সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ১২৪ বারের মতো পেছাল। আজ সোমবারও আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় তদন্ত কর্মকর্তাকে সশরীর হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য দিন ছিল। তবে পিবিআই প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম আগামী ১ এপ্রিল নতুন তারিখ ধার্য করেন।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আদেশে বিচারক বলেন, আইওর (তদন্ত কর্মকর্তা) প্রতি শোকজ পাঠানো হলো। ব্যাখ্যাকারীকে সশরীর হাজির হয়ে কারণ দর্শাতে হবে।
হত্যাকাণ্ডের এক যুগ পর গত বছরের ৪ নভেম্বর সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব র্যাবের কাছ থেকে পিবিআইকে দেওয়া হয়। সংস্থাটি এরই মধ্যে তদন্ত শুরু করেছে।
মামলা তদন্তের দায়িত্ব পাওয়া পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক মুক্তকণ্ঠকে সে সময় বলেছিলেন, ‘র্যাবের কাছ থেকে মামলাসংশ্লিষ্ট সব কাগজপত্র বুঝে পেয়েছি। তদন্তকাজ নতুন করে শুরু করেছি।’
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় এই সাংবাদিক দম্পতি নৃশংসভাবে খুন হন। সাগর সরওয়ার মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ছিলেন ও মেহেরুন রুনি ছিলেন এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক।






