মেয়াদ শেষ হয়ে যাওয়া বিভিন্ন উপাদান ও রাসায়নিক ব্যবহার করে কসমেটিকস পণ্য উৎপাদন করায় বায়োজিন নামক প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তদন্তে দেখা গেছে, প্রতিষ্ঠানটি প্রায় ছয় মাস আগে মেয়াদ শেষ হয়ে যাওয়া কেমিক্যাল ব্যবহার করে প্রসাধনী সামগ্রী তৈরি করছিল। এসব ক্ষতিকর পণ্য রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে থাকা বায়োজিনের ২৪টি শাখায় বিক্রি করা হচ্ছিল। শুধু অফলাইন শোরুম নয়, প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজের মাধ্যমে অনলাইনেও এসব পণ্য বাজারজাত করছিল।

গত বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলায় অবস্থিত বায়োজিনের পণ্য উৎপাদনকারী কারখানা ‘গ্রীন বায়োটেকনোলজি’-তে একটি আকস্মিক অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়। এই অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম। অভিযানে সহায়তার জন্য আনসার ব্যাটালিয়নের তিন সদস্যের একটি দল সাথে ছিল। কারখানার ভেতরে মেয়াদোত্তীর্ণ কাঁচামালের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম বলেন, “বায়োজিনের কারখানায় এসে যা দেখলাম, তা অবিশ্বাস্য। যেসব রাসায়নিক ব্যবহার করে পণ্য তৈরি করা হচ্ছে, সেগুলোরই মেয়াদ নেই। এতে ভোক্তাদের অধিকার ক্ষুণ্ন হয়েছে।”

তিনি আরও জানান, কারখানা পরিদর্শনের সময় বেশ কিছু রাসায়নিক ও কাঁচামাল পাওয়া গেছে যেগুলোর মেয়াদ ছয় মাস থেকে এক বছর আগেই শেষ হয়ে গিয়েছিল। জব্দ করা এসব ক্ষতিকর কাঁচামাল দ্রুত ধ্বংস করা হবে বলে তিনি জানান। শরিফুল ইসলাম আরও উল্লেখ করেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারা অনুযায়ী এই ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে যেন কোনোভাবেই মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহার করা না হয়, সে বিষয়ে প্রতিষ্ঠানটিকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানতে বায়োজিনের হটলাইনে যোগাযোগ করা হলে শাপলা নামের একজন প্রতিনিধি মুক্তকণ্ঠকে বলেন, “আমরা বিষয়টি অবগত রয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেব।”

কারখানায় মেয়াদোত্তীর্ণ উপাদান ও কেমিক্যাল পাওয়া গেছে কি না এবং জরিমানা করা হয়েছে কি না—এ বিষয়ে জানতে চাইলে ওই প্রতিনিধি সরাসরি উত্তর এড়িয়ে যান। তিনি বলেন, “এ বিষয়ে আমাদের বিস্তারিত বলার সুযোগ নেই। আমরা পরবর্তীতে আইনানুগ পদক্ষেপ নেব।”