বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ এবং সফটওয়্যার টেস্টিং খাতের পেশাজীবীদের জন্য অন্যতম প্রধান প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত এসকিউএটি বাংলাদেশ তাদের চতুর্থ আয়োজন করতে যাচ্ছে। আগামী ৫ ডিসেম্বর ঢাকার শেরাটন হোটেলে এই বিশেষ সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘এআই যুগে সফটওয়্যার মান’।

‘চতুর্থ সিম্পোজিয়াম অন সফটওয়্যার কিউএ অ্যান্ড টেস্টিং’ শীর্ষক এই গুরুত্বপূর্ণ আয়োজনে অংশ নিতে আসছেন আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞবৃন্দ। এর মধ্যে রয়েছেন আইএসটিকিউবির বর্তমান গ্লোবাল প্রেসিডেন্ট ক্লডিয়া ডুসা এবং সাবেক গ্লোবাল প্রেসিডেন্ট অলিভিয়ের ডেনু। এছাড়া দেশি ও বিদেশি সফটওয়্যার কোয়ালিটি বিশেষজ্ঞ, অভিজ্ঞ প্রকৌশলী, বিভিন্ন প্রতিষ্ঠানের সিআইও ও সিটিও, প্রযুক্তি খাতের পেশাজীবী, নীতিনির্ধারক এবং শিক্ষকরা এই সম্মেলনে উপস্থিত থাকবেন।

পুরো সিম্পোজিয়ামটির আয়োজন পরিচালনা করছে বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড (বিএসটিবি)। এই আয়োজনের একাডেমিক অংশীদার হিসেবে যুক্ত রয়েছে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।

আজ মঙ্গলবার ঢাকার ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্কোয়াট বাংলাদেশ ২০২৬ নিয়ে বিস্তারিত তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনের মূল বক্তব্য উপস্থাপন করেন সম্মেলনের আহ্বায়ক কে এম হাসান। অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ডের প্রেসিডেন্ট মোহাম্মদ নূরুজ্জামান। এছাড়া সভায় উপস্থিত ছিলেন বিএসটিবি-র সচিব মোহাম্মদ আক্তার উল আলম, প্রকৌশলী মো. অলিউল্লাহ ভূঁইয়া এবং পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ।

দিনব্যাপী এই আয়োজনে থাকছে বৈশ্বিক বিশেষজ্ঞদের মাস্টার ক্লাস, কি–নোট উপস্থাপনা এবং প্ল্যানারি অধিবেশন। পাশাপাশি এআই টেস্টিং, টেস্ট অটোমেশন, কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং, প্রফেশনাল নেটওয়ার্কিং, সার্টিফিকেশন এবং ক্যারিয়ার ইনসাইটস নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বিএসটিবি-র দীর্ঘমেয়াদী লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে ১০ হাজার সার্টিফায়েড প্রকৌশলী তৈরিতে অবদান রাখা। এর মাধ্যমে সফটওয়্যার কিউএ ও টেস্টিংয়ে দক্ষ কর্মসংস্থান সৃষ্টি করা এবং প্রকৌশলীদের বৈশ্বিক প্রকল্প ও তথ্যপ্রযুক্তি সেবা রপ্তানির সাথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে তাদের।

সিম্পোজিয়ামে অংশগ্রহণের জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে নিবন্ধন করা যাবে। এই আয়োজনের এক্সাম ও ডব্লিউবিটি অংশীদার হিসেবে রয়েছে আইএকিইআই জার্মানি। প্রযুক্তি অংশীদার হিসেবে যুক্ত আছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, টেকএক্স ও বিটোপিয়া গ্রুপ। এছাড়া ক্যারিয়ার অংশীদার হিসেবে থাকছে স্কিল ডটজবস ও বিডিজবস।