চীনের ইউনান প্রদেশের একটি চিকিৎসক দলের বিশেষ সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সফলভাবে ১০০ জন রোগীর ছানি অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। গত ১২ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত মোট তিন দিনব্যাপী পরিচালিত এই বিশেষ চিকিৎসা কার্যক্রমের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন এই ১০০ জন রোগী।

এই সাফল্য উদযাপনে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজের অডিটোরিয়ামে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশে ‘ইউনান হ্যান্ড ইন হ্যান্ড’ কর্মসূচির আওতায় ‘ব্রাইটনেস অ্যাকশন’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন এবং ‘উজ্জ্বল চোখ’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠান শেষে তিনি ছানি অস্ত্রোপচার করা রোগীদের সাথে কথা বলেন এবং তাদের বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

উপস্থিত সকলকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে চীন দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে সহযোগিতা করে আসছে। হাসপাতাল নির্মাণ, চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ও চিকিৎসকদের প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে চীন সহযোগিতার আশ্বাস দিয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, “বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে চীন বাংলাদেশের পাশে রয়েছে। দুই দেশের সরকার ও জনগণের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক আস্থার সম্পর্ক অত্যন্ত গভীর। চীনের সহযোগিতায় নীলফামারীতে একটি বড় হাসপাতাল প্রতিষ্ঠার কার্যক্রমও এগিয়ে চলছে।”

স্বাস্থ্যমন্ত্রী তাঁর বক্তব্যে আরও বলেন, “এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রচেষ্টা আরো গতিশীল হবে।”

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ড. লিউ ইউইন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।