কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকায় একটি ভাড়া বাসা থেকে সুমি আক্তার মীম (২৯) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণী স্থানীয় হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা-তে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৪ নভেম্বর) দুপুরে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী মো. শফিরবিল এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সুমি আক্তার মীম ঢাকার উত্তর সিটি করপোরেশনের আওতাধীন ফায়দাবাদ কাঠালতলা গ্রামের বাসিন্দা কামাল হোসেনের কন্যা। তিনি গত প্রায় পাঁচ মাস ধরে ওই এলাকার একটি ভাড়া বাসায় অবস্থান করছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিমন ঘোষ জানান, ওই বাসায় মরদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে পুলিশকে অবহিত করা হয়। খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

রিমন ঘোষ আরও জানান, মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান। বর্তমানে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।