বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনে গিয়ে সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে নিজের কক্ষে ধূমপানরত অবস্থায় দেখতে পান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ঘটনার পরপরই প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশে ওই চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ শনিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকাগুলোতে আকস্মিক পরিদর্শনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।

প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, শনিবার সকাল ৯টা ১০ মিনিটে তাঁর এই পরিদর্শন কর্মসূচি শুরু হয় এবং দুপুর ১টা ৪১ মিনিট পর্যন্ত তিনি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন। পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের সামগ্রিক পরিবেশ, পরিচ্ছন্নতা এবং সেবার মান যাচাই করা।

বাংলাদেশ শিশু হাসপাতাল পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে প্রবেশ করেন। সেখানে তিনি চিকিৎসককে ধূমপান করতে দেখেন। একই সঙ্গে কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশও তাঁর নজরে আসে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে হাসপাতালের চেয়ারম্যানকে ওই চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। যার ফলে সংশ্লিষ্ট চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়।

পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে যান।

এছাড়া তিনি ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, সরকারি বাংলা কলেজ, পাইকপাড়া স্টাফ কোয়ার্টার, কলাবাগান স্টাফ কোয়ার্টার ও আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টার পরিদর্শন করেন। পাশাপাশি মিরপুর-১০ নম্বরের হকারমুক্ত ফুটপাত ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বিভিন্ন স্থানে অপরিচ্ছন্ন পরিবেশ এবং ব্যবস্থাপনার চরম ঘাটতি দেখে প্রধানমন্ত্রী তারেক রহমান তীব্র অসন্তোষ প্রকাশ করেন। উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতা ব্যবস্থার আমূল উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি সাত দিনের সময় বেঁধে দিয়েছেন। অন্যদিকে, আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে দুই সপ্তাহের সময় দেওয়া হয়েছে।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে শিক্ষার্থীদের সাথে কথা বলার সময় প্রধানমন্ত্রী একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন এবং পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।