কয়েক শতাব্দী আগের ঢাকার জীবনযাত্রা কেমন ছিল? নবাবি আমলের দরবার, রাজকীয় আচার-অনুষ্ঠান আর তৎকালীন সংস্কৃতি সম্পর্কে জানতে আগ্রহী হলে ঘুরে আসতে পারেন পুরান ঢাকার নিমতলী প্রাসাদের ঐতিহাসিক দেউড়ি ভবনে। প্রায় ২৬০ বছরের প্রাচীন এই ভবনের ভেতরেই এখন গড়ে উঠেছে এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর। এখানে পুরান ঢাকার ইতিহাসের নানা অমূল্য নিদর্শন দেখার পাশাপাশি একসময়ের আভিজাত্যপূর্ণ নবাবি জীবনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ মিলবে। জাদুঘরটির পাশেই অবস্থিত দুর্লভ বই ও সমৃদ্ধ গবেষণাসামগ্রীতে ঠাসা এশিয়াটিক সোসাইটির গ্রন্থাগার।
বর্তমানে যে দেউড়ি ভবনে এই জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়েছে, সেটি একসময় ছিল বিশাল নিমতলী প্রাসাদের পশ্চিম দিকের প্রবেশদ্বার। ১৭৬৫–৬৬ সালে ঢাকার নায়েব-নাজিম জসরত খানের বাসস্থানের জন্য এই প্রাসাদটি নির্মাণ করা হয়েছিল। স্থাপনাটির স্থাপত্যশৈলীতে মোগল ও ইউরোপীয় রীতির এক অনন্য প্রভাব লক্ষ্য করা যায়। এক সময়ে নিমতলী প্রাসাদ ছিল ঢাকার প্রশাসনিক ও সামাজিক জীবনের অন্যতম প্রধান কেন্দ্র। এখানে নায়েব-নাজিমরা বসবাস করতেন এবং তাঁদের দরবার ও বিভিন্ন আনুষ্ঠানিক আয়োজনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে ছিল এই প্রাসাদ।
সময়ের পরিক্রমায় বিশাল এই প্রাসাদের অধিকাংশ অংশই বিলীন হয়ে গেছে। তবে ঐতিহ্যের সাক্ষী হয়ে টিকে আছে ঐতিহাসিক দেউড়ি ভবনটি। পুরান ঢাকার সেই গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করতেই ভবনটিকে সংস্কার করে প্রতিষ্ঠা করা হয় এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর। ২০১৮ সালের ১১ অক্টোবর জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং পরের বছরের জানুয়ারিতে এটিকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
জাদুঘরের মোট ছয়টি গ্যালারিতে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার ইতিহাস, দেউড়ি ভবনের সংরক্ষণ প্রক্রিয়া, বাংলার নায়েব-নাজিমদের শাসনামল এবং পুরান ঢাকার জীবনযাত্রা ও শিল্পকলা। বিশেষ করে ১৭০০ থেকে ১৯০০ সাল পর্যন্ত ঢাকার সামাজিক ও সাংস্কৃতিক জীবনের নানা চিত্র এখানে প্রদর্শিত হয়েছে। জাদুঘরের অন্যতম প্রধান আকর্ষণ হলো নায়েব-নাজিম নুসরত জংয়ের দরবারের একটি ত্রিমাত্রিক উপস্থাপনা। সেই সময়ের দরবারের পরিবেশ, আচার-অনুষ্ঠান ও জীবনযাত্রার দৃশ্যগুলো এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে, তা দেখে মনে হতে পারে দর্শনার্থীরা কয়েক শ বছর আগের ঢাকায় ফিরে গেছেন। প্রতিটি গ্যালারিতে রয়েছে ইতিহাসের আলাদা আলাদা গল্প, যা পুরান ঢাকাকে নতুন করে চিনতে সাহায্য করবে।
জাদুঘর পরিদর্শনের পাশাপাশি এশিয়াটিক সোসাইটির গ্রন্থাগার সম্পর্কেও জেনে নিতে পারেন। এখানে ইতিহাস, প্রত্নতত্ত্ব, ভাষা, সাহিত্য, সমাজ ও সংস্কৃতিবিষয়ক ২৫ হাজারের বেশি বই ও অন্যান্য সংগ্রহ রয়েছে। পুরোনো বই, সাময়িকী ও গবেষণাপত্রের পাতায় পাওয়া যাবে বিভিন্ন সময়ের সমাজ, সংস্কৃতি ও মানুষের জীবনযাপনের পরিচয়। গবেষক ও শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ বইপ্রেমীরাও নির্দিষ্ট নিয়ম মেনে এই গ্রন্থাগার ব্যবহারের সুযোগ পান।
তবে গ্রন্থাগারের বই পড়ার জন্য সদস্য হওয়া বাধ্যতামূলক। এশিয়াটিক সোসাইটির ওয়েবসাইটে প্রকাশিত সদস্যপদের তথ্য অনুযায়ী, সদস্যপদের তিনটি ধরন রয়েছে। শিক্ষার্থীদের জন্য অ্যাসোসিয়েট মেম্বারশিপের বার্ষিক ফি ৫০০ টাকা। সাধারণ পাঠকদের জন্য একই সদস্যপদের ফি ১ হাজার টাকা। এছাড়া জেনারেল মেম্বারশিপের বার্ষিক ফি ২ হাজার টাকা। সদস্য হতে ইচ্ছুক ব্যক্তিদের নিমতলীতে অবস্থিত এশিয়াটিক সোসাইটির কার্যালয়ের সদস্যপদ বিভাগ থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। শিক্ষার্থী হিসেবে আবেদন করলে সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র রাখতে হবে। নির্ধারিত ফি জমা দিয়ে আবেদন করার পর তা অনুমোদিত হলে গ্রন্থাগারের সদস্য হিসেবে বই পড়ার সুযোগ পাওয়া যাবে।
উল্লেখ্য যে, শুধু জাদুঘর দেখতে গেলে গ্রন্থাগারের সদস্য হওয়ার প্রয়োজন নেই। নির্ধারিত প্রবেশমূল্য দিয়েই জাদুঘরটি ঘুরে দেখা সম্ভব। জাদুঘর পরিদর্শনের সময় গ্রন্থাগারে প্রবেশের জন্য আলাদা কোনো ফি দিতে হয় না। এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর সপ্তাহে দুই দিন দর্শনার্থীদের জন্য খোলা থাকে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা এবং শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১টা ও বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এটি খোলা থাকে।
জাদুঘরের প্রবেশমূল্য সাধারণ দর্শনার্থীদের জন্য ২০ টাকা, শিক্ষার্থীদের জন্য ১০ টাকা এবং বিদেশি দর্শনার্থীদের জন্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের প্রবেশের সময় অবশ্যই পরিচয়পত্র দেখাতে হবে। অন্যদিকে, এশিয়াটিক সোসাইটির গ্রন্থাগার রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে।
পুরান ঢাকার নিমতলীতে, ৫ নম্বর ওল্ড সেক্রেটারিয়েট রোডে এশিয়াটিক সোসাইটির প্রাঙ্গণে এই জাদুঘরটির অবস্থান। যেহেতু জাদুঘর ও গ্রন্থাগারের সময়সূচি আলাদা, তাই দুটিই ঘুরে দেখতে চাইলে বৃহস্পতিবার যাওয়ার পরিকল্পনা করা বুদ্ধিমানের কাজ হবে। তবে সরকারি ছুটি বা বিশেষ কারণে সময়সূচি পরিবর্তিত হতে পারে, তাই যাওয়ার আগে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নেওয়া ভালো।