পুরান ঢাকার সকালের আমেজ শহরের অন্য যেকোনো এলাকার চেয়ে সম্পূর্ণ আলাদা। এখানে ভোরবেলাই শুরু হয় মানুষের কোলাহল আর এক ভিন্ন স্বাদের উৎসব। অলিগলির ছোট ছোট খাবারের দোকানগুলো যখন খুলে যায়, তখন কোথাও কড়াইয়ে ফুলে ওঠে গরম লুচি, কোথাও চুল্লিতে তৈরি হয় সুস্বাদু বাকরখানি, আবার কোথাও বিরিয়ানির হাঁড়ি থেকে ভেসে আসে মশলার তীব্র সুবাস। কেউবা এক গ্লাস ঠান্ডা মাঠা কিংবা ধোঁয়া ওঠা এক বাটি নেহারি দিয়ে শুরু করেন তাঁদের দিন। প্রজন্মের পর প্রজন্ম ধরে পুরান ঢাকার বেশ কিছু পুরোনো প্রতিষ্ঠান এই খাবারের স্বাদ ও ঐতিহ্যকে আগলে রেখেছে। সময়ের সাথে সাথে শহরের দৃশ্যপট বদলে গেলেও এই খাবারের প্রতি মানুষের টান বিন্দুমাত্র কমেনি। পুরান ঢাকার এমনই পাঁচটি বিশেষ খাবারের দোকান ঘুরে স্বাদ, ঐতিহ্য ও সকালের ব্যস্ততার গল্প তুলে ধরেছেন তারেক হাসান সরকার।
নর্থব্রুক হল রোডের ৪৭ নম্বরে অবস্থিত চৌরঙ্গী রেস্তোরাঁয় সকালে প্রবেশ করলে চোখে পড়বে পুরোনো দিনের নাশতার এক চমৎকার আয়োজন। শত বছরেরও বেশি সময় ধরে পরিচিত এই রেস্তোরাঁর অন্যতম প্রধান আকর্ষণ হলো লুচি ও ডাল। রেস্তোরাঁর কর্মী মো. ফাহিম জানান, “দীর্ঘদিন ধরেই সকালের নাশতায় ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে গরম লুচি, ডাল ও ভাজি।” এখানে প্রতিটি লুচির দাম ১২ টাকা এবং লুচির সাথে ডাল ও ভাজি দেওয়া হয় সম্পূর্ণ বিনা মূল্যে। এছাড়া ডিমের মামলেট (ওমলেট) পাওয়া যায় ২৫ টাকায় এবং এক কাপ চায়ের দাম ১৫ টাকা। সাশ্রয়ী মূল্যে পরিচিত স্বাদের এমন আয়োজন উপভোগ করতে প্রতিদিন সকালে এখানে ভিড় করেন সব বয়সী মানুষ। কারও কাছে এটি প্রতিদিনের নিয়মিত নাশতার জায়গা, আবার কারও কাছে নস্টালজিক খাবারের স্বাদ ফিরে পাওয়ার এক অনন্য ঠিকানা।
চৌরঙ্গী রেস্তোরাঁ থেকে কিছুটা সামনে এগোলেই ২৮ নম্বর নর্থব্রুক হল রোডে দেখা মিলবে নিউ ক্যাফে কর্নারের। ১৯৬২ সালে যাত্রা শুরু করা এই রেস্তোরাঁটি ছয় দশকেরও বেশি সময় ধরে তাদের কার্যক্রম পরিচালনা করছে। পুরোনো দিনের চেয়ার-টেবিল এবং সাধারণ সাজসজ্জার মাধ্যমে তারা এখনো ঐতিহ্যের আবহ ধরে রেখেছে। সকালের নাশতায় এখানে লুচি, ডাল-সবজি, হালুয়া, মুরগির গিলা-কলিজা, ডিম পোচ ও চা পাওয়া যায়। খাবারের বৈচিত্র্য এবং দীর্ঘদিনের পরিচিতির কারণে সকাল থেকেই এখানে ক্রেতাদের আনাগোনা শুরু হয়। অনেক সময় দোকানের ভেতরে বসার জায়গা না পেয়ে ক্রেতাদের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। সকালের নাশতার পাশাপাশি বিকেলের খাবারের জন্যও এই প্রতিষ্ঠানটি বেশ পরিচিত। বিশেষ করে ক্র্যাম্ব চাপ ও কাটলেট খেতে বিকেলেও এখানে ভিড় করেন অনেকে। পুরোনো দিনের খাবারের স্বাদ ও পরিবেশ অক্ষুণ্ণ রাখায় নিউ ক্যাফে কর্নার এখনো পুরান ঢাকার খাদ্যরসিকদের কাছে একটি জনপ্রিয় ঠিকানা।
পুরান ঢাকার সূত্রাপুরে অবস্থিত রহিম বিরিয়ানি সকালের খাবারের তালিকায় এক বিশেষ স্থান দখল করে আছে। ব্রিটিশ আমল থেকেই পরিচিত এই দোকানে ফজরের নামাজের পর থেকেই বিরিয়ানি খেতে ক্রেতাদের ভিড় জমে। এখানকার বিরিয়ানির স্বাদ, মশলা ব্যবহারের বিশেষ পদ্ধতি এবং রান্নার ধরন একে অন্য সব বিরিয়ানি থেকে আলাদা করেছে। দোকানের কর্মীরা জানান, প্রতিদিন ফজরের নামাজের পর থেকেই বিরিয়ানি বিক্রি শুরু হয়। ক্রেতাদের চাহিদা এতটাই প্রবল যে সকাল ৮টা থেকে সাড়ে আটটার মধ্যেই সব বিরিয়ানি শেষ হয়ে যায়। তাঁদের দেওয়া তথ্যমতে, প্রতিদিন প্রায় তিন হাঁড়ি (দুই মণ) বিরিয়ানি বিক্রি হয়। সকালবেলা গরম বিরিয়ানির স্বাদ নিতে দূর-দূরান্ত থেকেও মানুষ এখানে ছুটে আসেন। দীর্ঘদিনের পরিচিতি এবং স্বতন্ত্র স্বাদের কারণে রহিম বিরিয়ানি পুরান ঢাকার সকালের খাবারের ঐতিহ্যে নিজের বিশেষ জায়গা ধরে রেখেছে।
পুরান ঢাকার খাবারের ঐতিহ্যে মাঠার আলাদা গুরুত্ব রয়েছে। খুব ভোর থেকেই রূপচান লেনের একটি ছোট্ট দোকানের সামনে জড়ো হতে থাকেন নানা বয়সী মানুষ। কেউ আসেন নিয়মিত অভ্যাসের টানে, আবার কেউ আসেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী মাঠার স্বাদ নিতে। সকালের নাশতায় অনেকের পছন্দের তালিকায় থাকে মাঠা, ছানা মাঠা ও মাখন ক্ষীর। দুধের তৈরি এসব খাবারের স্বাদ নিতে সকাল থেকেই ক্রেতাদের ভিড় থাকে। এখানে প্রতি গ্লাস মাঠার দাম ২০ টাকা এবং মাখন ক্ষীর ২০, ৩০ ও ৫০ টাকার ভিন্ন ভিন্ন দামে বিক্রি হয়। দোকানটি আকারে ছোট হলেও দীর্ঘদিনের পরিচিতি ও ঐতিহ্যবাহী স্বাদের কারণে সকালজুড়ে এখানে ক্রেতাদের ভিড় জমে থাকে।
লালবাগের ‘মা শাহী নেহারি’ পুরান ঢাকার ঐতিহ্যবাহী সকালের খাবারের আরেকটি বড় আকর্ষণ। খাসির মাংস দিয়ে দীর্ঘ সময় ধরে রান্না করা নেহারির ঘন ঝোল আর মশলার সুবাস খাবারপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণীয়। গরম নেহারির সঙ্গে রুটি কিংবা নান—সকালের নাশতায় এমন আয়োজন অনেকেরই খুব পছন্দ। ভোরের দিকে নেহারি খেতে আসা মানুষের ভিড় এখানে স্পষ্ট দেখা যায়। ‘স্লো কুক’ পদ্ধতিতে তৈরি এই খাবারের স্বাদ নিতে দূর-দূরান্ত থেকেও মানুষ এখানে আসেন।
পুরান ঢাকার এই পাঁচটি দোকানের খাবার ও পরিবেশের ধরন এক নয়। তবে একটি বিষয়ে সবার মিল রয়েছে—সময়ের সাথে সাথে শহরের জীবনযাত্রা বদলে গেলেও মানুষের খাবারের স্মৃতিতে জায়গা করে নিয়েছে এই পুরোনো আয়োজনগুলো। আধুনিক রেস্তোরাঁর ভিড়েও তাই লুচি-ডাল, সকালের বিরিয়ানি, মাঠা কিংবা নেহারির টানে মানুষ বারবার ফিরে আসেন পুরান ঢাকার এই চেনা গলিতে।