গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই ঘটনার ভিডিও পোস্ট করে উল্লাস করার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম জয়নাল মুন্সী ওরফে জিসান (২৮)।

গতকাল রোববার রাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, জয়নাল মুন্সীর পৈতৃক নিবাস নগরকান্দার চরযশোরদী গ্রামে হলেও মুকসুদপুর উপজেলা সদরেও তাঁর পরিবারের আরেকটি বাড়ি রয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নগরকান্দার পুরাপাড়া গ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।

নগরকান্দা থানা পুলিশ আরও জানায়, জয়নাল মুন্সী প্রায় এক মাস আগে পুরাপাড়া এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালানোর অভিযোগে করা একটি মামলায় অভিযুক্ত ছিলেন। বিশেষ অভিযান চালিয়ে গতকাল রাত দুইটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁর মুঠোফোন তল্লাশি করে পুলিশ জানতে পারে, গত ১৯ নভেম্বর দুপুর ১২টার দিকে মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তিনি সরাসরি জড়িত ছিলেন। শুধু তাই নয়, তিনি ফেসবুকে ওই ধ্বংসযজ্ঞের ভিডিও শেয়ার করে উল্লাস প্রকাশ করেছিলেন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল সামদানি আজাদ মুক্তকণ্ঠকে বলেন, “জয়নাল মুন্সীকে নগরকান্দা থানায় করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁকে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

অন্যদিকে, মুকসুদপুর থানায় হামলার ঘটনায় আইনি পদক্ষেপের বিষয়ে গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমান সাংবাদিকদের জানান, মুকসুদপুর থানায় ভাঙচুর ও হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি। থানার বর্তমান অচলাবস্থা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগছে। তবে থানা ভাঙচুরের ঘটনায় পুলিশ নিজেই বাদী হয়ে মামলা দায়ের করবে।

জয়নাল মুন্সীর গ্রেপ্তারের বিষয়ে নাফিছুর রহমান বলেন, “নগরকান্দা থানায় যে যুবক গ্রেপ্তার হয়েছেন, তাঁর বিরুদ্ধে মুকসুদপুর থানা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে বলে শুনেছি।”