স্তন ক্যানসারের বিরুদ্ধে দীর্ঘ লড়াই চালিয়ে অবশেষে শেষ কেমোথেরাপি সেশন সম্পন্ন করেছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী উমা শঙ্করী। ক্যানসার শনাক্ত হওয়ার পর থেকে গত কয়েক মাস ধরে তিনি এই কঠিন চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছিলেন। কেমোথেরাপি ও ইমিউনোথেরাপির মতো অত্যন্ত কষ্টকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। হাসপাতালের বিছানায় বসে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ভক্তদের সঙ্গে এই সুখবরটি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

গত ২০ নভেম্বর ইনস্টাগ্রামে সেই ছবিটি পোস্ট করেন উমা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “কেমোথেরাপি কঠিন ছিল, তবে আমি আরও কঠিন। শেষ ইনফিউশন, জীবনের পরবর্তী অধ্যায়ের দিকে প্রথম পদক্ষেপ।”

চলতি বছরের জুনের শেষ দিকেই উমা শঙ্করী প্রথমবার তাঁর অসুস্থতার কথা প্রকাশ্যে আনেন। তিনি জানান, তাঁর স্তন ক্যানসারের প্রাথমিক পর্যায় শনাক্ত হয়েছে। ২৩ জুন এক আবেগঘন পোস্টে অভিনেত্রী লিখেছিলেন, এই খবরটি শোনার পর তিনি প্রথমে তা বিশ্বাসই করতে পারছিলেন না। ধাক্কা, অস্বীকার এবং অবিশ্বাসের এক জটিল পরিস্থিতির মধ্য দিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

সেই সময়ের অনুভূতি ব্যক্ত করে তিনি লিখেছিলেন, “কেন আমার সঙ্গে এমন হলো? কেন এখন? এরপর কী হবে?”—এমন অসংখ্য প্রশ্ন তাঁর মাথায় ঘুরপাক খাচ্ছিল। তিনি আরও উল্লেখ করেন যে, কোনো প্রস্তুতি বা সময় মানুষকে এমন একটি দুঃসংবাদ শোনার জন্য পুরোপুরি প্রস্তুত করতে পারে না। শুধু নিজের কষ্ট নয়, পরিবারের সদস্যদের মানসিক যন্ত্রণা তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছিল। প্রিয়জনেরা নিজেদের ভয় ও দুশ্চিন্তা চেপে রেখে তাঁকে ভালোবাসা দিয়ে আগলে রাখছিলেন, যা দেখে উমার মন আরও ভারী হয়ে উঠেছিল। তবে কয়েক দিন কান্না ও মানসিক অস্থিরতার মধ্য দিয়ে যাওয়ার পর পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের অকুন্ঠ সমর্থনে তিনি বাস্তবতা মেনে নেওয়ার সিদ্ধান্ত নেন। ভাগ্যের কাছে হার মানবেন না বলে তিনি দৃঢ় ঘোষণা করেছিলেন।

চিকিৎসার প্রতিটি ধাপের অভিজ্ঞতা নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন উমা। গত জুলাই মাসে দ্বিতীয় পর্যায়ের কেমোথেরাপি ও ইমিউনোথেরাপি নেওয়ার সময় তিনি একটি পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, প্রতিটি দিন তিনি সামনে এগিয়ে যাচ্ছেন এবং কঠিন দিনগুলো কীভাবে সামলাতে হয় তা শিখছেন। পাশাপাশি, যেদিন শরীর কিছুটা ভালো থাকে, সেই দিনগুলোকেও তিনি উদ্‌যাপন করছেন।

অভিনেত্রীর কথায়, “আমার পরিবার সব সময় পাশে থেকেছে। ভক্তদের ভালোবাসা ও সমর্থনের জন্যও কৃতজ্ঞ। আমি নিজের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি, সুস্থ হয়ে ওঠার দিকে মনোযোগ দিচ্ছি। এই অগ্রগতি হয়তো নিখুঁত নয়, কিন্তু এটি বাস্তব।”

আগস্ট মাসেও চিকিৎসার অগ্রগতি নিয়ে কথা বলেছিলেন তিনি। অসুস্থতার মধ্যেও নিজের বাগানে সময় কাটানোর ছবি ও ভিডিও প্রকাশ করেছিলেন অভিনেত্রী। চিকিৎসার একঘেয়েমি এবং শারীরিক ও মানসিক চাপের মাঝে প্রকৃতির সান্নিধ্য তাঁকে কিছুটা স্বস্তি দিয়েছিল। তামিল ইন্ডিয়ান এক্সপ্রেস-এর আগস্টের প্রতিবেদনেও তাঁর সেই সময়ের কথা উল্লেখ করা হয়েছে।

এই কঠিন সময়ে স্বামী এইচ দুশ্যন্ত এবং তাঁর ছেলেকে সবচেয়ে বড় শক্তির উৎস হিসেবে উল্লেখ করেছেন উমা। স্বামীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছিলেন, সংকটের সময়ে পাশে থাকা এবং নিজেও ভয়-দুশ্চিন্তার মধ্যে থেকেও সাহস জোগানোর জন্য তিনি কৃতজ্ঞ।

ছেলের উদ্দেশে অভিনেত্রী লিখেছিলেন, “তোমার সাহসই আমার শক্তি।” পরিবারের সদস্য, বন্ধু এবং ভক্তদের ভালোবাসা তাঁকে এই লড়াই চালিয়ে যাওয়ার প্রেরণা জুগিয়েছে বলে জানান তিনি।

দক্ষিণ ভারতের চারটি ভিন্ন চলচ্চিত্রশিল্পে কাজ করেছেন উমা শঙ্করী। তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড়—এই চার ভাষার ছবিতেই তাঁর অভিনয় দক্ষতা প্রদর্শিত হয়েছে। ২০০০ সালে তামিল ছবি ‘বীরানাডাই’ দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে তাঁর। একই বছর ‘ভানাভিল’ ছবিতেও অভিনয় করেন তিনি।

তবে মালয়ালম চলচ্চিত্রের দর্শকদের কাছে তিনি বিশেষভাবে পরিচিতি পান ২০০২ সালে মুক্তি পাওয়া ‘কুবেরন’ ছবির মাধ্যমে। দিলীপ অভিনীত এই ছবিতে তাঁর অভিনয় দর্শকদের নজর কাড়ে। এরপর তিনি ‘বসন্তমালিকা’, ‘সাফল্যম’ ও ‘ঈ স্নেহতীরথু’ ছবিতে অভিনয় করেন। তামিল ছবির মধ্যে ‘চোক্কা থাঙ্গাম’ তাঁকে ব্যাপক পরিচিতি এনে দেয়, যেখানে তিনি বিজয়কান্তের ছোট বোনের চরিত্রে অভিনয় করেছিলেন।

২০০৬ সালে সফটওয়্যার প্রকৌশলী এইচ দুশ্যন্তকে বিয়ে করেন উমা। বিয়ের পর অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও পরবর্তীতে টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে তিনি পুনরায় অভিনয়ে ফিরে আসেন। ২০২২ সালে অজিত কুমার অভিনীত ‘ভালিমাই’ ছবিতে তাঁকে দেখা গিয়েছিল।

উমার পারিবারিক পরিচয়ও চলচ্চিত্রের সঙ্গে গভীরভাবে জড়িত। তিনি কন্নড় চলচ্চিত্র পরিচালক ডি রাজেন্দ্র বাবু ও অভিনেত্রী সুমিত্রার মেয়ে। তাঁর বোন নক্ষত্রাও অভিনয়ের সঙ্গে যুক্ত।