কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলগুলো নিজেদের মধ্যে যোগাযোগের জন্য এমন কিছু নতুন ভাষাগত সংকেত ও শব্দের সমন্বয় তৈরি করছে, যা মানুষের কাছে একেবারেই বোধগম্য নয়। এর ফলে এআই মডেলগুলো নিজেদের মধ্যে ঠিক কী ধরনের তথ্য আদান-প্রদান করছে, তা বুঝতে গবেষকদের চরম বেগ পেতে হতে পারে। এআইয়ের সক্ষমতা যত বাড়বে, এই সমস্যাটি তত বেশি জটিল হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও, এআইয়ের ‘গডফাদার’ হিসেবে পরিচিত প্রখ্যাত কম্পিউটারবিজ্ঞানী জিওফ্রে হিন্টন এই আশঙ্কার কথা জানিয়েছেন।
হিন্টনের আশঙ্কা যে, ভবিষ্যতে নিজেদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এআই মডেলগুলো মানুষের তুলনায় অনেক দ্রুত শিখতে সক্ষম হবে। এমনকি তারা চিন্তা ও যোগাযোগের নিজস্ব পদ্ধতিও গড়ে তুলতে পারে। একপর্যায়ে এআই মডেলগুলো কীভাবে চিন্তা করছে বা নিজেদের মধ্যে কী বিষয়ে আলোচনা করছে, তা মানুষের পক্ষে বুঝে ওঠা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াতে পারে।
কানাডার ইউনিভার্সিটি অব ম্যানিটোবায় আয়োজিত এক প্রশ্নোত্তর পর্বে হিন্টন জানান, এআই মডেলগুলো মানুষের মতো করে ভাষা শেখে না। প্রশিক্ষণের সময় তারা শব্দগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে নেয়। এসব অংশের প্রতিটির আলাদা অর্থ থাকতে পারে। উদাহরণস্বরূপ, কোনো শব্দের শুরুতে থাকা ‘ইউএন’ বা শেষে থাকা ‘এন’ একটি অর্থপূর্ণ অংশ হিসেবে কাজ করতে পারে। এ ধরনের অসংখ্য ছোট অংশের সমন্বয় বিশ্লেষণ করেই ভাষা বুঝতে ও ব্যবহার করতে শেখে এআই মডেলগুলো।
তবে হিন্টনের উদ্বেগের মূল কারণ হলো, এআই এজেন্টগুলো এখন প্রশিক্ষণে সরাসরি শেখানো হয়নি এমন নতুন নতুন শব্দাংশের সমন্বয় তৈরি করছে। এসব সমন্বয় ব্যবহার করে তারা নিজেদের মধ্যে যোগাযোগও করছে। কিন্তু নতুন এই ভাষাগত বিন্যাসের মাধ্যমে তারা আসলে কী বোঝাচ্ছে কিংবা সেগুলো কী কাজে ব্যবহার করছে, তা গবেষকেরা এখনো বুঝতে পারছেন না। এ বিষয়ে হিন্টন বলেন, “আমরা দেখেছি, তারা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য শব্দের বিভিন্ন অংশের নতুন সমন্বয় তৈরি করছে। কিন্তু এসব সমন্বয় দিয়ে তারা কী করছে, তা আমাদের জানা নেই। বিষয়টি ধীরে ধীরে উদ্বেগজনক হয়ে উঠছে।”
মানুষের তুলনায় এআইয়ের অন্যতম বড় সুবিধা হলো নিজেদের মধ্যে শেখা তথ্য ও অভিজ্ঞতা ভাগাভাগি করার সক্ষমতা। মানুষকে সাধারণত নিজের অভিজ্ঞতা থেকে শিখতে হয়। কিন্তু এআইয়ের ক্ষেত্রে একই মডেলের হাজার হাজার অনুলিপি একসঙ্গে কাজ করতে পারে। প্রতিটি অনুলিপি আলাদাভাবে তথ্য বিশ্লেষণ করে নতুন কিছু শিখলে সেই জ্ঞান অন্য অনুলিপিগুলোর সঙ্গেও ভাগ করে নিতে পারে। ফলে খুব অল্প সময়েই বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ ও শেখা সম্ভব হয়।
বিষয়টি ব্যাখ্যা করে হিন্টন বলেন, “এখন একই সময়ে এআইয়ের ১০ হাজার অনুলিপি চালানো সম্ভব। প্রতিটি অনুলিপি হয়তো ধীরে কাজ করছে, কিন্তু তারা নিজেদের শেখা বিষয়গুলো একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারে। ফলে সম্মিলিতভাবে তারা অনেক বেশি তথ্য বিশ্লেষণ করতে পারে।”
হিন্টনের মতে, জ্ঞান বিনিময়ের এই সক্ষমতা ডিজিটাল বুদ্ধিমত্তাকে মানুষের বুদ্ধিমত্তার তুলনায় অনেক বেশি শক্তিশালী করে তুলতে পারে। একটি এআই এজেন্ট স্বাধীনভাবে কোনো কিছু শিখলে সেই জ্ঞান মুহূর্তেই অন্য হাজারো এজেন্টের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। ফলে প্রত্যেক এজেন্টকে আলাদাভাবে একই বিষয় শেখার প্রয়োজন হবে না। এভাবে সম্মিলিতভাবে শেখার সুযোগ এআইয়ের অগ্রগতির গতিকে বহুগুণ বাড়িয়ে দেবে। এআইয়ের ভবিষ্যৎ সক্ষমতা নিয়ে আরেকটি সম্ভাবনার কথা তুলে ধরেছেন হিন্টন। তার ধারণা, একসময় এআই মডেলগুলো মানুষের তৈরি তথ্যের ওপর নির্ভর না করেই নিজেদের শেখার ও উন্নত করার সক্ষমতা অর্জন করতে পারে।
এ প্রসঙ্গে হিন্টন গুগলের তৈরি গেম খেলার এআই ব্যবস্থা আলফাজিরোর উদাহরণ দেন। নিজের সঙ্গে নিজেই প্রতিদ্বন্দ্বিতা করে দাবাসহ বিভিন্ন খেলায় দক্ষতা অর্জন করেছিল আলফাজিরো। হিন্টনের মতে, একইভাবে ভাষাভিত্তিক এআই মডেলগুলো নিজেদের ধারণা ও বিশ্বাস যাচাই করতে পারবে। নিজেদের বক্তব্যের মধ্যে অসংগতি খুঁজে বের করে তা সংশোধনের মাধ্যমেও নতুন কিছু শিখতে পারবে তারা।
এসব ব্যবস্থা কারও সঙ্গে কথা না বলেও নিজের মতো কাজ করবে, চিন্তা করবে এবং নিজেদের আরও উন্নত করবে। উদ্বেগের বড় কারণ এটাই। কারণ, এআই একসময় মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে উঠলে তাদের চিন্তার ধরন ও নিজেদের মধ্যে যোগাযোগের প্রক্রিয়া মানুষের বোধগম্যতার বাইরে চলে যেতে পারে। তখন এআই কীভাবে কাজ করছে, কী তথ্য বিনিময় করছে কিংবা কীভাবে সিদ্ধান্ত নিচ্ছে, তা বোঝা কঠিন হয়ে পড়বে। ফলে উন্নত এআই ব্যবস্থার কর্মকাণ্ড পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা ভবিষ্যতে একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।