কক্সবাজারের উখিয়ায় দীর্ঘ ৫৪ বছরেরও বেশি সময় ধরে তৈরি হয়ে আসছে ঐতিহ্যবাহী নুরুর মিষ্টি। গরুর খাঁটি দুধের ছানা দিয়ে প্রস্তুত এই নরম, তুলতুলে ও রসালো মিষ্টির স্বাদ নিতে কক্সবাজারের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন মানুষ। বর্তমানে প্রতিদিন গড়ে অন্তত ছয় মণ মিষ্টি বিক্রি হচ্ছে এই দোকানে।
উখিয়ার রাজাপালং ইউনিয়নের বাসস্টেশন এলাকায় অবস্থিত ‘নূর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’ নামের এই প্রতিষ্ঠানটি কক্সবাজার শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে। স্থানীয়দের কাছে এটি ‘নুরুর মিষ্টি’ হিসেবে অত্যন্ত পরিচিত। সম্প্রতি সেখানে গেলে দেখা যায়, দোকানের সামনেই ভেসে আসছে গরম মিষ্টির মনমুগ্ধকর ঘ্রাণ। ভেতরে অর্ধশতাধিক মানুষ চেয়ারে বসে তৃপ্তি করে মিষ্টি খাচ্ছেন। কেউ একসঙ্গে চার-পাঁচটি, আবার কেউ ১০টি পর্যন্ত মিষ্টি খাচ্ছেন। অনেকের দেখা গেল মিষ্টির সঙ্গে পরোটাও খাওয়ার দৃশ্য।
গত শুক্রবার প্রতিষ্ঠানটি পরিদর্শনে দেখা যায়, কাচের ফ্রেমে সাজানো রয়েছে গরম ও ঠান্ডা দুই ধরনের মিষ্টি। দোকানের পেছনের একটি নির্দিষ্ট কক্ষে মিষ্টি তৈরির কারখানা এবং অন্য পাশে পরোটা, চা-কফি ও নিমকি তৈরির ব্যবস্থা। কারখানায় মিষ্টি তৈরির কারিগর রহমত উল্লাহ জানান, এই মিষ্টির প্রধান উপকরণ হলো স্থানীয় খামার থেকে প্রতিদিন সকালে সংগ্রহ করা গরুর খাঁটি দুধ। বড় ড্রামে দুধ জ্বাল দিয়ে প্রথমে ছানা তৈরি করা হয় এবং এরপর সেই ছানার সঙ্গে সামান্য পরিমাণ ময়দা মিশিয়ে মিষ্টি প্রস্তুত করা হয়।
রহমত উল্লাহ মুক্তকণ্ঠকে বলেন, “প্রতিদিন গড়ে ছয় মণ মিষ্টি উৎপাদন হয়। বিয়েশাদি, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান থাকলে আরও দুই-তিন মণ অতিরিক্ত মিষ্টি উৎপাদন করতে হয়। প্রতি কেজিতে ২৬টি মিষ্টি থাকে।”
দোকানের ব্যবস্থাপক মো. শাহজাহান জানান, প্রতিষ্ঠানটি সকাল সাতটা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে এবং এই সময়ের মধ্যে কয়েকবার মিষ্টি উৎপাদন করা হয়। গ্রাহকরা গরম মিষ্টি বেশি পছন্দ করেন বলে এর চাহিদাও বেশি। তিনি আরও জানান, পাঁচ বছর আগে প্রতি কেজি মিষ্টির দাম ছিল ২৫০ টাকা। তবে বর্তমানে দুধসহ অন্যান্য কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় দাম ৫০ টাকা বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে।
কক্সবাজার আদালতের আইনজীবী আমিন উদ্দিন চৌধুরী তাঁর স্ত্রীকে নিয়ে এই দোকানে মিষ্টি খেতে এসেছিলেন। তাঁর বাড়ি কক্সবাজার শহরের রুমালিয়ার ছড়ায়। দুজনে মিলে ১৩টি মিষ্টি খাওয়ার পর বাড়ির জন্য আরও তিন কেজি মিষ্টি কেনেন। আমিন উদ্দিন চৌধুরী মুক্তকণ্ঠকে বলেন, “উখিয়াতে এক আত্মীয়ের বিয়ের দাওয়াত খেতে এসেছিলাম। দুপুরের খাবার শেষ করে নুরুর মিষ্টি খেতে দোকানে এসেছি। একসঙ্গে সাতটি মিষ্টি খাওয়ার পরও আরও খেতে ইচ্ছা করছে। ডায়াবেটিসের ভয় না থাকলে আরও কয়েকটি মিষ্টি হজম করা যেত।”
রাজাপালং গ্রামের বাসিন্দা মো. ছৈয়দ হোসেন চৌধুরী (৫৫) কিশোর বয়স থেকেই এই মিষ্টি খেয়ে অভ্যস্ত। চারটি মিষ্টি খাওয়ার পর বাড়ির জন্য দুই কেজি মিষ্টি কিনে তিনি মুক্তকণ্ঠকে বলেন, শুরু থেকে এখন পর্যন্ত মিষ্টির গুণমান ও স্বাদে কোনো পরিবর্তন আসেনি। পর্যটকসহ টেকনাফ, কক্সবাজার, রামু ও ঈদগাঁও এলাকার মানুষ উখিয়াতে এসে এই মিষ্টির স্বাদ নিচ্ছেন এবং নিজেদের জন্য কিনে নিয়ে যাচ্ছেন।
পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ১৯৭১ সালের মার্চ মাসে কক্সবাজারের বাসিন্দা নুরুল ইসলাম সওদাগর উখিয়া বাসস্টেশনে একটি চায়ের দোকান খোলেন। শুরুতে সেখানে চা, পরোটা, জিলাপি ও ভাত বিক্রি হতো। এক বছরের মাথায় তিনি মিষ্টি তৈরি শুরু করেন। সে সময় উখিয়া ও টেকনাফে মিষ্টির কোনো দোকান ছিল না, ফলে দ্রুতই ‘নুরুর মিষ্টি’র খ্যাতি ছড়িয়ে পড়ে। ২০০২ সালের ৩ সেপ্টেম্বর হৃদ্রোগে আক্রান্ত হয়ে নুরুল ইসলাম মারা যান। এরপর তাঁর চার ছেলে ও তিন মেয়ে দোকান পরিচালনার দায়িত্ব নেন।
নুরুল ইসলামের মেজ ছেলে মোস্তফা কামাল জানান, ১৯৬৪ সালে তাঁর বাবা কক্সবাজার কালেক্টরেট অফিসে অফিস সহকারী ছিলেন। উখিয়া সার্কেল অফিসে বদলি হওয়ার পর তিনি বাহারছড়া থেকে সাইকেল চালিয়ে যাতায়াত করতেন। তখন উখিয়াতে ভালো মানের হোটেল বা মিষ্টির দোকান ছিল না। দোকান দেওয়ার পর তাঁর বাবা রাজাপালং ইউনিয়নের ক্যাম্প ঢালা গ্রামে বসতবাড়ি তৈরি করেন। তিনি আরও জানান, নুরুর মিষ্টির দ্বিতীয় কোনো শাখা নেই। যদিও কক্সবাজারসহ বিভিন্ন স্থানে এই নামে মিষ্টি বিক্রি হয়, তবে আসল নুরুর মিষ্টির স্বাদ আলাদা বলে গ্রাহকরা সহজেই তা বুঝতে পারেন।
বাবার কথা উল্লেখ করে আরেক ছেলে শামসুদ্দিন শামীম বলেন, আগে গরুর দুধ দিয়ে চা বিক্রি করা হতো। অনেক সময় দুধ বেশি হয়ে গেলে নষ্ট হওয়ার ঝুঁকি থাকত। সেই দুধ নষ্ট না করে ছানা বের করে মিষ্টি বানানোর বুদ্ধি তাঁর বাবার মাথায় আসে। দীর্ঘ সময় চা ও মিষ্টির ব্যবসা করায় নামের শেষে সওদাগর যুক্ত করে মানুষ তাঁকে ‘নুরু সওদাগর’ বলে ডাকতেন।
উখিয়ার প্রবীণ রাজনীতিবিদ এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের পাঁচবারের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, “উখিয়াতে সর্বপ্রথম মিষ্টি তৈরি করেছিলেন নুরুল ইসলাম সওদাগর। তাঁর মৃত্যুর পর সন্তানেরা বাবার ঐতিহ্য ধরে রেখেছেন। কক্সবাজার জেলায় নুরুর মিষ্টির আলাদা পরিচয় রয়েছে। উখিয়ার ঐতিহ্য নুরুর মিষ্টি স্বাদে যেমন, গুণেও অতুলনীয়।”