এক নিকো পাজ এখন জাতীয় দলের সদস্য। অন্যদিকে রিয়াল মাদ্রিদের আঙিনাতেই আরেক ‘নিকো পাজ’কে খুঁজে পেয়েছে আর্জেন্টিনা। ঠিকানা সেই একই— রিয়াল মাদ্রিদ!
লিওনেল মেসির ১০ নম্বর জার্সির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে পরিচিত পাজের জন্ম স্পেনের তেনেরিফে। রিয়ালের বয়সভিত্তিক দলে বেড়ে উঠে তিনি মূল দলেও খেলার সুযোগ পেয়েছেন। স্পেনের হয়ে খেলার সুযোগ থাকলেও বাবার জন্মসূত্রে আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার পাবলো পাজের কারণে ছোট পাজ বেছে নিয়েছেন আকাশি-সাদা জার্সি। মেসি অবসর নেওয়ার পর এখন তাঁর জায়গার উত্তরসূরি হিসেবে পাজই আলোচনায়।
এদিকে রিয়াল মাদ্রিদ ‘সি’ দলের মাঝমাঠে বেড়ে উঠছেন আরও এক প্রতিভাবান ফুটবলার, যাকে বলা হচ্ছে ছোট ‘পাজ’। তাঁর নাম কার্লোস দিয়েজ। বয়স ১৯ বছর। জন্ম মাদ্রিদে। স্প্যানিশ নাগরিকত্বের পাশাপাশি মায়ের জন্মসূত্রে তিনি আর্জেন্টিনার হয়ে খেলার যোগ্য। আর এখানেই শুরু হয়েছে টানাপোড়েন। স্পেন ও আর্জেন্টিনা—উভয় দেশই তাঁকে দলে নিতে আগ্রহী। তবে এই প্রতিযোগিতায় স্পেন আপাতত কিছুটা এগিয়ে রয়েছে, কারণ তিনি স্পেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে একটি ম্যাচ খেলেছেন।
রিয়াল মাদ্রিদের ‘সি’ দলের অধিনায়ক দিয়েজ এরই মধ্যে লিগ, চ্যাম্পিয়নস কাপ, উয়েফা যুব লিগ ও অনূর্ধ্ব-২০ ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছেন। গত মৌসুমে তিনি করেছেন ২১টি গোল। রিয়ালের দ্বিতীয় রিজার্ভ দলটি স্প্যানিশ ফুটবলের চতুর্থ স্তরে খেলে। আর্জেন্টিনার নজর এড়িয়ে যাওয়ার মতো ফুটবলার নন তিনি। দেশটির সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, ইউরোপে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) যে ধরনের তরুণ প্রতিভা খুঁজছে, দিয়েজ ঠিক সেই ছাঁচের।
আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ দলের কোচ দিয়েগো প্লাসেন্তে বেশ কিছুদিন ধরেই দিয়েজের ওপর নজর রাখছেন। গত নভেম্বরে তাঁকে অনূর্ধ্ব-২০ দলের সঙ্গে অনুশীলন করানোর উদ্যোগ নিয়েছিলেন তিনি। তবে খেলোয়াড় ছাড়ার কোনো বাধ্যবাধকতা না থাকায় রিয়াল মাদ্রিদ তাঁকে যেতে দেয়নি।
কাতারে চলমান অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে মোজাম্বিকের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলে জয়ের পর স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র সঙ্গে কথা বলেছেন প্লাসেন্তে। দিয়েজের প্রতি তাঁর আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, “আমরা তাঁর মান সম্পর্কে জানি। চেয়েছিলাম, ফিফার (নভেম্বর) বিরতিতে সে আসুক, যাতে দলের সঙ্গে অনুশীলন করতে পারে।”
ইউরোপে বেড়ে ওঠা ফুটবলারদের দক্ষিণ আমেরিকার ফুটবলের সঙ্গে পরিচিত করানোর গুরুত্বের কথা উল্লেখ করে প্লাসেন্তে বলেন, “আমার মনে হয়, যারা ইউরোপে খেলে বা ইউরোপে যাদের জন্ম, তাদের ফুটবল-জ্ঞানে নতুন কিছু যোগ করে দক্ষিণ আমেরিকার ফুটবল। আমরা তাঁকে (দলে) দেখতে চেয়েছি।”
দিয়েজ শেষ পর্যন্ত নিকো পাজের পথেই হাঁটবেন কি না, এমন প্রশ্নে প্লাসেন্তের উত্তর ছিল, “ঠিক তা–ই।”
আর্জেন্টিনার বাইরে জন্ম নেওয়া কিন্তু পারিবারিক সূত্রে আর্জেন্টিনার হয়ে খেলার যোগ্য তরুণদের এএফএ বলে ‘ইউরোপিবেস’। এটি ‘ইউরোপা’ ও ‘পিবেস’ শব্দ দুটির সংমিশ্রণ, যার অর্থ ইউরোপে জন্ম নেওয়া তরুণ।
দিয়েজও এই তালিকার অন্তর্ভুক্ত। তাঁকে নিয়ে আর্জেন্টিনার আগ্রহের খবর স্প্যানিশ ফুটবল ফেডারেশনকেও (আরএফইএফ) সতর্ক করে দিয়েছে। স্পেন অনূর্ধ্ব-২০ দলের সম্ভাব্য খেলোয়াড়দের তালিকায় তাঁকে রেখেছেন কোচ পাকো গ্যালার্দো। গত জানুয়ারিতে ইতালির বিপক্ষে স্পেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে একটি প্রীতি ম্যাচে ৪৫ মিনিট খেলেছেন দিয়েজ।
তবে আগামী বছরের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের জন্য স্পেনের হালনাগাদ স্কোয়াডে এখনো তাঁর জায়গা হয়নি। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর আজারবাইজান ও উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট, যেখানে আর্জেন্টিনাও খেলবে। অর্থাৎ, দিয়েজকে পাওয়ার লড়াইয়ে দুই দেশের সামনে আরও একটি বড় উপলক্ষ অপেক্ষা করছে।
আগামী ২২ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ খেলবে আর্জেন্টিনা। এই টুর্নামেন্টের দলে দিয়েজকে রাখতে চায় এএফএ। সে কারণেই ১১ থেকে ১৪ নভেম্বরের মধ্যে তাঁকে পরখ করে দেখতে চেয়েছিলেন প্লাসেন্তে।
দিয়েজ একা নন, রিয়াল একাডেমিতে তাঁর সাবেক সতীর্থ ব্রুনো গ্যালাসিওর দিকেও নজর ছিল আর্জেন্টিনার। গত গ্রীষ্মে রিয়াল ছেড়ে ইতালির ক্লাব লাৎসিওতে যোগ দিয়েছেন এই ফুটবলার। স্পেনের লেইদায় জন্ম নেওয়া গ্যালাসিরও দ্বৈত নাগরিকত্ব রয়েছে এবং তিনি এরই মধ্যে আর্জেন্টিনার ডাকে সাড়া দিয়েছেন।
গ্যালাসিওর এই সিদ্ধান্ত দিয়েজের ব্যাপারে আর্জেন্টিনার আশা আরও বাড়িয়ে দিয়েছে। গত জানুয়ারির পর স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাঁর ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেয়নি। এএফএ মনে করছে, এই সুযোগে তিনি মায়ের দেশের জার্সির প্রতি আকৃষ্ট হতে পারেন।
আসলে ইউরোপে জন্ম নেওয়া প্রতিভাবান ফুটবলারদের জাতীয় দলে টানতে এএফএ-র একটি সুপরিকল্পিত স্কাউটিং কার্যক্রম রয়েছে, যা তারা কয়েক বছর ধরে নীরবে চালিয়ে যাচ্ছে। প্রথমে দ্বৈত নাগরিকত্বের খেলোয়াড়দের খুঁজে বের করা হয় এবং এরপর তাঁদের জাতীয় দলে আনার বাস্তবসম্মত দিকগুলো যাচাই করা হয়। কাউকে চাপ দেওয়া হয় না; বরং আর্জেন্টিনার পরিকল্পনা এবং সেই দলে তাঁদের ভবিষ্যৎ সুযোগের কথা জানানো হয়। নিকো পাজের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছিল।
কার্লোস দিয়েজের প্রতি এত আগ্রহের কারণ শুধু তাঁর নাগরিকত্ব নয়, বরং ফুটবলার হিসেবেও তিনি অত্যন্ত সম্ভাবনাময়। কৌশলগত বুদ্ধিমত্তা, সতীর্থদের সঙ্গে সমন্বয় গড়ে তোলার ক্ষমতা এবং মাঝমাঠের বিভিন্ন পজিশনে খেলার দক্ষতা তাঁর রয়েছে। মূলত তিনি একজন বক্স-টু-বক্স মিডফিল্ডার এবং দুই পায়েই সমান দক্ষ। আক্রমণে ওঠার পাশাপাশি রক্ষণেও তিনি দায়িত্ব নিতে পারেন।
আদর্শ ফুটবলার হিসেবে তিনি লুকা মদরিচকে মানেন এবং তাঁর সঙ্গে দিয়েজের কিছু মিলও আছে। ক্রোয়াট কিংবদন্তির মতোই মাঝমাঠে খেলার ছন্দ তৈরি করতে পছন্দ করেন তিনি। তাঁর পছন্দের জার্সি নম্বরও ১০।
স্পেনে এরই মধ্যে দিয়েজের সঙ্গে নিকো পাজের তুলনা শুরু হয়েছে। রিয়ালের একাডেমিতে দুজনেই আলভারো আরবেলোয়ার অধীনে কোচিং করেছেন। গত এপ্রিলে বেলজিয়ান ক্লাব ব্রুগাকে টাইব্রেকারে হারিয়ে উয়েফা যুব লিগ জিতেছে রিয়ালের অনূর্ধ্ব-১৯ দল, যে দলের অধিনায়ক ছিলেন দিয়েজ।
ট্রফি জয়ের উদ্যাপনেও ছিল এক বিশেষ গল্প। ২০২২ বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসি যে বিশেষ ভঙ্গিতে ট্রফি উদ্যাপন করে জনপ্রিয়তা পেয়েছিলেন, দিয়েজও সেটিই অনুকরণ করেন। মেসির উদ্যাপন নকল করা সহজ হতে পারে, কিন্তু মেসির পথ ধরে আর্জেন্টিনার জার্সিতে জায়গা করে নেওয়াটা সম্পূর্ণ ভিন্ন ও কঠিন এক লড়াই।