গোপালগঞ্জ জেলায় সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ মোড়, সরকারি স্থাপনা এবং জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করতে টহল বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের কোনো ধরনের মহড়া বা কর্মসূচি শহরে পরিলক্ষিত হয়নি, ফলে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আজ সকাল থেকেই গোপালগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট যেমন—ঘোনাপাড়া মোড়, এলজিইডি মোড়, বেদগ্রাম, পুলিশ লাইনস মোড়, যুগশিখা মোড়, জজকোর্টের সামনে, জেলা প্রশাসকের বাসভবন এবং স্বর্ণকলি উচ্চবিদ্যালয়ের সামনে পুলিশ সদস্যদের মোতায়েন দেখা গেছে। পাশাপাশি গোপালগঞ্জ-পাটগাতী সড়ক, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং কোর্ট এলাকায় বিজিবির সাঁজোয়া যান (এপিসি) নিয়মিত টহল প্রদান করছিল।
শহরের ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং বিপণিবিতানগুলো খোলা আছে। দূরপাল্লার বাসসহ আন্তজেলা গণপরিবহনগুলোও নিয়মিতভাবে চলাচল করছে।
সকালে শহরের বাজার মোড় এলাকায় মোটরসাইকেলচালক রুবেল মুন্সীর সঙ্গে কথা হয়। তিনি মুক্তকণ্ঠকে বলেন, ‘আজ টহল একটু বেশি মনে হচ্ছে। তাই প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স সঙ্গে নিয়েই বের হয়েছি।’
উল্লেখ্য যে, গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দ্বারা বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটেছিল। সেই সময় তাঁদের অনেকের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্র ছিল। ওই মহড়ার সময় পুলিশের একটি সাঁজোয়া যান ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। এছাড়া জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন নিষিদ্ধ দলটির নেতা–কর্মীরা।
ওই দিন সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাড়ি, দোকানপাট এবং উপজেলা যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই রাতে টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সর্বশেষ গতকাল সোমবার বেলা ১১টার দিকে মিছিল নিয়ে তালা ভেঙে টুঙ্গিপাড়ায় দলীয় কার্যালয়ে সভা করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা।
সোমবার বিকেলে ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান এক সংবাদ সম্মেলনে বলেন, “গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে।” তিনি সাধারণ মানুষকে শান্ত থাকার অনুরোধ জানান এবং গুজবে কান না দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।