লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ মুহূর্তটিকে কেবল একটি ফুটবল ম্যাচের গণ্ডিতে সীমাবদ্ধ রাখতে চাইছে না আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বেনিনের বিপক্ষে মেসির বিদায়ী ম্যাচটি স্মরণীয় করে রাখতে মনুমেন্টাল স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে কয়েক ঘণ্টার দীর্ঘ সংগীতানুষ্ঠান, বিশেষ ভিডিও প্রদর্শনী এবং ড্রোন ও আতশবাজির চমক। ম্যাচ শেষ হওয়ার পর আর্জেন্টিনা অধিনায়কের হাতে তুলে দেওয়া হবে বিশেষ স্মারক ও জার্সি।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টায় বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। জাতীয় দলের জার্সিতে এটিই হতে যাচ্ছে মেসির শেষ ম্যাচ। এএফএ জানিয়েছে, এই দিনটি সাজানো হয়েছে তাদের অধিনায়কের দীর্ঘ ও গৌরবময় আন্তর্জাতিক ক্যারিয়ার উদ্‌যাপনের জন্য।

তবে উৎসবের আমেজ শুরু হবে ম্যাচের অনেক আগেই। বিকেল ৪টায় দর্শকদের জন্য খুলে দেওয়া হবে মনুমেন্টাল স্টেডিয়ামের দরজা। বিকেল সাড়ে ৫টা থেকে শুরু হবে মঞ্চের বিভিন্ন আয়োজন। সেখানে একে একে গান পরিবেশন করবেন সেবাস্তিয়ান মেন্দোসা, রোমান ‘এল অরিজিনাল’, আমার আজুল, সান্তি কাইরো এবং কিউ’লোকুরা। সন্ধ্যা ৭টায় মঞ্চে পারফর্ম করবে জনপ্রিয় দল দামাস গ্রাতিস।

ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনার জাতীয় সংগীত পরিবেশন করবেন গায়ক এবং মালভিনাস যুদ্ধের সাবেক সেনা ফাবিও সান্তানা। বিরতির সময়েও সংগীতের আয়োজন থাকছে, যেখানে গান গাইবেন গাসপার বেনেগাস।

ম্যাচের শেষ বাঁশি বাজার পর শুরু হবে বিদায়ের মূল পর্ব। রাত ১০টার কিছু পর ড্রোন ও আতশবাজির বিশেষ প্রদর্শনী পরিকল্পনা করা হয়েছে। এরপর গান পরিবেশন করবেন লা সোলে ও উলিসেস বুয়েনো। সবশেষে রাখা হয়েছে একটি ‘চমক’—যার বিস্তারিত বিবরণ আগেভাগে প্রকাশ করেনি আয়োজক কর্তৃপক্ষ।

মাঠেই মেসিকে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের স্মারক হিসেবে একটি ফলক ও বিশেষ জার্সি প্রদান করা হবে। স্টেডিয়ামের বড় পর্দায় আর্জেন্টিনার হয়ে তাঁর দুই দশকের দীর্ঘ পথচলা নিয়ে তৈরি একটি আবেগঘন ভিডিও প্রদর্শিত হবে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানিয়েছে, বিদায়ের এই মুহূর্তে মেসি সমর্থকদের উদ্দেশে কথা বলতে পারেন।

মনুমেন্টাল স্টেডিয়ামের সাজসজ্জাতেও মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন মেসি। স্টেডিয়ামের করিডোরের উল্লম্ব পর্দাগুলোতে প্রদর্শিত হচ্ছে আর্জেন্টিনার হয়ে তাঁর করা স্মরণীয় বিভিন্ন গোলের দৃশ্য। সেই ভিডিও প্রকাশ করে রিভার প্লেট লিখেছে, ‘১০ নম্বরের শেষ প্রদর্শনীর জন্য প্রস্তুত হচ্ছে মনুমেন্টাল।’

যাঁরা স্টেডিয়ামে জায়গা পাননি, সেই সমর্থকদের জন্যও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। দুপুর থেকে ইউবিএর সিউদাদ ইউনিভার্সিতারিয়া স্পোর্টস কমপ্লেক্সে আয়োজন করা হবে ফ্যান ফেস্ট। সেখানে গান, খাবারের স্টল, বিভিন্ন খেলা ও ইন্টারঅ্যাকটিভ আয়োজন থাকবে। ইনফ্লুয়েন্সার ও স্ট্রিমারদের উপস্থিতির পাশাপাশি বিশাল পর্দায় সরাসরি দেখানো হবে আর্জেন্টিনা–বেনিন ম্যাচটি।

এএফএ মেসির এই বিদায়কে ঘিরে ‘শেষ ট্যাঙ্গো’ ভাবনা গ্রহণ করেছে। তাদের প্রকাশিত একটি বিশেষ ভিডিওর বার্তায় বলা হয়েছে, ‘শেষ ট্যাঙ্গোটা আর্জেন্টিনাতেই হতে হতো। কারণ কিছু নাচ কেবল ঘরেই শেষ করা যায়।’

এই বিশেষ ম্যাচের জন্য বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি। বিদায়ী এই জার্সিতে তাঁর ১০ নম্বরটি থাকবে সোনালি রঙে। মেসির জন্মস্থান রোসারিও শহরেও এরই মধ্যে বিশাল ‘১০’ নম্বরের জার্সি এবং সোনালি রঙে ‘ধন্যবাদ’ লিখে তাকে সম্মান জানানো হয়েছে।

দুই দশকেরও বেশি সময় ধরে আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে ১২৫টি গোল করেছেন মেসি। তাঁর নেতৃত্বে দেশ জিতেছে কোপা আমেরিকা ২০২১ ও ২০২৪, ফিনালিসিমা ২০২২ এবং কাতার বিশ্বকাপ ২০২২। এখন সেই দীর্ঘ ও সফল যাত্রার শেষ রাতের জন্য মেসিময় হয়ে উঠছে মনুমেন্টাল স্টেডিয়াম।