নদীর তীরে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা নৌকার সারি, পুরান ঢাকার প্রাচীন দরদালান, দূর দিগন্তে মসজিদের মিনার ও গম্বুজের দৃশ্য এবং জলরঙের আলো-আঁধারির এক রহস্যময় জগৎ—সব মিলিয়ে এক অনন্য আবহ তৈরি হয়েছে প্রদর্শনীতে। এর পাশাপাশি স্থান পেয়েছে আধুনিক স্থাপত্যের আলোকচিত্র এবং বিভিন্ন স্থাপত্যের মডেল। সব মিলিয়ে পুরান ঢাকার স্মৃতিবাস্তবতার এক কাব্যময় রূপ ফুটে উঠেছে এখানে। এসব বিষয়বস্তু নিয়েই ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান প্রদর্শনকক্ষে আয়োজিত হয়েছে স্থপতি রফিক আজমের একক প্রদর্শনী, যার শিরোনাম ‘থ্রেশহোল্ড: আর্ট অ্যান্ড আর্কিটেকচার’।
গত শুক্রবার ছুটির দিনের বিকেলে বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে এই প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রশিল্পী মনিরুল ইসলাম। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি অধ্যাপক শামসুল ওয়ারেস এবং স্থপতি জালাল আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে স্থপতি রফিক আজম তাঁর শিল্পভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। উল্লেখ্য, প্রদর্শনীটি কিউরেট করেছেন বিশিষ্ট শিল্পী মাহ্বুবুর রহমান ও তাইয়্যেবা বেগম লিপি। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত এই প্রদর্শনী চলবে এবং প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
প্রদর্শনকক্ষে প্রবেশ করলেই সামনের দেয়ালের একটি বড় বোর্ডে স্থাপত্যের নকশা সবার দৃষ্টি আকর্ষণ করে। পাশের দেয়ালগুলোতে প্রদর্শিত হয়েছে কালি ও কলমে আঁকা নিখুঁত রেখাচিত্র। স্থপতি রফিক আজমের জন্ম পুরান ঢাকার লালবাগে, তাই ঢাকার পরিবর্তন তিনি অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। তাঁর ছবিতে অপরিকল্পিত নগরায়ণ এবং বৃক্ষহীন রুক্ষ নাগরিক দৃশ্যপটের বাস্তব চিত্র ফুটে উঠেছে। ঘরবাড়ির ওপর দিয়ে অগোছালোভাবে টানা বিদ্যুতের তার, পুরান ঢাকার প্রাচীন দালানকোঠার খণ্ডাংশ, ছাদের কার্নিশ, খিলান ও প্রাচীরের বিবরণ পাওয়া যায় তাঁর রেখাচিত্রে।
রফিক আজমের আঁকা রেখাচিত্রে নদীতীরের নৌকার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নৌকার বিভিন্ন গড়ন তিনি এঁকেছেন; সামনে, পেছনে কিংবা পাশ থেকে দেখা নৌকার অবয়বগুলো তাঁর ছবিতে ধরা পড়েছে। পাশাপাশি প্রদর্শনীতে স্থান পেয়েছে রিকশার ছবিও। হাতে টানা পুরোনো দিনের রিকশা থেকে শুরু করে বর্তমানের প্যাডেল রিকশা—সবই তিনি ফুটিয়ে তুলেছেন। এছাড়া ঢেউখেলানো শাখা-প্রশাখা মেলে থাকা গাছপালার চিত্রও এখানে দেখা যায়।
প্রদর্শনীতে থাকা জলরঙের কাজগুলো অনেকটা বিমূর্ত রীতির, যেখানে সাদা ও কালোর এক রহস্যময় খেলা চলছে। এছাড়া ব্যক্তিগত বসতবাড়ি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ভবনের স্থাপত্যনকশা প্রদর্শিত হয়েছে। সেইসব ভবনের বিশেষ বৈশিষ্ট্যসমূহ আলোকচিত্র ও স্থাপনার মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বুড়িগঙ্গার তীর ঘেঁষে অপরিকল্পিতভাবে সম্প্রসারিত ঢাকা নগরীর বিশালতার চিত্রও এই প্রদর্শনীতে স্থান পেয়েছে।
প্রদর্শনকক্ষের মেঝের একটি বড় অংশ জুড়ে রয়েছে তাঁর স্থাপত্যের মডেল, খসড়া নকশা, নকশার খাতা এবং লেখালেখির খাতা দিয়ে তৈরি একটি বিশেষ স্থাপনাশিল্প। কক্ষের দক্ষিণ পাশের দেয়ালজুড়ে প্রদর্শিত হচ্ছে স্থপতি রফিক আজমের একটি ভিডিও চিত্র, যেখানে তিনি তাঁর স্থাপত্য ও শিল্পভাবনার দীর্ঘ অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
স্থপতি রফিক আজম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পন্ন করেছেন এবং পরবর্তীতে অস্ট্রেলিয়া থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন। বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে এটি তাঁর তৃতীয় একক প্রদর্শনী। এর আগে ২০০৮ সালে ‘নেচার ইজ’ এবং ২০১৪ সালে ‘ওয়াটার ইন লাইট’ শিরোনামে তাঁর দুটি একক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল।
এছাড়া রফিক আজমের কাজ ও ভাবনা নিয়ে ইতালির বিখ্যাত প্রকাশনা সংস্থা স্কিরা এবং বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘আর্কিটেকচার ফর গ্রিন লিভিং’ নামের একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। স্থাপত্যকর্মের জন্য ‘লিডিং ইউরোপিয়ান আর্কিটেক্ট’ পুরস্কারসহ দেশে ও বিদেশে অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন স্থপতি রফিক আজম।