ নভেম্বর দেওয়া এক বিবৃতিতে আইসিজের রায়ের ফলকে ‘হতাশাজনক’ বলে উল্লেখ করেছে। মিয়ানমারের দাবি, ৯–৬ ভোটে দেওয়া এই রায় সর্বসম্মত নয়; তাই রায়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করতে সময় নেবে দেশটি।