পুরান ঢাকার লালবাগে একটি ভাড়া বাসা থেকে আনোয়ার হোসেন (৪৭) নামে এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, দুই থেকে তিন দিন আগে তাঁর মৃত্যু হয়েছে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে লালবাগের শহীদনগরের বউবাজার ৩ নম্বর গলির ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আনোয়ার হোসেনের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গোয়ালগাঁও গ্রামে।
লালবাগ থানা–পুলিশ সূত্রে জানা গেছে, পাশের কক্ষের এক ভাড়াটে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে।
পুলিশ জানায়, মুহাম্মদ আনোয়ার হোসেন জজকোর্টের একজন আইনজীবী ছিলেন। তবে তিনি দীর্ঘদিন ধরে আইন পেশায় নিয়মিত ছিলেন না। ওই বাসার একটি কক্ষে তিনি একাই থাকতেন। তাঁর পরিবার গ্রামে থাকে।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসেন মুক্তকণ্ঠকে বলেন, "স্ট্রোক করে দুই দিন আগে তিনি মারা গেছেন বলে তাঁদের প্রাথমিক ধারণা। তাঁর পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।"