পরীক্ষাগারে কোনো নমুনা পরীক্ষা ছাড়াই কেবল চোখের দেখায় কাঁচামালকে ‘ভেজাল’ আখ্যা দিয়ে প্রায় এক কোটি টাকার সম্পদ ধ্বংস করার অভিযোগ উঠেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। এই ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে একটি ব্যবসাপ্রতিষ্ঠান লিখিত অভিযোগ দায়ের করেছে।
জামালপুরের মেলান্দহ উপজেলার সুন্সি নাংলা এলাকায় অবস্থিত গ্রিন বায়োটেকনোলজি নামের একটি উৎপাদন প্রতিষ্ঠান সহকারী পরিচালক মো. শরীফুল ইসলামের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে। গত রোববার সকালে প্রতিষ্ঠানটি অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি লিখিত আবেদন জমা দেয়। আবেদনে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষী কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ, জরিমানা করা টাকা ফেরত প্রদান এবং ধ্বংস করা কাঁচামালের আর্থিক ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
লিখিত অভিযোগের বিবরণ অনুযায়ী, গত বুধবার দুপুরে গ্রিন বায়োটেকনোলজির কারখানা পরিদর্শনে যান সহকারী পরিচালক শরীফুল ইসলাম। পরিদর্শনের সময় প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাঁকে কারখানার উৎপাদন প্রক্রিয়া এবং সংরক্ষণাগার ঘুরিয়ে দেখান। পরিদর্শনের এক পর্যায়ে তাঁর নজরে আসে প্রসাধনসামগ্রী তৈরির জন্য সংরক্ষিত কিছু কাঁচামাল। প্রতিষ্ঠানটির দাবি, ওই কাঁচামালগুলো নিজস্ব মান নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষাগারে পুনঃপরীক্ষার (রিটেস্টিং) আওতায় ছিল। প্রতিটি পাত্রে ‘রিটেস্টেড’ লেবেল লাগানো ছিল এবং সেগুলোর মেয়াদের তারিখও অতিক্রান্ত হয়নি। তবে অভিযোগ করা হয়েছে যে, কোনো নমুনা সংগ্রহ বা পরীক্ষাগারে যাচাই না করেই ওই কর্মকর্তা কাঁচামালগুলোকে ‘ভেজাল’ হিসেবে ঘোষণা করেন। এরপর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪১ ধারার অধীনে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং প্রায় এক কোটি টাকার কাঁচামাল ধ্বংস করা হয়।
প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়ক (ইনচার্জ) মো. নজরুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, ‘আমরা তাঁকে কাঁচামালগুলো সরকারি বা অন্য কোনো স্বীকৃত পরীক্ষাগারে পরীক্ষা করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছিলাম। কিন্তু তিনি সে সুযোগ দেননি। কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই তাৎক্ষণিকভাবে দুই লাখ টাকা জরিমানা পরিশোধে আমাদের বাধ্য করা হয়। এমনকি জরিমানার সুনির্দিষ্ট আইনগত ভিত্তি ও পূর্ণাঙ্গ লিখিত আদেশও আমাদের দেওয়া হয়নি।’
নজরুল ইসলাম আরও অভিযোগ করেন যে, কারখানা সিলগালা করা, গ্রেপ্তার করা এবং এক বছরের কারাদণ্ডের ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে ফাঁকা ও অসম্পূর্ণ ফরমে স্বাক্ষর নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমাদের বিভিন্ন পণ্যের জন্য সংরক্ষিত প্রায় এক কোটি টাকার কাঁচামাল জোর করে ধ্বংস করা হয়েছে। এতে প্রতিষ্ঠানের বড় ধরনের আর্থিক ক্ষতির পাশাপাশি সুনামও ক্ষুণ্ন হয়েছে।’
গ্রিন বায়োটেকনোলজির দাবি, তাদের উৎপাদিত প্রতিটি পণ্যের বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) বৈধ লাইসেন্স রয়েছে। প্রতিটি পণ্য পরীক্ষাগারে মান যাচাইয়ের পরই বাজারজাত করা হয়। এছাড়া তাদের অধিকাংশ পণ্য বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) মাধ্যমে ডার্মাটোলজিক্যালি পরীক্ষিত।
এই অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, ‘আমি ওই কারখানায় গিয়ে কাঁচামালগুলো মেয়াদোত্তীর্ণ অবস্থায় পেয়েছি। মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহারের সুযোগ নেই। ফলে কাঁচামালগুলোর পরীক্ষা করা হয়নি। আমি কোনো জব্দ তালিকা করিনি। কাঁচামালগুলো ধ্বংস করিয়েছি। তবে কোনো ফাঁকা ফরমে স্বাক্ষর আদায় করিনি। সেখানে কাউকে গ্রেপ্তারের হুমকিও দিইনি।’
চোখের দেখায় কীভাবে কাঁচামালে ভেজাল বুঝলেন, এমন প্রশ্নের জবাবে শরীফুল ইসলাম বলেন, কিছু জিনিস চোখের দেখায় বোঝা যায়, আবার কিছু জিনিস পরীক্ষার প্রয়োজন হয়। মেয়াদ নিয়ে আপত্তি থাকলে পরীক্ষার মাধ্যমে বিষয়টি সমাধান করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।