শীতের আমেজ শুরু হতেই কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিলে অতিথি পাখিদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। তবে এই প্রাকৃতিক সৌন্দর্য ও পাখিদের আগমনের সুযোগ নিয়ে একদল শিকারি চক্র সেখানে পাখি ধরার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগ ওই বিলে অভিযান চালিয়ে ৫ হাজার কৃত্রিম বক এবং ৩ হাজার মিটার জাল জব্দ করেছে। একই অভিযানে পাখি ধরার জন্য তৈরি করা শতাধিক ফাঁদঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

গত সোমবার (১৬ নভেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত উখিয়া উপজেলার মাছকারিয়া বিলে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, শীতের শুরুতে উখিয়ার মাছকারিয়া এলাকার শাপলাবিলে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি ভিড় করতে শুরু করেছে। ফলে বিলের জলাভূমিগুলো এখন পাখিদের কলতানে মুখর। তবে এই সুযোগে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি শিকারিরা। গত কয়েক দিন ধরে তারা বিলের বিভিন্ন প্রান্তে জাল বিছিয়ে, কৃত্রিম বক বসিয়ে এবং ফাঁদঘর তৈরি করে পাখি শিকারের ব্যাপক প্রস্তুতি নিচ্ছিল। এই খবর পেয়েই সোমবার সকালে বন বিভাগ সেখানে অভিযান চালায়।

অভিযান প্রসঙ্গে উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, “বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যান। পরে বিলের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে পাখি শিকারের কাজে ব্যবহৃত ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ করা হয়। এ ছাড়া পাখি ধরার জন্য তৈরি শতাধিক ফাঁদঘর ধ্বংস করার পাশাপাশি ফাঁদে আটকে থাকা আটটি জীবিত বক উদ্ধার করা হয়।”

তিনি আরও জানান, “উদ্ধার করা বকগুলো অবমুক্ত করা হয়েছে। জব্দ করা কৃত্রিম বক ও জাল এবং পাখি ধরার ফাঁদঘরগুলো ধ্বংস করা হয়েছে। অতিথি পাখি শিকার বন্ধ ও জলাভূমির জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”