অনেকেই মনে করেন জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করলেই সেটি পুরোপুরি নিরাপদ হয়ে যায়। তবে বাস্তব চিত্র ভিন্ন; পাসওয়ার্ড বদলানোর পরও আপনার অ্যাকাউন্ট ঝুঁকির মুখে থাকতে পারে। বিশেষ করে কম্পিউটার বা স্মার্টফোনে যদি ম্যালওয়্যার কিংবা কোনো ক্ষতিকর সফটওয়্যারের সংক্রমণ ঘটে থাকে, তবে পাসওয়ার্ড পরিবর্তনের পরেও সাইবার অপরাধীরা ব্যবহারকারীর জিমেইল অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ পেতে পারে।
এই ধরনের নিরাপত্তা ঝুঁকি এড়াতে গুগল ব্যবহারকারীদের বিশেষ কিছু পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে। প্রতিষ্ঠানটির মতে, আক্রান্ত যন্ত্র থেকে প্রথমে ম্যালওয়্যার পুরোপুরি মুছে ফেলতে হবে। পাশাপাশি অ্যাকাউন্টে যুক্ত থাকা অপরিচিত যন্ত্র এবং বিভিন্ন অ্যাপের প্রবেশাধিকার বাতিল করা জরুরি। মূলত 'রেমাস স্টিলার' নামের একটি ম্যালওয়্যারের কার্যক্রম নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হওয়ায় গুগল এই সতর্কবার্তা জারি করেছে, যা গোপনে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করতে সক্ষম।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম সাইবারনিউজকে গুগলের একজন মুখপাত্র জানিয়েছেন, “ব্যক্তিগত যন্ত্র থেকে সেশন টোকেন চুরি করে সাইবার হামলা চালানোর ঘটনা নতুন নয়।” তবে তিনি স্পষ্ট করে বলেন যে, এই প্রক্রিয়ায় জিমেইল বা গুগলের নিজস্ব কোনো নিরাপত্তাত্রুটি নেই। সেশন টোকেন মূলত এক ধরনের ডিজিটাল পরিচয়পত্র হিসেবে কাজ করে, যার মাধ্যমে প্রতিবার পাসওয়ার্ড প্রদান না করেই ব্যবহারকারীর অ্যাকাউন্টে প্রবেশ করা সম্ভব হয়। আর এই কারণেই জিমেইল ব্যবহারকারীদের বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
গুগলের বিশ্লেষণ অনুযায়ী, যদি কোনো যন্ত্র ম্যালওয়্যারে আক্রান্ত থাকে, তবে সেই যন্ত্র থেকেই পাসওয়ার্ড পরিবর্তন করার সময় নতুন সেশন টোকেন চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর ফলে পাসওয়ার্ড বদলানোর পরেও সাইবার অপরাধীরা অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ পায়। অন্যদিকে, রেমাস স্টিলার ম্যালওয়্যার নির্মাতারা দাবি করেছে যে, অ্যাকাউন্ট পুনরুদ্ধারের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার পরেও জিমেইল ইনবক্সে প্রবেশ করা সম্ভব। তবে সাইবার নিরাপত্তা গবেষকেরা এখন পর্যন্ত এই দাবির পক্ষে কোনো পর্যাপ্ত প্রমাণ পাননি।
নিরাপত্তা নিশ্চিত করতে গুগলের দেওয়া নির্দেশিকা অনুযায়ী, প্রথমেই আক্রান্ত ডিভাইস থেকে ম্যালওয়্যার সম্পূর্ণভাবে সরিয়ে ফেলতে হবে। এরপর অন্য একটি নিরাপদ যন্ত্র ব্যবহার করে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে এবং অ্যাকাউন্টের নিরাপত্তা যাচাই করতে হবে। এরপর গুগলের ডিভাইস ম্যানেজমেন্ট পেজে গিয়ে পরীক্ষা করে দেখতে হবে যে, কোন কোন যন্ত্রে জিমেইল অ্যাকাউন্টটি সচল রয়েছে। যদি তালিকায় কোনো অপরিচিত যন্ত্রের নাম দেখা যায়, তবে তাৎক্ষণিকভাবে সেটি থেকে অ্যাকাউন্ট সাইন আউট করতে হবে। এছাড়া অনলাইন নিরাপত্তা আরও জোরদার করতে ক্রোম ব্রাউজারে ‘এনহ্যান্সড সেফ ব্রাউজিং’ সুবিধাটি চালু রাখার পরামর্শ দেওয়া হয়েছে।