কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির উৎকর্ষের ফলে বর্তমানে নানা জটিল সামাজিক সমস্যা সমাধানের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। জনস্বাস্থ্যসেবা থেকে শুরু করে নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এআই ব্যবহারের ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই উদ্ভাবনী যাত্রায় অনুপ্রাণিত করতে গ্রামীণফোন দ্বিতীয়বারের মতো আয়োজন করল 'ফিউচারমেকারস' প্রতিযোগিতার।

তরুণ প্রজন্মের সৃজনশীল ভাবনা ও এআই-ভিত্তিক উদ্ভাবনী সমাধানগুলোকে উৎসাহিত করতে গত মঙ্গলবার র‍্যাডিসন ব্লু হোটেলে এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল ‘এআই ফর সোশ্যাল গুড’। এই প্রতিযোগিতায় দেশের ৭০টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে সাত হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেন এবং মোট ১ হাজার ১০৩টি ধারণাপত্র জমা দেওয়া হয়। শিক্ষার্থীরা মূলত সাতটি চ্যালেঞ্জিং বিষয়ের ওপর ভিত্তি করে তাদের এআই-নির্ভর আইডিয়াগুলো উপস্থাপন করেন। ডিজিটাল অন্তর্ভুক্তি ও শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানসিক সুস্থতা, দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ, জেন্ডার সমতা ও অন্তর্ভুক্তি, পরিবেশগত ভারসাম্য ও জলবায়ু প্রতিক্রিয়া এবং নিরাপত্তা, সুরক্ষা ও ডেটার গোপনীয়তার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে এআইয়ের প্রয়োগ নিয়ে তারা কাজ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়–বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানসহ প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তা, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি রেহান আসিফ আসাদ বলেন, ‘বিশ্বজুড়ে শিল্প খাত ও অর্থনীতিকে নতুন রূপ দিচ্ছে এআই। আমাদের তরুণেরা যেন এই রূপান্তরে অংশ নিতে প্রয়োজনীয় সরঞ্জাম, দক্ষতা ও সুযোগ পান, তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যাতে এআইয়ের সম্ভাবনার পূর্ণ ব্যবহার করতে পারে, এ জন্য আমাদের তরুণদের শুধু নতুন নতুন প্রযুক্তি শেখা ও গ্রহণের পাশাপাশি বাস্তব জগতের চ্যালেঞ্জ মোকাবিলায় সেগুলো কীভাবে প্রয়োগ করা যায়, সেদিকে উৎসাহিত করতে হবে। ফিউচারমেকারসের মতো উদ্যোগের মাধ্যমে তরুণেরা তাঁদের ভাবনা প্রকাশের সুযোগ পাচ্ছেন।’

বিটিআরসি চেয়ারম্যান মো. এমদাদ উল বারী বলেন, ‘তরুণ উদ্ভাবকেরা বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে এআই ব্যবহার করছেন, বিষয়টি সত্যিই উৎসাহব্যঞ্জক। দায়িত্বশীল উদ্ভাবন ও ডিজিটাল অন্তর্ভুক্তি নিয়ে আমাদের কাজ করতে হবে।’ অন্যদিকে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, ‘আমাদের তরুণদের অসাধারণ সৃজনশীলতা, মেধা ও উদ্ভাবনী চিন্তা রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেধাবী তরুণেরা এআই–চালিত ধারণা নিয়ে কাজ করছেন।’

প্রতিযোগিতায় বিজয়ী আইডিয়াগুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করে টিম লাবডাবের 'প্রজেক্ট ইকোক্লিপ'। তারা একটি এআই-চালিত ক্লিপ-অন ডিভাইসের ধারণা দিয়েছেন, যা সাধারণ স্টেথোস্কোপকে হৃদ্‌রোগের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণের যন্ত্রে রূপান্তর করতে পারে। এই দলের সদস্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আকিব আহমেদ প্রত্যয়, বিইউপি-র রায়া আদিবা আহমেদ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শাহরিয়ার আহমেদ। শাহরিয়ার আহমেদ বলেন, ‘আমাদের দলের সদস্য রায়ার বাবা ১৫ বছরের মধ্যে তিনবার হার্ট অ্যাটাক করেন। এসব শারীরিক সমস্যার তথ্য আগে থেকেই টের পাওয়া যায়। আমরা এ ক্ষেত্রে এআইকে কাজে লাগানোর কাজ করি। আমরা একটি এআই–চালিত ক্লিপ–অন ডিভাইস তৈরি করার পরিকল্পনা করেছি। এই এআই–চালিত ডিভাইস সাধারণ স্টেথোস্কোপকে হৃদ্‌রোগের সম্ভাব্য প্রাথমিক লক্ষণ শনাক্তকরণের যন্ত্রে রূপান্তর করে। এই যন্ত্রের মাধ্যমে অনেক মানুষের শারীরিক সমস্যা সমাধানে এআইকে আরও কার্যকরভাবে ব্যবহার করা যাবে।’

ফার্স্ট রানারআপের মর্যাদা পায় টিম রিভার সেন্টিনেল, যারা নদীভাঙনের পূর্বাভাস দেওয়ার জন্য একটি এআই-চালিত সিস্টেম তৈরি করেছে। এই সিস্টেমটি ঝুঁকিপূর্ণ এলাকা শনাক্ত করে মানুষকে আগাম সতর্কবার্তা দিতে সক্ষম। দলের সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-র সাকিব উল হাসান ও রুকাইয়াহ জাহান এবং আইইউটি-র আবদুল্লাহ আল ওয়াহিদ। আবদুল্লাহ আল ওয়াহিদ বলেন, ‘আমাদের দলের একেকজন একেক বিষয়ে পড়ছি। কেউ প্রকৌশলী, আবার কেউ ব্যবসায় পড়ছে। আমরা দেশের সমস্যা সমাধানের জন্য এআইকে ভিন্নভাবে ব্যবহারের জন্য এআই–নির্ভর এই প্রকল্প তৈরি করেছি। এখনকার বাস্তবতায় এআইকে যুক্ত না করলে আমরা বৈশ্বিক প্রতিযোগিতা থেকে পিছিয়ে থাকব। তাই এখন আইডিয়া আমাদের।’

দ্বিতীয় রানারআপ হয়েছে টিম জিনক্সড তাদের 'প্রজেক্ট স্পষ্ট এআই'-এর জন্য। এটি একটি স্পিচ-থেরাপি অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে বাড়িতেই কথা বলার অনুশীলন ও অগ্রগতি পরিমাপ করা সম্ভব। দলের সদস্য ছিলেন বিইউপি-র অরণ্য অভয়, আল দীন নূর মাধুর্য ও রাফিদ আহসান। আল দীন নূর মাধুর্য বলেন, ‘আমরা মানুষের সমস্যা সমাধানের জন্য এআইকে ব্যবহারের চেষ্টা করি। অনেকেই স্পিচ বা কথা বলার ক্ষেত্রে সমস্যায় পড়েন, এই সমস্যা সমাধানে আমরা এআইকে ব্যবহারের চেষ্টা করি। এআই দিয়ে আরেকটা ভালো কাজ করা যাবে, তা হচ্ছে ঢাকাকেন্দ্রিক স্বাস্থ্যসেবা দেওয়ার বদলে প্রত্যন্ত এলাকায় এআইয়ের মাধ্যমে কার্যকর স্বাস্থ্যসেবা দেওয়ার সুযোগ তৈরি হবে। আমরা সেই সুযোগকে বিস্তৃত করতেই এআই–নির্ভর এই আইডিয়া নিয়ে কাজ করেছি।’

সৃজনশীলতা ও উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ বিজয়ী দলগুলো যথাক্রমে তিন লাখ, দুই লাখ ও এক লাখ টাকা পুরস্কার পান। এছাড়া তারা গ্রামীণফোনের মেধা উন্নয়ন কর্মসূচি 'নেক্সট বিজনেস লিডার' এবং 'নেক্সটার্ন ইন্টার্নশিপ প্রোগ্রামে' সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পাবেন।