সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান বিটডিফেন্ডারের গবেষকেরা এক চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। তাঁদের দাবি, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত কিছু স্বল্পমূল্যের স্মার্টফোনে বিক্রির আগেই ম্যালওয়্যার ইনস্টল করা থাকে। গবেষকদের মতে, ‘মিডনাইট মিমোসা’ নামের একটি বিশেষ ম্যালওয়্যার কিছু অ্যান্ড্রয়েড ফোনের ফার্মওয়্যারে আগে থেকেই যুক্ত করা হয়েছে।
সাধারণত ফোনের হার্ডওয়্যার পরিচালনার জন্য যে বিশেষ সফটওয়্যার ব্যবহৃত হয়, তাকেই ফার্মওয়্যার বলা হয়। যেহেতু এই ম্যালওয়্যারটি সরাসরি ফার্মওয়্যারে অবস্থান করে, তাই ফোনটি চালু করার আগেই এটি সক্রিয় হয়ে যায়। সাধারণ অ্যাপের মতো এটি সহজে আনইনস্টল করে মুছে ফেলা সম্ভব নয়। ফলে ফোনটি কিনে ব্যবহারের শুরু থেকেই ব্যবহারকারীরা মারাত্মক নিরাপত্তাঝুঁকির সম্মুখীন হতে পারেন।
বিটডিফেন্ডারের গবেষকদের দেওয়া তথ্যানুযায়ী, মিডনাইট মিমোসা ফোনের ফার্মওয়্যারে থাকা একটি স্থায়ী সিস্টেম অ্যাপের মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা করে। এর ফলে ম্যালওয়্যারটি ফোনের সিস্টেম পর্যায়ে সর্বোচ্চ প্রবেশাধিকার লাভ করে। এই বিশেষ ক্ষমতা ব্যবহার করে এটি ব্যবহারকারীর অজান্তেই ফোনে নতুন অ্যাপ ইনস্টল করতে পারে অথবা বিদ্যমান অ্যাপ মুছে ফেলতে পারে। এমনকি দূরবর্তী কোনো সার্ভার থেকে অতিরিক্ত কোড ডাউনলোড করা এবং বিভিন্ন অ্যাপকে প্রয়োজনীয় অনুমতি দেওয়ার ক্ষমতাও এই ম্যালওয়্যারটির রয়েছে।
তদন্ত চলাকালীন গবেষকেরা এই প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ৩২টি ছদ্মবেশী অ্যাপের সন্ধান পেয়েছেন। এই অ্যাপগুলোর মাধ্যমে মূলত বিজ্ঞাপনের ভুয়া ভিউ তৈরি এবং ক্লিক জালিয়াতি করা হয়। ব্যবহারকারীর অগোচরে বিজ্ঞাপনে কৃত্রিম কার্যক্রম চালিয়ে এই চক্রটি আর্থিক সুবিধা লাভ করে। এছাড়া ম্যালওয়্যারটি শনাক্তকরণ এড়াতে অত্যন্ত চতুর কৌশল অবলম্বন করে। ক্ষতিকর কার্যক্রম চালানোর সময় এটি গোপনে সাময়িকভাবে গুগল প্লে স্টোরের কার্যক্রম বন্ধ করে দিতে পারে। গবেষকদের মতে, এই কৌশলের মাধ্যমে ক্ষতিকর অ্যাপ ইনস্টল করার সময় গুগলের প্লে প্রোটেক্ট নিরাপত্তাব্যবস্থার নজর এড়ানোর চেষ্টা করা হয়।
মিডনাইট মিমোসা মূলত মিডিয়াটেক প্ল্যাটফর্মে তৈরি বিভিন্ন ব্র্যান্ডের স্বল্পমূল্যের অ্যান্ড্রয়েড ফোনে পাওয়া গেছে। আক্রান্ত ফোনগুলোর বেশির ভাগই কম পরিচিত ব্র্যান্ডের হলেও এগুলো বিশ্বের ১৫০টিরও বেশি দেশে ছড়িয়ে আছে। তবে কোন নির্দিষ্ট মডেলের ফোনে এই ম্যালওয়্যার আগে থেকেই যুক্ত থাকে, তা এখন পর্যন্ত প্রকাশ করেননি গবেষকেরা।
সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ