সদ্য বাজারে আসা অত্যন্ত জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬) কম্পিউটারে খেলার সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে অসংখ্য ভুয়া ফাইল। সাইবার অপরাধীরা এই ফাইলগুলোর মাধ্যমে ব্যবহারকারীদের কম্পিউটারে ম্যালওয়্যার ছড়িয়ে দিচ্ছে, যার ফলে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নষ্ট হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির ঝুঁকি তৈরি হচ্ছে। এমনকি ব্যবহারকারীর অজান্তেই তাঁদের কম্পিউটারকে ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ের কাজে ব্যবহার করছে হ্যাকাররা।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ক্যাসপারস্কির দেওয়া তথ্য অনুযায়ী, জিটিএ ৬ গেমকে কেন্দ্র করে ইন্টারনেটে ছড়িয়ে পড়া অধিকাংশ প্রতারণাই খুব সহজেই শনাক্ত করা সম্ভব। তবে গেমটির সোর্স কোড ফাঁস হয়েছে কিংবা কম্পিউটারের জন্য এর ক্র্যাক সংস্করণ তৈরি করা হয়েছে—এমন দাবিগুলো যাচাই-বাছাই না করে বিশ্বাস করা অত্যন্ত বিপজ্জনক হতে পারে।

বর্তমানে বিভিন্ন অনলাইন ফোরামে অনেকে দাবি করছেন যে, গেমটি ক্র্যাক করে কম্পিউটার ব্যবহারকারী এবং মোড নির্মাতাদের জন্য একটি বিশেষ ফাইল উন্মুক্ত করা হয়েছে। কিন্তু সতর্কবার্তা হলো, এ ধরনের ফাইল ডাউনলোড করলে কম্পিউটারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জিটিএ ৬-এর পিসি সংস্করণ বিনামূল্যে ডাউনলোডের সুযোগ দেওয়ার যে কোনো দাবি সামনে এলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে কোনো লিংকে ক্লিক করার আগে সেটির উৎস এবং বিশ্বাসযোগ্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। গেমটির সোর্স কোড ফাঁস বা ক্র্যাক করার দাবি করা ওয়েবসাইটগুলোর ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

যদি ভুলবশত জিটিএ ৬-এর কোনো ভুয়া সংস্করণ ডাউনলোড করে ফেলা হয়, তবে দ্রুততম সময়ে সেটি কম্পিউটার থেকে আনইনস্টল করতে হবে। এতে ক্ষতিকর প্রোগ্রামের মাধ্যমে হ্যাকারদের কম্পিউটারের নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ কিছুটা হ্রাস পায়। তবে মনে রাখতে হবে, শুধু আনইনস্টল করলেই সব ঝুঁকি দূর হয় না। মূল প্রোগ্রামটি মুছে ফেলার পরেও কম্পিউটারের বিভিন্ন গোপন ফোল্ডারে ম্যালওয়্যারের অবশিষ্টাংশ থেকে যেতে পারে। এই ধরনের ক্ষতিকর ফাইল শনাক্ত করতে প্রথমেই একটি নির্ভরযোগ্য অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে পুরো কম্পিউটার স্ক্যান করা উচিত।

কম্পিউটার থেকে অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ফাইলগুলো পুরোপুরি সরাতে ব্লিচবিটের মতো সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে। এই সফটওয়্যারের মাধ্যমে নির্দিষ্ট প্রোগ্রাম ও ফোল্ডারের ফাইলগুলো পরীক্ষা করে মুছে ফেলা সম্ভব। পাশাপাশি ব্রাউজিং ইতিহাস, ট্র্যাকিং কুকিজ, সংরক্ষিত পাসওয়ার্ড এবং বিভিন্ন অ্যাপের লগ মুছে ফেলার সুবিধাও এতে রয়েছে।