বর্তমান সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকেই কোনো পূর্বঘোষণা ছাড়াই দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করছেন। এই উদ্যোগটি নিঃসন্দেহে ইতিবাচক। কারণ, হাসপাতালের প্রকৃত অবস্থা জানতে হলে সেখানে আকস্মিকভাবে যাওয়া এবং রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে সরাসরি কথা বলার বিকল্প নেই। আগে থেকে পরিদর্শনের খবর জানানো হলে হাসপাতাল কর্তৃপক্ষ সবকিছু সাময়িকভাবে সাজিয়ে-গুছিয়ে রাখার সুযোগ পায়। ফলে রোগীরা প্রতিদিন যে বাস্তবতার মুখোমুখি হন, তা মন্ত্রীর চোখে ধরা না–ও পড়তে পারে।

আকস্মিক পরিদর্শনের মাধ্যমে মন্ত্রী হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি, প্রয়োজনীয় জনবলের ঘাটতি, ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সংকট, যন্ত্রপাতির অকার্যকারিতা, অপরিচ্ছন্ন পরিবেশ, দালাল চক্রের দৌরাত্ম্য, রোগীদের খাবারের মান ও আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত কর্মীদের কাজের অবস্থা সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন। এমনকি রোগীদের কাছ থেকে সরাসরি অভিযোগ শোনারও সুযোগ হচ্ছে। একজন নীতিনির্ধারকের জন্য মাঠপর্যায়ের এই অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্বাস্থ্যমন্ত্রীর বিভিন্ন পরিদর্শনে যে সমস্যাগুলো উঠে এসেছে, সেগুলো সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে। গত ৭ মার্চ নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে তিনি ২১ জন চিকিৎসকের মধ্যে মাত্র ৮ জনকে উপস্থিত পেয়েছিলেন। ২০ মে খুলনা জেনারেল হাসপাতালে গিয়ে জলাতঙ্কের টিকার সংকট এবং রোগীদের বাইরে থেকে টিকা কিনতে বাধ্য হওয়ার অভিযোগ পান। বাগেরহাটের বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী অব্যবস্থাপনায় পড়ে থাকতে দেখেন। ২৯ আগস্ট হবিগঞ্জ সদর হাসপাতালে গিয়ে জনবলসংকট, অপরিচ্ছন্নতা ও দালাল চক্রের অভিযোগ শোনেন। এসব ঘটনা আকস্মিক পরিদর্শনের প্রয়োজনীয়তাই প্রমাণ করে।

কিন্তু প্রশ্ন হচ্ছে, এসব পরিদর্শনের পর জনগণ আসলে কী পাচ্ছে? কোনো চিকিৎসক বা নার্সকে বদলি করা, কাউকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া কিংবা কারও বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে। কখনো কখনো মন্ত্রীর অসন্তোষ, ধমক বা হুঁশিয়ারিও সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার বিষয় হয়ে উঠছে। কিন্তু এসব পদক্ষেপের ফলে সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসাসেবার স্থায়ী কোনো উন্নতি হচ্ছে কি না, সেটিই মূল বিবেচ্য বিষয়।

গত ১৫ অক্টোবর বিডিনিউজের একটি অনুসন্ধানী প্রতিবেদনে এ বিষয়ে গুরুত্বপূর্ণ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে কুমিল্লা, হবিগঞ্জ ও সিলেটের কয়েকটি হাসপাতালের অবস্থা পরিদর্শনের পরবর্তী পরিস্থিতির সঙ্গে তুলনা করা হয়। দেখা যায়, মন্ত্রীর পরিদর্শনের পর কোথাও কোথাও পরিচ্ছন্নতা ও শৃঙ্খলায় সাময়িক উন্নতি হলেও কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে আগের সমস্যা ফিরে এসেছে। পরিচ্ছন্নতার অভাব, ওষুধের সংকট, জনবলঘাটতি ও রোগীদের ভোগান্তি অব্যাহত রয়েছে। অর্থাৎ আকস্মিক পরিদর্শন সমস্যা চিহ্নিত করতে পারলেও শুধু পরিদর্শন ও তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা দিয়ে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না।

এখানেই একটি মৌলিক বিষয় বোঝা প্রয়োজন। হাসপাতালের সব সমস্যা কি চিকিৎসক, নার্স কিংবা হাসপাতাল পরিচালকের ব্যক্তিগত অবহেলার কারণে সৃষ্টি হয়? কোনো কোনো ক্ষেত্রে অবশ্যই দায়িত্বে অবহেলা, অনিয়ম কিংবা দুর্নীতি থাকে। সেসব ক্ষেত্রে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া জরুরি। কিন্তু অনেক সমস্যার পেছনে রয়েছে অনুমোদিত পদের বিপরীতে জনবল না থাকা, প্রয়োজনীয় বাজেটের অভাব বা বাজেট ব্যবহারে নমনীয়তার অভাব কিংবা বরাদ্দকৃত অর্থ ব্যবহারে প্রশাসনিক সীমাবদ্ধতা, ওষুধ ও চিকিৎসাসামগ্রী সরবরাহে দুর্বলতা, স্থানীয়ভাবে কিংবা দ্রুততার সঙ্গে যন্ত্রপাতি মেরামতের ব্যবস্থা না থাকা, আউটসোর্সিং ব্যবস্থাপনায় ত্রুটি এবং হাসপাতাল পরিচালনার প্রশাসনিক সীমাবদ্ধতা।

মন্ত্রীর প্রতিটি পরিদর্শন, অসন্তোষ কিংবা কর্মকর্তা-কর্মচারীদের ধমক যদি সংবাদমাধ্যমে প্রচারের প্রধান বিষয় হয়ে ওঠে, তাহলে জনগণের কাছে স্বাস্থ্যব্যবস্থার একটি নেতিবাচক চিত্রই বারবার তুলে ধরা হয়। এতে সাধারণ মানুষের সরকারি স্বাস্থ্যসেবার ওপর আস্থা আরও দুর্বল হতে পারে। অথচ আমাদের লক্ষ্য হওয়া উচিত সরকারি স্বাস্থ্যব্যবস্থার ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনা।

এ ছাড়া স্বাস্থ্য খাতের বাজেট বাস্তবায়নে আরও কিছু কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা রয়েছে। যেমন ওষুধ ও চিকিৎসাসামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, হাসপাতাল নির্মাণ ও মেরামতের দায়িত্বে থাকা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও গণপূর্ত অধিদপ্তর এবং চিকিৎসা যন্ত্রপাতি স্থাপন, রক্ষণাবেক্ষণ ও মেরামতের সঙ্গে সংশ্লিষ্ট ন্যাশনাল ইলেকট্রো-মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টারসহ বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের কাছ থেকে সময়মতো প্রয়োজনীয় সেবা ও সহযোগিতা না পাওয়া। এর ফলে অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে ওষুধ, যন্ত্রপাতি, অবকাঠামো নির্মাণ ও মেরামতের কাজ সময়মতো সম্পন্ন করা যায় না।

পাশাপাশি রয়েছে অডিট আপত্তির ভয়ে সিদ্ধান্ত গ্রহণে অতিরিক্ত সতর্কতা, আর্থিক ও প্রশাসনিক বিধিবিধানের জটিলতা, ক্রয়প্রক্রিয়ায় অনিয়ম ও প্রভাবশালী ঠিকাদারদের অযাচিত হস্তক্ষেপ। এসব কারণে অনেক সময় প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ ও অর্থ ব্যয় বিলম্বিত হয়, এমনকি বরাদ্দকৃত অর্থও পুরোপুরি ব্যবহার করা সম্ভব হয় না।

স্বাস্থ্যব্যবস্থার পরিবর্তন কোনো একজন মন্ত্রীর ধমক, হুঁশিয়ারি কিংবা তাৎক্ষণিক বদলির আদেশে হবে না। এর জন্য প্রয়োজন সমন্বিত নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক উদ্যোগ, যথাযথ অর্থায়ন এবং ধারাবাহিক জবাবদিহি। মন্ত্রী যদি মাঠপর্যায়ে গিয়ে সমস্যাগুলো বোঝেন, তাঁর সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও যদি একই বাস্তবতা উপলব্ধি করেন এবং সবাই মিলে সমাধানের উদ্যোগ নেন, তাহলেই এই পরিদর্শন জনগণের কাজে আসবে।

আরেকটি বিষয় বিবেচনায় নেওয়া দরকার। মন্ত্রীর প্রতিটি পরিদর্শন, অসন্তোষ কিংবা কর্মকর্তা-কর্মচারীদের ধমক যদি সংবাদমাধ্যমে প্রচারের প্রধান বিষয় হয়ে ওঠে, তাহলে জনগণের কাছে স্বাস্থ্যব্যবস্থার একটি নেতিবাচক চিত্রই বারবার তুলে ধরা হয়। এতে সাধারণ মানুষের সরকারি স্বাস্থ্যসেবার ওপর আস্থা আরও দুর্বল হতে পারে। অথচ আমাদের লক্ষ্য হওয়া উচিত সরকারি স্বাস্থ্যব্যবস্থার ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনা।

মন্ত্রীর এই উদ্যোগকে আরও কার্যকর করার জন্য আমার কয়েকটি প্রস্তাব রয়েছে।

প্রথমত, তিনি যেন কোনো পূর্বঘোষণা ছাড়াই হাসপাতাল পরিদর্শন অব্যাহত রাখেন এবং সম্ভব হলে আরও বেশি হাসপাতালে যান। তবে পরিদর্শনকে শুধু অনিয়ম ধরার অভিযান হিসেবে না দেখে হাসপাতালের বাস্তব সক্ষমতা ও সীমাবদ্ধতা বোঝার একটি নিয়মিত প্রক্রিয়ায় পরিণত করতে হবে।

দ্বিতীয়ত, শুধু মন্ত্রী নন, প্রতিমন্ত্রী, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব, অধিদপ্তরগুলোর মহাপরিচালক এবং হাসপাতাল ও প্রশাসন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও আকস্মিকভাবে নিয়মিত মাঠপর্যায়ে যেতে হবে। আমার প্রস্তাব, অন্তত আগামী এক থেকে দুই মাস মন্ত্রণালয় ও অধিদপ্তরের এসব দায়িত্বশীল কর্মকর্তা সপ্তাহে অন্তত একটি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র কোনো পূর্বঘোষণা ছাড়াই পরিদর্শন করবেন। এতে নীতিনির্ধারক ও বাস্তবায়নকারী কর্মকর্তারা একই বাস্তবতা সরাসরি দেখার সুযোগ পাবেন।

তৃতীয়ত, পরিদর্শনের সময় শুধু কে অনুপস্থিত বা কে দায়িত্বে অবহেলা করছেন, তা নয়; হাসপাতালের প্রয়োজনীয় জনবল, ওষুধের মজুত, যন্ত্রপাতির কার্যকারিতা, পরিচ্ছন্নতা, রোগীর চাপ, খাবারের মান, ডায়াগনস্টিক সুবিধা, আউটসোর্সিং সেবার মান এবং বাজেট ব্যবহারের সক্ষমতাও একটি নির্দিষ্ট কাঠামোতে মূল্যায়ন করতে হবে। প্রতিটি পরিদর্শনের ফলাফল নথিবদ্ধ করতে হবে।

চতুর্থত, এক থেকে দুই মাসের এই মাঠপর্যায়ের অভিজ্ঞতা শেষে মন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি পর্যালোচনা সভা করতে পারেন। সেখানে হাসপাতালগুলোর সমস্যাগুলোকে ব্যক্তিগত অবহেলা, প্রশাসনিক দুর্বলতা, জনবলসংকট, অর্থায়নের ঘাটতি, সরবরাহব্যবস্থার সমস্যা এবং নীতিগত সীমাবদ্ধতা শ্রেণিবদ্ধ করে করণীয় নির্ধারণ করা যেতে পারে। যেসব সমস্যার সমাধান স্বাস্থ্য মন্ত্রণালয়ের একক সিদ্ধান্তে সম্ভব নয়, সেগুলোর জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শনের উদ্যোগটি তাই বন্ধ হওয়া উচিত নয়; বরং এটি আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিক রূপ পাওয়া প্রয়োজন। তবে পরিদর্শনের উদ্দেশ্য যেন কাউকে প্রকাশ্যে বিব্রত করা বা শাস্তি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থাকে। উদ্দেশ্য হওয়া উচিত সমস্যার প্রকৃত কারণ খুঁজে বের করা এবং সমাধানের পথ তৈরি করা।

ড. সৈয়দ আব্দুল হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক এবং আহ্বায়কায়ক, অ্যালায়েন্স ফর হেলথ রিফর্মস বাংলাদেশ (এএইচআরবি)

মতামত লেখকের নিজস্ব