কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী বাজারে প্রকাশ্য দিবালোকে পিস্তল উঁচিয়ে প্রতিপক্ষের দিকে গুলি ছুড়লেন এক যুবক। তাঁর পাশে কিরিচ হাতে দেখা গেল আরও দুই ব্যক্তিকে। এভাবেই প্রতিপক্ষের ওপর হামলা চালানো হয় ওই বাজারে। আজ বুধবার বেলা আড়াইটার দিকে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুলিবর্ষণের একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে।

হঠাৎ গুলির শব্দ শুনে বাজারের ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে মুহূর্তের মধ্যে দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান ব্যবসায়ীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, এই সংঘর্ষটি স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দুই পক্ষের মধ্যে গোলাগুলি চললেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, ওই বাজারে শতাধিক দোকান রয়েছে, যেখানে শাকসবজি, মাছ, পান-সুপারিসহ বিভিন্ন পণ্যের কেনাবেচা হয়। পাশেই রোহিঙ্গা আশ্রয়শিবির থাকায় বাজারটি সব সময়ই বেশ জমজমাট থাকে।

পুলিশ, স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যানুসারে, ইয়াবা-সংক্রান্ত বিরোধ, এলাকায় আধিপত্য বিস্তার এবং পূর্বশত্রুতার জেরে স্থানীয় যুবদল নেতা আবুল ফয়েজকে লক্ষ্য করে গুলি ছোড়েন মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মোহাম্মদ মুন্না।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেছেন যে, অভিযুক্ত মুন্না উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীনের অনুসারী হিসেবে পরিচিত।

এই বিষয়ে জানতে চাওয়া হলে জয়নাল আবেদীন জানান, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং মুন্না তাঁর অনুসারী নন। তাঁর দাবি, “একটি ফুটবল ম্যাচের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গুলির ঘটনা ঘটেছে।”

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, “মাদক ব্যবসা ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে গুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে অস্ত্রধারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

প্রকাশ্য বাজারে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের গুলিবর্ষণের বিষয়ে জানতে চাইলে উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী মুক্তকণ্ঠকে বলেন, “ফুটবল ম্যাচের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। এ নিয়ে দুই পক্ষের সঙ্গে উপজেলা বিএনপির নেতাদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে ইয়াবা নিয়ে বিরোধ, অবৈধ অস্ত্র প্রদর্শন কিংবা গুলির ঘটনা প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”