দেশের ৩৭টি জেলায় ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকিতে বড় ধরনের অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই অভিযানে অনিয়মের দায়ে মোট ৯৯টি প্রতিষ্ঠানকে ৯ লাখ ৯১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা মহানগরসহ দেশের মোট ৩৭টি জেলায় একযোগে এই অভিযান পরিচালিত হয়। অধিদপ্তরের পক্ষ থেকে মোট ৫০টি দল গঠন করে পাইকারি ও খুচরা বাজারে এই তদারকি কার্যক্রম চালানো হয় বলে জানা গেছে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বর্তমান মূল্য এবং সরবরাহ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি বাজারে বিদ্যমান বিভিন্ন অনিয়ম প্রতিরোধ করার লক্ষ্যেই এই অভিযান চালানো হয়েছে। অভিযানে যেসব অনিয়ম ধরা পড়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো— নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রি করা, হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শনে ব্যর্থতা, ওজন ও পরিমাপে কারচুপি করা, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি এবং নকল ও ভেজাল পণ্য উৎপাদন ও বিপণন করা।
পণ্য বিক্রির পাশাপাশি হোটেল ও রেস্তোরাঁগুলোতে সংশ্লিষ্ট বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, সে বিষয়েও কঠোর তদারকি করা হয়েছে এই অভিযানে।
অভিযান চলাকালীন অধিদপ্তরের কর্মকর্তারা ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা দিয়েছেন যেন তারা বাজারে কৃত্রিম সংকট তৈরি না করেন, অযৌক্তিকভাবে পণ্য মজুত না করেন এবং সরবরাহে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করেন। একই সঙ্গে দোকানের দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, বাজারে শৃঙ্খলা বজায় রাখা, পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং স্বাভাবিক সরবরাহ অব্যাহত রাখতে এ ধরনের অভিযান আগামীতেও নিয়মিতভাবে চালানো হবে।