মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ইচ্ছাকে 'উন্মাদনা' হিসেবে অভিহিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি মনে করেন, একজন পলাতক আসামির পক্ষে অন্য কারও মাধ্যমে উড়োজাহাজ চাওয়ার ঘটনা পৃথিবীতে অত্যন্ত বিরল।
আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর এসব মন্তব্য করেন।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখপাত্র জানান, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তিনি বাংলাদেশে ফিরতে আগ্রহী। ভারতের দিল্লি থেকে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে তাকে দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
এই দাবির বিষয়ে প্রশ্ন করা হলে আমিনুল ইসলাম বলেন, “এটি একটা হাস্যকর ঘটনা। এয়ারক্রাফট চাওয়ার যে বিষয়টি, যে মুখপাত্র যিনি এই দাবি করেছেন, এটা তাঁর একটা উন্মাদনা ছাড়া আর কিছু না। কারণ হচ্ছে একজন পলাতক আসামির পক্ষে অন্য কেউ এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। অতএব এই জাতীয় দাবি মোটেই গ্রহণযোগ্য হতে পারে না।”
এদিকে, ট্রাইব্যুনাল কর্তৃক পলাতক ঘোষিত ব্যক্তিদের দিল্লিতে সংবাদ সম্মেলন করা কিংবা বাংলাদেশ সীমান্তের আগরতলা ও পেট্রাপোল এলাকায় উপস্থিত হওয়ার বিষয়ে সরকারের ব্যর্থতা আছে কি না—এমন প্রশ্ন করেন একজন সাংবাদিক।
এর জবাবে চিফ প্রসিকিউটর বলেন, “বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে তো তাঁরা কিছু করছেন না। এখন অন্য দেশে তৎপরতা দেখা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী দল অথবা এই দলের সদস্যরা যে দুষ্কৃতিপরায়ণ, তারা যে খুনি, এটাই তারা প্রকারান্তরে পৃথিবীর কাছে প্রমাণ করে দিচ্ছে।”
পলাতক আসামিদের ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলে জানান আমিনুল ইসলাম। তিনি সতর্ক করে বলেন, “আমরা সুস্পষ্টভাবে বার্তা দিত চাই। তাদের (আওয়ামী লীগের নেতারা) কর্মকাণ্ডের মধ্য দিয়ে যদি বাংলাদেশ আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণ করেন, তাহলে বিচারের মাধ্যমেই সংগঠনটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়তো সরকার এবং ট্রাইব্যুনাল বাধ্য হবে।”