উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে জেনোসাইড বা গোষ্ঠী নিধন সংঘটনের জন্য মিয়ানমারকে দায়ী করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। জাতিসংঘের সর্বোচ্চ এই আদালত তার রায়ে উল্লেখ করেছে, ২০১৭ সালে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ নামক অভিযানের মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায় ছিল মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর।

২০১৭ সালের ২৫ আগস্ট রাত থেকে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর চরম নিপীড়ন থেকে বাঁচতে রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করে। পরবর্তী কয়েক মাসের মধ্যে সাত লাখেরও বেশি রোহিঙ্গা কক্সবাজারে আশ্রয় নেয়। এই ভয়াবহ রোহিঙ্গা নিধনের ঘটনার প্রেক্ষিতে ২০১৯ সালের ১১ নভেম্বর গাম্বিয়া আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা দায়ের করে।

দীর্ঘ সাত বছরের বিচারিক প্রক্রিয়া শেষে গতকাল বৃহস্পতিবার আইসিজে তাদের চূড়ান্ত রায় প্রদান করেন। এই রায়ে মিয়ানমার জেনোসাইড সংঘটনে দায়ী বলে সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে ৯ জন বিচারক রায়ের পক্ষে এবং ৬ জন বিচারক বিপক্ষে মত দিয়েছেন। উল্লেখ্য, আন্তর্জাতিক বিচার আদালত এই প্রথম কোনো রাষ্ট্রকে সরাসরি জেনোসাইড বা গোষ্ঠী নিধনের জন্য দায়ী করল।

সাম্প্রতিক ইতিহাসের অন্যতম চরম নৃশংসতার জন্য মিয়ানমারকে দোষী সাব্যস্ত করলেও এই রায়ের বাস্তবায়ন নিয়ে বড় ধরনের প্রশ্ন রয়ে গেছে। কারণ, জাতিসংঘের সর্বোচ্চ আদালতের এই রায় বাস্তবে কীভাবে কার্যকর হবে, তা এখনো স্পষ্ট নয়।

নেদারল্যান্ডসের দ্য হেগে পিস প্যালেসে তিন ঘণ্টা ধরে রায় পাঠ করেন আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া। তিনি বলেন, “২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। এ সময় ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম নির্যাতন এবং বাংলাদেশে পালিয়ে আসার সময় রোহিঙ্গাদের ওপর হামলার ঘটনাও ঘটেছে।”

আইসিজে আরও জানিয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ব্যাপক নৃশংসতার যেসব প্রমাণ পাওয়া গেছে, তা বিশ্লেষণ করে একমাত্র যুক্তিসংগত সিদ্ধান্ত এটাই যে, ২০১৭ সালে সেনাবাহিনীর মাধ্যমে ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এর নামে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল তাদের। আদালত আরও পর্যবেক্ষণ করে যে, সামরিক অভিযানের পাশাপাশি সশস্ত্র বেসামরিক লোকজন অংশ নেওয়ার পরও গোষ্ঠী নিধনের ঝুঁকির বিষয়ে মিয়ানমার কর্তৃপক্ষের সচেতন থাকা উচিত ছিল। তবে দেশটি গোষ্ঠী নিধন প্রতিরোধে তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।

উল্লেখ্য, এর আগে ১৯৯৪ সালে রুয়ান্ডা হত্যাযজ্ঞ, ১৯৯৫ সালে বসনিয়ার স্রেব্রেনিৎসা হত্যাযজ্ঞ এবং ১৯৭০-এর দশকের শেষ দিকে কম্বোডিয়ায় খেমারুজের নৃশংসতাকে গোষ্ঠী নিধন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল।

আইসিজের এই রায় রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য একটি ইতিবাচক ফল এবং এর ফলে বাংলাদেশের জন্যও কিছু ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। রোহিঙ্গা সংকট সমাধানে আগামী দিনে কীভাবে এগোনো যায়, তার ওপর এই রায়ের প্রভাব থাকবে। তবে রায়ের বাস্তবায়ন নিয়ে সংশয় রয়ে গেছে, কারণ রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধ নিষ্পত্তি এবং আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের বিচার করলেও আইসিজের রায় কার্যকর করার ক্ষমতা ও সুযোগ অত্যন্ত সীমিত।

সনদ অনুযায়ী জাতিসংঘের এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা থাকলেও নিরাপত্তা পরিষদে তা কার্যকর হবে কি না, তা নিয়ে কূটনৈতিক বিশ্লেষকদের মনে সন্দেহ রয়েছে। অন্যদিকে, ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য গাম্বিয়ার করা এই মামলার রায়ের পর গাজার ফিলিস্তিনিদের ওপর গোষ্ঠী নিধনের জবাবদিহির বিষয়টি আরও জোরালো হতে পারে। তবে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কেমন হবে তা অনিশ্চিত। চীন ও রাশিয়া দীর্ঘদিন ধরে নিরাপত্তা পরিষদে মিয়ানমারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে দেয়নি। এখন যুক্তরাষ্ট্র আইসিজের এই রায়ের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে কি না, তা নিয়ে আশঙ্কা করা হচ্ছে। চীন ও রাশিয়ার পাশাপাশি সাম্প্রতিক সময়ে নিজেদের স্বার্থে যুক্তরাষ্ট্রকেও মিয়ানমারের সঙ্গে যুক্ত হওয়ার উদ্যোগ নিতে দেখা গেছে।

আদালত রায়ে স্পষ্টভাবে বলেছে, “২০১৭ সালের ‘ক্লিয়ারেন্স অপারেশনের’ সময় উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার গোষ্ঠী নিধন চালিয়েছে। এর মাধ্যমে দেশটি গোষ্ঠী নিধন প্রতিরোধ ও শাস্তিবিষয়ক সনদের অধীন নিজেদের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।”

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের জানান, আইসিজের রায় রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য একটি ইতিবাচক ফল। তাই এতে বাংলাদেশের জন্যও কিছু ইতিবাচক প্রভাব রয়েছে। রোহিঙ্গা সংকট সমাধানে কীভাবে এগোনো যায়, সেটিরও প্রভাব থাকবে বলে তিনি মনে করেন।

আদালত আরও উল্লেখ করেছে যে, মিয়ানমার সনদের আওতায় আরও কয়েকটি বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। এর মধ্যে রয়েছে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি কাজ করা ব্যক্তিদের দ্বারা গোষ্ঠী নিধন প্রতিরোধ করা, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা এবং সনদ কার্যকর করতে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা। তবে আদালত জানিয়েছে, উত্তর রাখাইন রাজ্যে বেসামরিক ব্যক্তিদের গোষ্ঠী নিধনে মিয়ানমার প্রত্যক্ষ ও প্রকাশ্যে উসকানি দেয়নি।

আদালত আরও পর্যবেক্ষণ করেছে যে, ২০২০ সালের ২৩ জানুয়ারির আদেশে দেওয়া নির্দেশ মিয়ানমার লঙ্ঘন করেছে। ওই আদেশে প্রমাণ ধ্বংস বন্ধ করতে এবং সংরক্ষণ নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল।

গোষ্ঠী নিধন সনদ লঙ্ঘনের কারণে আইসিজে মিয়ানমারকে বেশ কিছু নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে—সনদের বাধ্যবাধকতা কার্যকর করতে আইন প্রণয়ন করে চলমান লঙ্ঘন বন্ধ করা, সন্দেহভাজনদের বিরুদ্ধে তদন্ত ও বিচার নিশ্চিত করা এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা দেওয়া।

এছাড়া আদালত রোহিঙ্গাদের স্বার্থে ক্ষতিপূরণমূলক পুনর্বাসন (রেস্টিটিউশন) ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। এর আওতায় বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণভাবে নিজ বাসস্থানে ফেরার সুযোগ দেওয়া, পরিবারগুলোর পুনর্মিলন নিশ্চিত করা এবং সদস্যদের ক্ষতির জন্য ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

সবশেষে আদালত সিদ্ধান্ত দিয়েছে যে, ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতি মামলার পরবর্তী ধাপে নির্ধারণ করা হবে। এজন্য রায়ের দিন থেকে দুই বছরের মধ্যে মিয়ানমারকে আদালতে একটি প্রতিবেদন জমা দিতে হবে, যেখানে গৃহীত পদক্ষেপ ও ক্ষতিপূরণের বিস্তারিত উল্লেখ থাকবে।

মিয়ানমারে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের জ্যেষ্ঠ গবেষণা ফেলো মোহাম্মদ সুফিউর রহমান মুক্তকণ্ঠকে বলেন, “রোহিঙ্গাদের প্রতি মিয়ানমার যে গোষ্ঠী নিধন চালিয়েছিল, সেটা আইসিজের রায়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেল। এটি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য একটি নৈতিক বিজয়। এটা সংকট সমাধানের ক্ষেত্রে তাদের পরের ধাপে যেতে সহায়তা করবে।”

সাবেক এই কূটনীতিকের মতে, আইসিজের রায় বাস্তবায়নের জন্য দুই বছরের সময়সীমা বেঁধে দেওয়াটা তাৎপর্যপূর্ণ। বিশেষ করে তাদের প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমারের ওপর চাপ তৈরি হলো। তবে বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, “এখানে আইসিজে কিংবা আদালতের তেমন কিছু করার নেই। তবে জাতিসংঘ সনদের ৮ অনুচ্ছেদ অনুযায়ী, জাতিসংঘ তথা নিরাপত্তা পরিষদের ওপর রায় বাস্তবায়নের দায় পড়বে।”