আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৫টায় অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটির মাধ্যমেই আর্জেন্টিনার হয়ে দীর্ঘ ২০ বছরের ফুটবল ক্যারিয়ারের ইতি টানবেন লিওনেল মেসি। বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারের শেষ ম্যাচটি ঘিরে এখন পুরো বিশ্বের ফুটবলপ্রেমীদের মধ্যে তীব্র আগ্রহ কাজ করছে। এই আগ্রহের একটি বড় জায়গা হলো, লিওনেল স্কালোনি মেসির এই বিদায়ী ম্যাচে দলের একাদশে কাদের নামাবেন।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, লিওনেল মেসির বিদায়ী ম্যাচে শুধু তাকেই নয়, তার দীর্ঘ আর্জেন্টিনা-যাত্রার সাথে পরিচিত বেশ কয়েকজন সতীর্থকেও শুরু থেকেই মাঠে দেখা যেতে পারে। বেনিনের বিপক্ষে এই বিশেষ ম্যাচে রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লাউতারো মার্তিনেজ এবং হুলিয়ান আলভারেসদের শুরুর একাদশে রাখার পরিকল্পনা করছেন কোচ লিওনেল স্কালোনি।

তবে শেষ অনুশীলনের সময় স্কালোনি নির্দিষ্ট কোনো একাদশ নিয়ে কাজ করেননি। তা সত্ত্বেও আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মেসির বিদায়কে স্মরণীয় করে রাখতে সাম্প্রতিক দুই বিশ্বকাপ চক্রের পরিচিত মুখদের নিয়েই দল সাজানোর সম্ভাবনা সবচেয়ে বেশি।

গোলপোস্টের পাহারায় থাকবেন এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। রক্ষণভাগের ডান পাশে আগুস্তিন জিয়াইয়ের খেলার সম্ভাবনা প্রবল। কারণ নাহুয়েল মোলিনা বর্তমানে নিষিদ্ধ এবং গনসালো মন্তিয়েল দলে নেই, ফলে এই পজিশনে জিয়াই-ই এগিয়ে আছেন।

মাঝের দুই ডিফেন্ডারের একজন হিসেবে থাকবেন ক্রিস্তিয়ান রোমেরো। তবে তার সঙ্গী কে হবেন, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। টিওয়াইসি স্পোর্টস লিসান্দ্রো মার্তিনেজকে সম্ভাব্য একাদশে রাখলেও, ওলে ও ইনফোবায়ের সর্বশেষ প্রতিবেদনে নিকোলাস ওতামেন্দিকে এগিয়ে রাখা হয়েছে। মেসির মতো ওতামেন্দির জন্যও এটি আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ হতে যাচ্ছে, তাই তাকে শুরু থেকে খেলানোর সম্ভাবনাই বেশি বলে মনে করছে আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলো।

বাঁ পাশে নিকোলাস তাগলিয়াফিকোকে দেখা যেতে পারে। তবে তার শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে বিকল্প হিসেবে ফাকুন্দো মেদিনাও প্রস্তুত আছেন।

মাঝমাঠে পুরোনো ত্রয়ীর ফেরার সম্ভাবনাই সবচেয়ে বেশি। রদ্রিগো দি পলের সঙ্গে থাকবেন এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আগের দুটি প্রীতি ম্যাচে না খেলা দি পলকে বিশেষভাবে মেসির বিদায়ী ম্যাচের জন্যই দলে ডাকা হয়েছে। জিওভানি লো সেলসোও একইভাবে দলে ফিরেছেন, তবে সম্ভাব্য একাদশে আপাতত দি পলই এগিয়ে রয়েছেন।

আক্রমণভাগে মেসির দুই পাশে নয়, বরং তাকে ঘিরেই একসঙ্গে লাউতারো ও হুলিয়ানকে খেলানোর পরিকল্পনা রয়েছে। অর্থাৎ ৪-৩-৩ ফরমেশনে আক্রমণভাগ সাজানো হতে পারে মেসি-লাউতারো-হুলিয়ান ত্রয়ীর মাধ্যমে। টিওয়াইসি, ওলে ও ইনফোবায়ে—এই তিন মাধ্যমই এই তিনজনকে সম্ভাব্য একাদশে রেখেছে।

সম্ভাব্য একাদশটি হতে পারে এমন: এমিলিয়ানো মার্তিনেজ; আগুস্তিন জিয়াই, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেস।

ম্যাচটি মনুমেন্টাল স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে, যা বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা।