ফরিদপুরের নগরকান্দায় এক বাড়িতে অভিযান চালিয়ে দুই শতাধিক লগি ও বৈঠা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার পর বাড়ির মালিক বাঁকা মাতুব্বরকে আটক করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চরযশোরদী ইউনিয়নের দহিসারা গ্রামে অবস্থিত বাঁকা মাতুব্বরের বাড়িতে পুলিশ এই অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, উপজেলা বিএনপির উদ্যোগে নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। পুলিশ জানতে পারে যে, ওই মিছিলে হামলার উদ্দেশ্যে বিপুল পরিমাণ লগি ও বৈঠা মজুত করা হচ্ছে। এই সংবাদের ভিত্তিতেই গোপন অভিযান চালানো হয় এবং বাঁকা মাতুব্বরের বাড়ি থেকে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করা হয়। অভিযান চলাকালীন পুলিশ বাড়ির মালিককে আটক করে থানায় নিয়ে যায়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”