গোপালগঞ্জ শহরের ভেতরে পুলিশ ও বিজিবির যৌথ টহল কার্যক্রম চলাকালীন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের দেশি অস্ত্র হাতে স্লোগান দিতে দেখা গেছে। এমনকি টহল দলের গাড়িবহরের পেছনে মোটরসাইকেলে করেও তাঁদের হাতে দেশি অস্ত্রশস্ত্র লক্ষ্য করা গেছে।

আজ বৃহস্পতিবার বেলা ১টা ২০ মিনিটের দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে পুলিশ ও বিজিবির সদস্যরা অন্তত ২০টি গাড়িতে করে একযোগে টহলে বের হন। এই টহল শুরু হওয়ার পর থেকেই গাড়িবহরের পেছনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের দেশি অস্ত্রসহ বাইকে দেখা যায়।

টহল দলটি যখন শহরের লঞ্চঘাট এলাকায় পৌঁছায়, তখন সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা উচ্চস্বরে স্লোগান দিতে শুরু করেন। এরপর ভিড়ের মধ্য দিয়ে কয়েকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িগুলোকে পার করে দেন। সেই সময়ে অনেকের হাতেই রামদা, হকিস্টিক, কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র দেখা যায়। তাঁরা সেই অস্ত্রগুলো উঁচিয়ে নানা স্লোগান দেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও স্লোগান দেওয়ার আহ্বান জানান।

এমনকি কয়েকজন সদস্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল গাড়ির পেছনে উঠে পড়েন এবং তাঁদের উদ্দেশ্য করে বারবার অস্ত্র প্রদর্শন করেন। তবে পুলিশ ও বিজিবির সদস্যরা এই পুরো ঘটনায় কোনো প্রতিক্রিয়া দেখাননি।

অন্যদিকে, সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে গোপালগঞ্জ শহরের বিভিন্ন মোড়ে দেশি অস্ত্র হাতে অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। এই পরিস্থিতির কারণে শহরের সব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের কোনো উপস্থিতি দেখা যায়নি। অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোও ফাঁকা পড়ে আছে। দুপুরে দেখা গেছে অনেক বিদ্যালয়ে আগে থেকেই তালা ঝোলানো ছিল।

মহাসড়ক থেকে শহরের ভেতরে প্রবেশের রাস্তায় গাছের গুঁড়ি, গাছ ও বৈদ্যুতিক খুঁটি ফেলে এবং টায়ার ও কাঠ জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাঁরা গতকাল বুধবার সন্ধ্যার পর গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবরের মালিকানাধীন ক্লিনিকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এছাড়া রাতে জেলা ছাত্রদলের সদস্যসচিব শাওনের ভাই মো. সাজিদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

আজ বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর এলাকায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যার বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের পর অগ্নিসংযোগ করেন নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা। এর আগে মহেশপুর ইউনিয়নের জয়নগর বাজারে সংসদ সদস্যের ভাই হাফিজ মোল্যার দোকানসহ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

দুপুর সোয়া বারোটার দিকে গোপালগঞ্জ সদরে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জুর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। পাশাপাশি দুপুরে তাঁরা মুকসুদপুর থানায় হামলা ও ভাঙচুর চালান।

সার্বিক পরিস্থিতির বিষয়ে জানতে গোপালগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজ ও পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাঁরা কল রিসিভ করেননি।