স্মার্টফোনের মাধ্যমে ক্রমবর্ধমান অনলাইন প্রতারণা রুখতে অ্যান্ড্রয়েড এবং গুগল মেসেজেসে নতুন ও শক্তিশালী নিরাপত্তাসুবিধা যুক্ত করছে গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সমন্বয়ে তৈরি এই ব্যবস্থার মাধ্যমে এখন থেকে প্রতারণামূলক বার্তা শনাক্ত করার পাশাপাশি স্ক্রিন শেয়ার করার সময় পাসওয়ার্ড, লগইন ডিটেইলস এবং আর্থিক লেনদেনের মতো সংবেদনশীল তথ্যগুলো স্বয়ংক্রিয়ভাবে গোপন রাখা যাবে। এছাড়া ব্যবহারকারীর অজান্তে ফোনের কল ফরোয়ার্ডিং চালু করে প্রতারণা করার সুযোগও সীমিত করবে এই নতুন নিরাপত্তা ব্যবস্থা।

প্রতারণা শনাক্ত ও প্রতিরোধে অ্যান্ড্রয়েডে আগে থেকেই কিছু ব্যবস্থা থাকলেও অপরাধীরা প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় নিরাপত্তাব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে গুগল, যার ঘোষণা সম্প্রতি দেওয়া হয়েছে। গুগলের তথ্য অনুযায়ী, গুগল মেসেজেসে যুক্ত করা হচ্ছে ‘এনহ্যান্সড প্রটেকশন’ নামক একটি ঐচ্ছিক নিরাপত্তাসুবিধা। এই ফিচারের মাধ্যমে এমন সব জটিল প্রতারণার কৌশল চিহ্নিত করা সম্ভব হবে, যা প্রচলিত পদ্ধতিতে ধরা কঠিন। এই প্রক্রিয়ায় ক্লাউডে থাকা গুগলের উন্নত ‘জেমিনাই এআই’ মডেল ব্যবহার করা হবে। এই মডেলগুলো বার্তার বিষয়বস্তু এবং প্রতারকদের উদ্দেশ্য বিশ্লেষণ করে সম্ভাব্য হুমকি শনাক্ত করবে, যার ফলে ব্যবহারকারীরা সন্দেহজনক বার্তার বিষয়ে আগেই সতর্ক হতে পারবেন।

এআই দিয়ে তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় বিশেষ গুরুত্ব দিয়েছে গুগল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই কাজে ‘প্রাইভেট এআই কম্পিউট’ প্রযুক্তি ব্যবহার করা হবে। এই প্রযুক্তির মাধ্যমে তথ্যগুলো এনক্রিপ্ট করে একটি নিরাপদ পরিবেশে বিশ্লেষণ করা হয়। গুগলের দাবি, এই প্রক্রিয়ায় প্রতিষ্ঠানটি নিজেও ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যে প্রবেশ করতে পারবে না। ফলে গোপনীয়তা অক্ষুণ্ন রেখেই প্রতারণা শনাক্তে উন্নত এআই মডেলের সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি গুগল মেসেজেসে অপরিচিত লিংক যাচাইয়ের প্রক্রিয়াটিও আরও উন্নত করা হচ্ছে। নতুন ব্যবস্থায় ‘জেমিনি ন্যানো’ এআই মডেল ওয়েবের তাৎক্ষণিক নিরাপত্তাসংকেত বিশ্লেষণ করে লিংকের ঝুঁকি নির্ধারণ করবে, যাতে ক্ষতিকর ওয়েবসাইটে প্রবেশের আগেই ব্যবহারকারী সতর্ক হতে পারেন।

নিরাপত্তার এই পরিধি শুধু মেসেজিং অ্যাপের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং ফোনের নোটিফিকেশন সিস্টেমেও সম্প্রসারিত করা হচ্ছে। আগে সন্দেহজনক বার্তা সম্পর্কে নোটিফিকেশনের মাধ্যমে সতর্ক করার সুবিধাটি কেবল গুগলের পিক্সেল ফোনে পাওয়া যেত। তবে এখন থেকে অনার, ইনফিনিক্স, আইটেল, মটোরোলা, অপো, ওয়ানপ্লাস, রিয়েলমি, টেকনো, ভিভো এবং শাওমিসহ বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোনে এই সুবিধা চালু করা হচ্ছে। এর ফলে মেসেজিং অ্যাপ খোলার আগেই নোটিফিকেশন প্যানেল থেকে ব্যবহারকারীরা সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে জানতে পারবেন।

গুগলের ঘোষিত নতুন আপডেটগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো স্ক্রিন শেয়ারিংয়ের সময় সংবেদনশীল তথ্য আড়াল রাখার ব্যবস্থা। অ্যান্ড্রয়েডে আগে থেকেই কিছু তথ্য সুরক্ষিত রাখার সুবিধা থাকলেও এখন তা গুগল ক্রোম ব্রাউজার এবং অ্যান্ড্রয়েড ওয়েবভিউতেও সম্প্রসারিত করা হচ্ছে।

নতুন এই ব্যবস্থায় স্ক্রিন শেয়ারিং চলাকালীন পাসওয়ার্ড, লগইন তথ্য এবং পেমেন্টের বিবরণসহ বিভিন্ন গোপনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে আড়াল থাকবে। অনেক সময় প্রতারকেরা ব্যবহারকারীদের কৌশলে স্ক্রিন শেয়ার করতে রাজি করায় এবং এরপর ব্যাংকিং অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহারের নির্দেশনা দিয়ে গোপন তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। গুগলের এই নতুন ফিচারটি এ ধরনের প্রতারণার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে।

পাশাপাশি ফোনের কল ফরোয়ার্ডিং ব্যবহার করে করা প্রতারণা ঠেকাতেও বিশেষ ব্যবস্থা আনছে গুগল। অনেক ক্ষেত্রে প্রতারকেরা ব্যবহারকারীর অজান্তেই ফোনে কল ফরোয়ার্ডিং চালু করে দেয়, যার ফলে গুরুত্বপূর্ণ কল এবং ওটিপি (একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ড) অন্য নম্বরে চলে যায়। নতুন নিরাপত্তাব্যবস্থায় কোনো অ্যাপ ব্যবহারকারীর অজান্তে ব্যাকগ্রাউন্ডে কল ফরোয়ার্ডিং চালু করতে পারবে না।

এছাড়া ফোনের ডায়ালারে বিশেষ এমএমআই কোড লিখে কল ফরোয়ার্ডিং চালু করার চেষ্টা করা হলে অ্যান্ড্রয়েড এখন সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্কবার্তা দেখাবে। ফলে প্রতারকদের প্ররোচনায় পড়ে কোনো কোড ব্যবহারের আগেই ব্যবহারকারীরা সতর্ক হওয়ার সুযোগ পাবেন।