হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাচ্ছে একটি জাপানি কনসোর্টিয়াম। এই উদ্দেশ্যে বাংলাদেশের সঙ্গে ১৫ বছর মেয়াদি ইজারা বা কনসেশন চুক্তি করতে যাচ্ছে তারা।
সচিবালয়ে গতকাল সোমবার অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই চুক্তির প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় থেকে এই অনুমোদনের কথা জানানো হয়।
চুক্তির শর্ত অনুযায়ী, এই টার্মিনাল ব্যবহার করতে হলে যাত্রীদের এমবারকেশন ফি বা মাশুল হিসেবে ১২ দশমিক ৫০ ডলার প্রদান করতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৫৫৯ টাকা। উল্লেখ্য, বর্তমানে এই মাশুল নির্ধারিত রয়েছে ৫০০ টাকা। বিদেশযাত্রার সময় বিমানবন্দর ব্যবহারের জন্য যাত্রীদের কাছ থেকে যে সরকারি মাশুল নেওয়া হয়, তাকেই এমবারকেশন ফি বলা হয়।
রাজস্ব বন্টনের ক্ষেত্রে যাত্রী পরিবহন থেকে অর্জিত আয়ের ২৭ শতাংশ অথবা যাত্রীপ্রতি ২ দশমিক ১ ডলার পাবে বাংলাদেশ সরকার। অন্যদিকে, কার্গো পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশ প্রতি টনে আয়ের ২৭ শতাংশ অথবা ১১ দশমিক ৫ ডলার লাভ করবে।
বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপস্থাপিত তথ্যে জাপানি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত ওই গোষ্ঠীর নাম উল্লেখ করা হয়নি। তবে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যারা এই টার্মিনাল নির্মাণ করেছে, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বও তারাই পালন করবে। বৈঠকে এমবারকেশন মাশুল, যাত্রী পরিবহন এবং কার্গো পরিবহন সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিত উপস্থাপন করা হয়।
অর্থ মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩–এর নির্মাণ–পরবর্তী পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য একটি জাপানিজ কোম্পানি আগ্রহ প্রকাশ করে আর্থিক প্রস্তাব দাখিল করেছিল। এই পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজ করবে জাপানি সাব-ওয়ার্কিং গ্রুপ (এসডব্লিউজি)। ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ এসডব্লিউজির প্রস্তাবটি যাচাই–বাছাই করেছে এবং দর–কষাকষির প্রক্রিয়াও সম্পন্ন করেছে।
চুক্তির শর্তানুসারে, ১৫ বছর মেয়াদে জাপানি প্রতিষ্ঠানটি বাংলাদেশকে এককালীন ৮১ লাখ ডলার (প্রায় ১০০ কোটি টাকা) অগ্রিম প্রদান করবে। এছাড়া আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থাগুলোর সর্বোচ্চ ৫০ শতাংশ গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদান করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
২০১৬ সালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প অনুমোদনের পর ২০১৯ সালে এর কাজ শুরু হয়। জাপানের বিমানবন্দর পরিচালনা, অবকাঠামো উন্নয়ন, প্রকৌশল ও বিনিয়োগ খাতের চারটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়াম এই কাজ পায়। এই কনসোর্টিয়ামের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলো হলো জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, সুমিতোমো করপোরেশন, নিপ্পন কোয়েই এবং নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ২২ হাজার ২১৩ কোটি টাকা এবং এর মেয়াদ শেষ হবে ২০২৭ সালের ৩০ জুন।
তৃতীয় টার্মিনালটি ৫ লাখ ৪২ হাজার বর্গমিটার এলাকাজুড়ে নির্মিত, যার ফ্লোর স্পেস ২ লাখ ৩০ হাজার বর্গমিটার। এই টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে বার্ষিক যাত্রী ধারণক্ষমতা ৮০ লাখ থেকে বেড়ে ২ কোটি ৪০ লাখে উন্নীত হবে। এখানে থাকছে ২৬টি বোর্ডিং ব্রিজ, ১১৫টি চেক-ইন কাউন্টার, ৬৬টি বহির্গমন, ৫৯টি আগমন এবং ৩টি ভিআইপি ইমিগ্রেশন ডেস্ক। এটি মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও হজ ক্যাম্পের সঙ্গে সংযুক্ত, যা ভবিষ্যতে বিমান পরিবহনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।
উল্লেখ্য, তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য নেওয়া এই প্রকল্পটি একটি আলাদা উদ্যোগ। আওয়ামী লীগ সরকারের সময়েই এটি সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে নেওয়া হয়। এর বাস্তবায়নকারী সংস্থা হলো বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। টার্মিনাল পরিচালনা, যাত্রীসেবা, ব্যাগেজ ব্যবস্থাপনা, গ্রাউন্ড হ্যান্ডলিং ও কার্গো হ্যান্ডলিং নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ২১০ কোটি মার্কিন ডলার ব্যয়ের এই প্রকল্প ২০২৩ সালের ১৯ জানুয়ারি নীতিগত অনুমোদন পায়। এখন এই টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য আলাদা চুক্তি করা হচ্ছে, যা আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা।
সচিবালয়ে গতকাল সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, “তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি চলছে। ৩০ নভেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি হবে। এরপর ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরু হবে। পুরোপুরি চালু করতে আরও ১৪ মাস সময় লাগবে।”
বেবিচক সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারি–জুন সময়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে মোট ৮৫ লাখ ২০ হাজার যাত্রী চলাচল করেছেন। এর মধ্যে আন্তর্জাতিক যাত্রী ছিলেন ৭৩ লাখ ৪০ হাজার এবং অভ্যন্তরীণ যাত্রী ছিলেন ১১ লাখ ৮০ হাজার।