আগামী ১৬ ডিসেম্বর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনালটি আংশিকভাবে চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। প্রাথমিক পর্যায়ে চারটি ফ্লাইটের ওঠানামার মাধ্যমে এই টার্মিনালের কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে।
আজ শনিবার সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলনকক্ষে তৃতীয় টার্মিনাল উদ্বোধন ও চালুর প্রস্তুতি পর্যালোচনার লক্ষ্যে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এই পরিকল্পনার কথা জানান।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন, “তৃতীয় টার্মিনাল চালু করা বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ে টার্মিনালটির কার্যক্রম শুরু নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে।”
টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর আগে প্রয়োজনীয় প্রস্তুতি হিসেবে ইমিগ্রেশন বুথে কার্যক্রম শুরু করা, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলক পরিচালনা বা ট্রায়াল অপারেশন এবং প্রয়োজনীয় চুক্তি স্বাক্ষরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। এসব কাজের বর্তমান অগ্রগতি পর্যালোচনা এবং আগামী দিনের করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা নিজেদের মতামত বিনিময় করেন।
এম রশিদুজ্জামান মিল্লাত আরও উল্লেখ করেন যে, সংশ্লিষ্ট সকলের দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টায় তৃতীয় টার্মিনালটি চালুর পর্যায়ে নিয়ে আসা সম্ভব হয়েছে। সভায় গৃহীত সিদ্ধান্তগুলো যেন যথাসময়ে বাস্তবায়ন করা হয়, সে বিষয়ে তিনি সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান।
উক্ত সভায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নূরুন্নাহার চৌধুরী এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আহসান হাবিব উপস্থিত ছিলেন।